ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের ভোগান্তির কথা বিবেচনা করে আগামী ২০ নভেম্বর পর্যন্ত পরিবহন ধর্মঘট স্থগিত করেছে দক্ষিণ-পশ্চিমাঞ্চল পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। ঐক্য পরিষদের আহ্বায়ক এ এস এম শাহ আলম গতকাল বৃহস্পতিবার বিকেল পাঁচটার দিকে এ ঘোষণা দেন।এই ঘোষণার পর গতকাল সন্ধ্যা থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় বাস-ট্রাক চলাচল শুরু হয়েছে। ধর্মঘটের সময় পরিবহন চালানোর কারণে মাগুরায় একাধিক চালককে মারধর করেছেন শ্রমিকেরা। যশোরে শ্রমিকেরা বিআরটিসির ঢাকা-কলকাতাগামী শীততাপ নিয়ন্ত্রিত বাস ভাঙচুর করেছেন। গত ১৩ আগস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকায় চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষে খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন। এ ঘটনায় ওই বাসের চালক জামির হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। মামলা করে ৩০২ ধারায়। জামির বর্তমানে মানিকগঞ্জ কারাগারে। চালক জামিরের মুক্তি, ৩০২ ধারায় জামিরের বিরুদ্ধে করা মামলা বাতিল, ডিলাক্স পরিবহনের আটক বাসটি মুক্ত এবং নসিমন-করিমন চলাচল বন্ধসহ বিভিন্ন দাবিতে দক্ষিণ-পশ্চিমাঞ্চল পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ গত বুধবার ভোর থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু করে। বিরিয়ানি খাওয়ার পর স্থগিত: গতকাল বেলা ১১টার দিকে যশোর শহরের চাঁচড়ার চেকপোস্ট এলাকায় শ্রমিক ভবনে বৈঠক করেন ঐক্য পরিষদের নেতারা। এতে খুলনা ও বরিশাল বিভাগের অন্তত ৫৩টি শ্রমিক সংগঠন ও ৩০টি পরিবহন মালিক সমিতির নেতারা যোগ দেন বলে জানান যশোর জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মিজানুর রহমান। বৈঠক সূত্র জানায়, পরিবহন ধর্মঘট অব্যাহত রাখা নিয়ে সভার শুরুতে দ্বিধাবিভক্ত হয়ে পড়ে মালিক ও শ্রমিক পক্ষ। শ্রমিক নেতারা চালক জামির ও তাঁর চালানো বাসটিকে না ছাড়া পর্যন্ত ধর্মঘট প্রত্যাহার না করার পক্ষে মত দেন। অপরদিকে পরিবহন মালিক নেতারা আসন্ন ঈদুল আজহার কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহারের পক্ষে মত দেন। বেলা তিনটার দিকে বৈঠকে বিরতি দিয়ে কাচ্চি বিরিয়ানি খান মালিক ও শ্রমিক নেতারা। খাওয়ার পর আবার বৈঠকে বসে উভয় পক্ষ যাত্রীসাধারণের দুর্ভোগের কথা বিবেচনা করে ধর্মঘট প্রত্যাহারে সম্মত হয়।মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের আহ্বায়ক শাহ আলম প্রথম আলোকে বলেন, ঈদের আগে ৩ নভেম্বরের মধ্যে চালক জামিরকে মুক্তি দিতে হবে। নইলে আগামী ২০ নভেম্বর থেকে আবার এ অঞ্চলের ২১টি জেলায় পরিবহন ধর্মঘট শুরু হবে।ধর্মঘট চলাকালে নেতাদের বাসযাত্রা: এর আগে পরিবহন ধর্মঘট চলাকালে ফরিদপুরের পরিবহন মালিক ও শ্রমিকদের অন্তত ৩৫ জন নেতা গোল্ডেন লাইন পরিবহনের অত্যাধুনিক একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-৫৮২৩) চড়ে ১২০ কিলোমিটার পথ অতিক্রম করে ফরিদপুর থেকে যশোর যান। ঐক্য পরিষদের আহ্বায়ক শাহ আলম ঢাকা থেকে বিমানের একটি নিয়মিত ফ্লাইটে চড়ে যশোর এসে ওই সভায় যোগ দেন।চালকদের মারধর করলেন শ্রমিকেরা: গতকাল সকাল থেকে পরিবহন শ্রমিকেরা মাগুরা শহরের ঢাকা রোড বাসস্ট্যান্ড এবং পারনান্দুয়ালি কেন্দ্রীয় বাস টার্মিনালের সামনে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে মহাসড়কে যান চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি করেন। তাঁরা বিভিন্ন মাইক্রোবাস, পণ্যবাহী ট্রাক ও নসিমন-করিমন আটকে যাত্রীদের নামিয়ে দেন এবং চালকদের মারধর করেন। