মাগুরায় উন্নয়নকাজ বন্ধ করে দিয়েছে ছাত্র ও যুবলীগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা কেন্দ্রীয় বাস টার্মিনালের দেড় কোটি টাকার উন্নয়নকাজ বন্ধ করে দিয়েছেন স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা। দরপত্র-প্রক্রিয়ায় অস্বচ্ছতার অভিযোগ এনে প্রায় আড়াই মাস আগে তাঁরা কাজ বন্ধ করে দেন। তবে পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দরপত্র-প্রক্রিয়ায় অস্বচ্ছতা থাকার অভিযোগ অস্বীকার করেছেন।কাজ বন্ধ করে দেওয়ায় দুর্ভোগে পড়েছেন পৌরবাসী। ঠিকাদারেরা টার্মিনালের বেশির ভাগ অংশের ইটের রাস্তা থেকে ইট তুলে নেওয়ায় সেখানে ধুলাবালু-কাদামাটিতে একাকার। যাত্রীরা কাউন্টারে গিয়ে সমস্যায় পড়ছে। হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে।জানা গেছে, জেলা শহর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মাগুরা শহরের পারনান্দুয়ালীতে কেন্দ্রীয় বাস টার্মিনাল উন্নয়নের জন্য এক কোটি ৫২ লাখ ৩৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়। এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও বাংলাদেশ সরকারের অর্থায়নে ওই প্রকল্প বাস্তবায়িত হওয়ার কথা। টার্মিনালের অভ্যন্তরে ইটের রাস্তার পরিবর্তে পিচের পাকা রাস্তা এবং সাড়ে ৩০০ মিটার নর্দমা নির্মাণের জন্য গত ২৪ মে দুই গ্রুপে (শ্রেণী) দরপত্র আহ্বান করা হয়। সর্বনিম্ন দরদাতা হিসেবে একটি গ্রুপের কাজ পায় ঝিনাইদহের মেসার্স লিটন ট্রেডার্স। অন্য গ্রুপের কাজ পায় মাগুরার মেসার্স অন্তি এন্টারপ্রাইজ। গত ৫ আগস্ট ওই উন্নয়নকাজের কার্যাদেশ দেওয়া হয়। দুই ঠিকাদারি প্রতিষ্ঠান ১১ আগস্ট কাজ শুরু করে। আনুষ্ঠানিকভাবে কাজের উদ্বোধন করেন মাগুরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায়। ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা। কিন্তু কাজ শুরুর পরদিন ছাত্র ও যুবলীগের নামধারী ১০-১৫ জন ব্যক্তি টার্মিনালে গিয়ে কাজ বন্ধ করে দেন।ঠিকাদারদের বক্তব্য: অন্তি এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, ‘আমি বিএনপি করি। জেলা যুবদলের সভাপতি। কিন্তু আমি প্রথম শ্রেণীর ঠিকাদার। সর্বনিম্ন দরদাতা হিসেবে ওই কাজ পাই। এ অবস্থায় ক্ষমতাসীন দলের লোকজন কাজ বন্ধ করে দেওয়ায় ব্যবসায়িকভাবে আমি দারুণ ক্ষতির সম্মুখীন।’ অন্য ঠিকাদারি প্রতিষ্ঠান লিটন ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. মিজানুর রহমান বলেন, ‘আমি একজন প্রথম শ্রেণীর ঠিকাদার। কোনো রাজনৈতিক দল করি না। কিছু সশস্ত্র যুবক নির্মাণকাজ বন্ধ করে দিয়েছে। আমি ঘটনাস্থলে ছিলাম না। তাই তারা কারা, আমি সুনির্দিষ্ট করে বলতে পারব না।’