মাগুরায় গতকাল মঙ্গলবার ছাত্রলীগের দুই পক্ষে দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এ সময় মাথায় গুলিবিদ্ধ হয়ে ছাত্রলীগের কর্মী আজাদ শেখ (২০) নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে সংঘর্ষ হয়েছে বলে জানা গেছে।মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় ব্র্যাক কার্যালয়ের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের কাছে এ সংঘর্ষ হয়। এ সময় অন্তত নয়টি গুলি ও চারটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। পুলিশ কাঁদানে গ্যাসের শেল ছুড়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়।পুলিশ সূত্রে জানা গেছে, মাগুরা সাব-রেজিস্ট্রি অফিস থেকে মাসে ৪০ হাজার টাকা করে নিয়মিত চাঁদা নেয় জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলাম ও সহসভাপতি রুহুল আমীনের পক্ষ। এত দিন ওই চাঁদার পরিমাণ কম দেখিয়ে ভাগ-বাঁটোয়ারা করতেন সভাপতি রেজাউল। এ নিয়ে গতকাল রেজাউল ও রুহুলের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়। দুপুর ১২টার দিকে বিষয়টি নিয়ে পারনান্দুয়ালী এলাকায় রেজাউলের বাড়িতে বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে রেজাউল ও রুহুলের মধ্যে হাতাহাতি থেকে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে দুজনের সমর্থক ও স্বজনেরা যোগ দেন। দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে অন্তত নয়টি গুলি ও চারটি ককটেলের বিস্ফোরণ হয়। এ সময় স্থানীয় একটি চালকল ভাঙচুর করা হয়। সংঘর্ষের একপর্যায়ে মাথায় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন রেজাউলের পক্ষের কর্মী আজাদ। পরে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। পারনান্দুয়ালী এলাকার আকবর শেখের ছেলে আজাদ মাগুরা সরকারি কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। মাগুরা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে তাঁর লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।খবর পেয়ে পুলিশ দুপুর সাড়ে ১২টার দিকেই ঘটনাস্থলে পৌঁছায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে তারা অন্তত পাঁচটি কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। তবে পুলিশের উপস্থিতিতেই উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।তবে মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, সাব-রেজিস্ট্রি অফিস থেকে পাওয়া চাঁদার টাকার ভাগাভাগি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়েছে বলে তিনি শুনেছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি।মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, সাব-রেজিস্ট্রি অফিস থেকে চাঁদা আদায়ের টাকার ভাগ-বাঁটোয়ারা নিয়ে ছাত্রলীগের রেজাউল ও রুহুল গ্রুপের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়।