মাগুরায় নান্দনিক লাঠিখেলা
‘লাঠি-লড়ি, সড়কি-ঢাল/চর্চাগুণেই লাঠিয়াল’ স্ল্লোগানে গত ২৭ নভেম্বর মাগুরা শহরের ভায়নায় অনুষ্ঠিত হলো মনোমুগ্ধকর লাঠিখেলা ও লাঠিয়ালদের ক্যাম্পিং। মাগুরা জেলা লাঠিয়াল বাহিনী নান্দনিক এ লাঠিখেলার আয়োজন করে। জেলার ২৫টি লাঠিয়াল দল এতে অংশ নেয়। বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী দলগুলো লাঠিখেলার নানা কলাকৌশল ও নৈপুণ্য প্রদর্শন করে। বিভিন্ন লাঠিয়াল দলের শৈল্পিক, দৃষ্টিনন্দন ও মনোমুগ্ধকর শরীরচর্চা প্রদর্শনী উপভোগ করতে মানুষ ভিড় করে।মাগুরা জেলা লাঠিয়াল বাহিনীর সভাপতি খালেক সর্দার প্রথম আলোকে বলেন, ‘বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠান বৈচিত্র্যময় করতে লাঠিখেলা প্রদর্শন করা হবে। এ জন্য বাংলাদেশ লাঠিয়াল বাহিনীর উদ্যোগে দেশব্যাপী লাঠিয়াল দল নির্বাচন করতে এ আয়োজন করা হয়েছে। মাগুরা থেকে নির্বাচিত দুটি দল চলতি বছরের জানুয়ারির মাঝামাঝি কুষ্টিয়ায় লাঠিখেলায় অংশ নেবে। সেখান থেকে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে লাঠিখেলা প্রদর্শনের চূড়ান্ত দল নির্বাচন করা হবে। লাঠিখেলায় মাগুরা জেলার অবস্থান আমাদের দৃষ্টিতে শীর্ষে রয়েছে।’