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাগুরায় এ প্রতিবেদকের সামনে অন্তত আটজন চালককে থাপড়, কিল-ঘুষি মেরেছেন শ্রমিকেরা। গন্তব্যে যাওয়ার সুযোগ করে দিতে অনেক যাত্রীকে কান্নাকাটি এমনকি উপস্থিত শ্রমিকদের হাতে-পায়ে ধরতে দেখা গেছে। কয়েকজন শ্রমিক গোপনে আর্থিক সুবিধা নিয়ে কয়েকটি মাইক্রোবাস ও প্রাইভেটকার যেতে দিয়েছেন। রিক্তা সাহা নামের এক প্রসূতি নারী যন্ত্রণায় কাতরাতে কাতরাতে বলেন, ‘চিকিৎসক দেখাতে ফরিদপুর যাচ্ছিলাম। গাড়ি পাইনি। ইছাখাদা বাজার থেকে অনেক কষ্টে বেশি টাকা দিয়ে এই নসিমনে উঠি। কিন্তু স্ট্যান্ডে আসার পর শ্রমিকেরা নসিমন আটকে দেয় এবং আমার ঘাড় ধরে নামিয়ে দেয়।’বিআরটিসির ঢাকা-কলকাতা বাস ভাঙচুর: কলকাতা থেকে ছেড়ে আসা বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থার (বিআরটিসি) ঢাকাগামী একটি শীতাতপনিয়ন্ত্রিত বাস দুপুরে পুলিশের পাহারায় চাঁচড়ার শ্রমিক ভবনের সামনে পৌঁছায়। বাসটির তত্ত্বাবধায়ক নির্মল কুমার ঘোষ প্রথম আলোকে বলেন, ‘বাসটি চাঁচড়ায় পৌঁছানো মাত্র সেখানে থাকা পরিবহন শ্রমিকেরা অতর্কিত বাসের সামনের গ্লাস ভাঙচুরের চেষ্টা করেন। তাঁরা বাসের দরজার গ্লাস ভাঙচুর করেন। এতে ভাঙা গ্লাসে যাত্রীদের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্য রফিকুল ইসলামের হাত কেটে যায়। তাঁর হাতে ব্যান্ডেজ দেওয়া হয়েছে। এ সময় শ্রমিকেরা বাসটির চালক আমির হোসেন ও আমাকে মারতে উদ্ধত হলে যাত্রীরা রক্ষা করেন।’ এ ব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল হোসেন বলেন, বাসটি পুলিশের নিরাপত্তার মধ্যে থাকলেও শ্রমিকদের প্রতিরোধ করার মতো পরিস্থিতি ছিল না। ভাঙচুরের ব্যাপারে বিআরটিসির পক্ষ থেকে মামলা দেওয়া হবে বলে বাসের তত্ত্বাবধায়ক জানিয়েছেন। এদিকে ধর্মঘটের সময় শ্রমিকেরা লাঠিসোঁটা নিয়ে যশোর-খুলনা মহাসড়কে অবস্থান নেওয়ায় অনেক পণ্যবাহী ট্রাক সড়কের রাজারহাট মোড়ে দাঁড়িয়ে ছিল।ধর্মঘটে ক্রিকেট খেললেন শ্রমিকেরা: গতকাল বেলা একটার দিকে বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, টার্মিনালের মূল ফটকে পুলিশ পাহারা দিচ্ছে। ভেতরের সব বাস কাউন্টার বন্ধ। বাসচালকের সহকারী ও অন্য শ্রমিকেরা ক্রিকেট খেলছেন। শ্রমিক সবির হোসেন বলেন, ধর্মঘট চলায় কাজ না থাকায় তাঁরা ক্রিকেট খেলে সময় কাটাচ্ছেন।লঞ্চঘাটে ভিড়: ধর্মঘট চলার সময় গতকাল বরিশাল নৌবন্দরে ভিড় দেখা গেছে। তারা ঢাকা, চাঁদপুর, চট্টগ্রামসহ বিভিন্ন গন্তব্যে যেতে লঞ্চের জন্য অপেক্ষা করছিল। দৌলতদিয়ায় এসে আটকা: ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত সানাউল্লাহ মিয়া ও তাঁর ছেলের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গায়। বাড়িতে জরুরি কাজে দুপুরের মধ্যে পৌঁছানোর কথা বলে গতকাল ভোরে ঢাকার গাবতলী থেকে ভেঙে ভেঙে যানবাহনে করে পাটুরিয়া ঘাটে পৌঁছান। সেখান থেকে লঞ্চে করে পৌঁছান দৌলতদিয়া ঘাটে। কিন্তু দৌলতদিয়া থেকে সরাসরি কোনো বাস না চলায় সমস্যায় পড়েন তাঁরা। ধর্মঘটের কারণে তাঁর মতো এমন অনেকে গতকাল সমস্যায় পড়েন।[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন পান্না বালা, ফরিদপুর; সাইফুর রহমান, বরিশাল; কবির হোসেন, মাগুরা; মনিরুল ইসলাম, যশোর; রাশেদ রায়হান, গোয়ালন্দ (রাজবাড়ী)]