মাগুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে চারজন গুলিবিদ্ধসহ আহত ২০ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদস্যদের না জানিয়ে সভাপতির সামাজিক বনায়নের গাছ কাটা নিয়ে গতকাল রোববার বিকেলে শ্রীপুর উপজেলার শলইনগর গ্রামে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।তাঁদের মধ্যে পুলিশের গুলিতে আহত চারজনকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন খদ্দরুহা গ্রামের মো. মনছুর খাঁ (৬০), আতিয়ার রহমান (৩৯), বাবলু হোসেন (৩৭) ও জাহাঙ্গির মোল্লা (৩২)।এ ঘটনায় পুলিশ তাত্ক্ষণিকভাবে দুই পক্ষের ১৫ জনকে গ্রেপ্তার করেছে। সংঘর্ষে লিপ্ত দুই পক্ষই স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মী ও সমর্থক বলে পুলিশ জানায়।শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল হক ও হাসপাতালে চিকিত্সাধীন আহত ব্যক্তিরা জানান, শ্রীপুরের খদ্দরুহা ও শলইনগর মাঠ এলাকায় ‘পবা ক্যানেলের’ দুই পাশে বন বিভাগ স্থানীয় অধিবাসীদের সহযোগিতায় সামাজিক বনায়ন করে। গাছ রক্ষণাবেক্ষণের জন্য ৩৫ সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। ওই সামাজিক বনায়ন সমিতির সভাপতি এনামুল হক মোল্লা গত রোববার বিকেল চারটার দিকে সমিতির সদস্যদের না জানিয়ে কয়েকটি গাছ কাটলে রেজাউল করিম (৩৫) নামে সমিতির এক সদস্য এনামুল হকের কাছে এ ব্যাপারে কৈফিয়ত চান। একপর্যায়ে এনামুল হক ও তাঁর লোকজন রেজাউল বিশ্বাসকে বেদম মারধর করেন। এ ঘটনার পর বিকেল সাড়ে চারটার দিকে দুই দল গ্রামবাসী শলইনগর মাঠে অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষের এক পক্ষে স্থানীয় আওয়ামী লীগের নেতা ওবেজ উদ্দিন মোল্লা (৮০) এবং অন্যপক্ষে তাঁর সত্ ভাই আমির মোল্লা (৬৫) নেতৃত্ব দেন। সহস্রাধিক গ্রামবাসী সংঘর্ষে অংশ নেয়। সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দিতে তিন রাউন্ড গুলি ছোড়ে। গ্রেপ্তার হওয়া ১৫ জনের মধ্যে ওবেজ উদ্দিন মোল্লা ও তাঁর সত্ভাই আমির হোসেন মোল্লাও রয়েছেন।স্থানীয় লোকজন দাবি করেছে, পুলিশের গুলিতে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পুলিশি হয়রানি ও গ্রেপ্তারের ভয়ে তাঁরা হাসপাতালে না ভর্তি হয়ে গোপনে চিকিত্সা নিচ্ছেন। কারণ হাসপাতালে চিকিত্সাধীন আহত চারজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ওই ঘটনায় দুই পক্ষ দুটি পৃথক মামলা করেছেন।