অভিযোগের জবাব: অভিযোগ প্রসঙ্গে জেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক প্রথম আলোকে বলেন, ‘দরপত্র-প্রক্রিয়ায় অস্বচ্ছতা ছিল। দরপত্রে টার্মিনালে যে ইট বিছানো আছে তা “স্টেটমেন্টে” ধরা হয়নি। এখানে কমপক্ষে ৫০ লাখ টাকার ইট আছে। যে কারণে এই দরপত্র অনুযায়ী কাজ হলে সরকারের কমপক্ষে ৫০ লাখ টাকার ক্ষতি হবে। ফলে ওই কাজ বন্ধ করে দিয়েছি।’জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, ‘সংগঠনের কিছু ছেলে ওই কাজ বন্ধ করে দিয়েছে। টার্মিনালটি ছাত্রলীগের ওই সব নেতার বাড়ির কাছে হওয়ায় তাঁরা চাঁদাবাজি ও নির্মাণকাজে যুক্ত হয়ে সুবিধা নেওয়ার জন্যই এ কাজ করেছেন। এতে মানুষের দুর্ভোগ বেড়েছে।’অনিয়ম হয়নি: মাগুরা পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র তপন কুমার রায় প্রথম আলোকে বলেন, ‘যথাযথ নিয়ম-কানুন মেনে সঠিক প্রক্রিয়ায় দরপত্র আহ্বানের মাধ্যমে ঠিকাদার নির্বাচন করা হয়েছে। সর্বনিম্ন দরদাতা হিসেবে দুই গ্রুপের কাজ দুজন ঠিকাদার পেয়েছেন। ওই ঠিকাদার আওয়ামী লীগ, বিএনপি না জাতীয় পার্টি তা আমাদের দেখার বিষয় নয়। আমরা জানতে পেরেছি, সশস্ত্র লোকজন কাজ বন্ধ করে দিয়েছে। যেদিন ওই উন্নয়নকাজ বন্ধ করে দেওয়া হয়, ওই দিনই যুবলীগের এক কর্মী ও তার সহযোগীরা আমাদের অফিসে এসে কিছু গুরুত্বপূর্ণ দাপ্তরিক কাগজপত্র ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় আমরা জিডিও করেছি।’ তিনি আরও বলেন, ‘এ বিষয়ে আমরা এখনো ঠিকাদারকে কিছু বলছি না। কারণ কাজ করার জন্য দরপত্রে তাঁদের নির্দিষ্ট সময়সীমা রয়েছে। ওই সময় অতিক্রম করলে আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’ মাগুরা পৌরসভার সহকারী প্রকৌশলী ও তত্ত্বাবধায়ক আহ্সান বারী প্রথম আলোকে বলেন, বাস টার্মিনালের উন্নয়নকাজ শেষ হতে কমপক্ষে দুই-তিন মাস লাগবে। কাজ শুরুর পরই বন্ধ হয়ে যাওয়ায় পৌরসভা বড় ধরনের ক্ষতির আশঙ্কায় পড়েছে। কারণ এ বছরের ডিসেম্বরে মধ্যে কাজ শেষ করতে না পারলে প্রকল্পের টাকা ফেরত চলে যাবে। তখন এই খাতে দু-এক বছরের মধ্যে আর বরাদ্দ পাওয়ার সম্ভাবনা নেই।দুর্ভোগ: বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, ইট তুলে নেওয়ায় এখানে-ওখানে কাঁদাপানি। যাত্রীদের দুর্ভোগের শেষ নেই। বাসচালক আতিয়ার রহমান বলেন, ‘টার্মিনালে বাস ঢুকতে না পারায় রাস্তার ওপর যাত্রী ওঠাতে হচ্ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।’ সোহাগ পরিবহনের মাগুরার ব্যবস্থাপক শফিকুল হাবিব বলেন, ‘টার্মিনালের উন্নয়নকাজ শুরু হওয়ায় আমরা খুশি হয়েছিলাম। কাজ বন্ধ হয়ে যাওয়ায় আমরা দুর্ভোগে পড়েছি।’ টার্মিনালের নিকটবর্তী পারনান্দুয়ালী গ্রামের বাসিন্দা শাকুরুল ইসলাম বলেন, টার্মিনালের ভেতরে গাড়ি, ভ্যান-রিকশা ঢোকে না। চরম দুরবস্থা।