মাগুরায় দুই পক্ষের সংঘর্ষে ছাত্রলীগের কর্মী নিহত, আহত ১০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরা শহরের পারনান্দুয়ালী এলাকায় আজ মঙ্গলবার দুপুরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হয়ে ছাত্রলীগের একজন কর্মী নিহত হয়েছেন। তাঁর নাম আজাদ শেখ (২০)। চাঁদার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে চলা সংঘর্ষে মাথায় গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। আজাদ পারনান্দুয়ালী গ্রামের আকবর শেখের ছেলে। তিনি মাগুরা সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্র ছিলেন। পারনান্দুয়ালীর ব্র্যাক অফিসের সামনে ঢাকা-খুলনা মহাসড়ক এলাকায় সংঘটিত এ সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাঁদের মধ্যে ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক সাজ্জাদ হোসেন (২৪) ও আওয়ামী লীগের কর্মী মোস্তাক আহমেদকে (৪০) মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মোস্তাকের অবস্থা আশঙ্কাজনক। সংঘর্ষের সময় নয়টি গুলি ও চারটি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ পাঁচটি কাঁদানে গ্যাসের শেল ছোড়ে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাগুরা সাব রেজিস্ট্রি অফিস থেকে ছাত্রলীগ মাসে ৪০ হাজার টাকা করে চাঁদা নেয় বলে অভিযোগ রয়েছে। কিন্তু এত দিন মাসোহারার ওই টাকার পরিমাণ কম দেখিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে ভাগবাটোয়ারা করা হতো। এ নিয়ে আজ দুপুর ১২টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি শেখ রেজাউল ইসলামের সঙ্গে সহসভাপতি মো. রুহুল আমীনের বিরোধ বাধে। বিষয়টি মধ্যস্থতার জন্য ছাত্রলীগের দুই পক্ষের নেতা-কর্মীরা পারনান্দুয়ালী গ্রামে ছাত্রলীগের সভাপতি রেজাউলের বাড়িতে বৈঠকে বসেন। বৈঠক চলার একপর্যায়ে ছাত্রলীগের সভাপতি ও সহসভাপতির মধ্যে হাতাহাতি হয়। পরে বিষয়টি মীমাংসা করতে রুহুল আমীনের বাবা আওয়ামী লীগের কর্মী আলিয়ার রহমানসহ অন্যরা সেখানে যান। কিন্তু সমস্যার সমাধানের আগেই দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।সংঘর্ষে সভাপতি রেজাউলের সমর্থকেরা এবং সহসভাপতি রুহুল আমীনের সমর্থকেরা অংশ নেন। বেলা দুইটা পর্যন্ত সংঘর্ষ চলে। সংঘর্ষের সময় স্থানীয় একটি চালকল ভাঙচুর করা হয়। এ সময় রুহুল আমীনের বাবা আলিয়ার রহমানও আহত হন। ছাত্রলীগের এক পক্ষ রুহুল আমীনের চাচা মোস্তাক আহমেদকে ঘটনাস্থল থেকে ধাওয়া করে শহরের কেশব মোড় এলাকায় কুপিয়ে গুরুতর জখম করে। হামলাকারীরা তাঁর মোটরসাইকেলটিও পুড়িয়ে দেয়। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আলী হোসেন মুক্তা মুঠোফোনে প্রথম আলো ডটকমকে বলেন, ‘রুহুল আমীনের গুলিতে ছাত্রলীগের কর্মী আজাদ নিহত হয়েছেন। রুহুল তাঁর অবৈধ পিস্তল থেকে পুলিশের উপস্থিতিতে মোট নয়টি গুলি ছোড়ে। ওই গুলির একটি পেছন থেকে আজাদের মাথায় বিদ্ধ হয়।’ মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, রেজিস্ট্রি অফিস থেকে চাঁদা আদায়ের টাকা ভাগবাটোয়ারা নিয়ে ছাত্রলীগের রেজাউল ও রুহুল গ্রুপের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই সংঘর্ষ শুরু হয়। তিনি বলেন, ওই ঘটনায় এখনো মামলা হয়নি। পুলিশ কাউকে গ্রেপ্তার করেনি। আজাদের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে মাগুরার পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সর্বাত্মক চেষ্টা চালিয়েছে। তিনি বলেন, ‘রুহুলের ছোড়া গুলিতে ছাত্রলীগের ওই কর্মী নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। রেজিস্ট্রি অফিসের চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে ওই দুই পক্ষের বৈঠকের একপর্যায়ে সংঘর্ষে সূত্রপাত বলে শুনেছি।’