মাগুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে কৃষক নিহত, আটক ৪

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা সদর উপজেলার আড়ুয়াকান্দি গ্রামে আজ রোববার সকালে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কৃষক মোমরেজ আলী (৬০) নিহত হন। এ ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। আমন ধানখেতে সেচ দেওয়াকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে আটক করেছে। স্থানীয় গ্রামবাসী, আহত ব্যক্তি ও পুলিশ জানায়, আমন ধানখেতে সেচ দেওয়ার টাকা বকেয়া নিয়ে আড়ুয়াকান্দি গ্রামের কৃষক সাহেব আলী ও কৃষক ধলা মণ্ডলের মধ্যে গতকাল শনিবার কথা কাটাকাটি হয়। রাতেই গ্রামের লোকজন বিষয়টি মীমাংসার জন্য সালিস বৈঠক করে। তবে সমাধান হয়নি। আজ সকাল সাতটার দিকে এ নিয়ে দুই দল গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে চলা সংঘর্ষে মোমরেজ আলী প্রতিপক্ষের বল্লমের আঘাতে মারা যান। আহত হন অন্তত ২০ জন। আহতদের মাগুরা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর শেখ প্রথম আলোকে বলেন, ওই ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয় গ্রামবাসীর মধ্যে সেচ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে এক কৃষক নিহত হয়েছেন।