মাগুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরার পলাশবাড়িয়া ইউনিয়নের মান্দারবাড়িয়া গ্রামে আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে দুই পক্ষের সংঘর্ষে ২৫ জন আহত হয়েছে।গুরুতর আহত দুজনকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এঁরা হলেন আবদুল আলীম (২৬) ও আবু তাহের (৪০)। আহত অন্যদের মধ্যে নয়জনকে মাগুরা সদর হাসপাতালে এবং ১১ জনকে মোহাম্মদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল হক জানান, দেশীয় অস্ত্র নিয়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। তবে কোনো মামলা হয়নি।পলাশবাড়িয়া ইউনিয়নের আওয়ামী লীগ-সমর্থিত সদস্য আবদুল ওয়াদুদের সমর্থক বাকি বিল্লাহ ও একই গ্রামের আওয়ামী লীগের কর্মী মোহাম্মদ আসাদুজ্জামানের মধ্যে এই সংঘর্ষ হয়। গতকাল শুক্রবার বাকি বিল্লাহর নাতনি রোমা (৫) ও তার খেলার সঙ্গীদের মধ্যে গোলমাল হয়। এর জের ধরে আজ সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে।