মাগুরায় পুলিশের গুলিতে একজন নিহত
মাগুরা শহরের পারলা গ্রামে আজ শুক্রবার ভোরে আবুল বাসার (৪০) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে পুলিশ। বাসারের পরিবারের দাবি, পুলিশ তাঁকে ঘুম থেকে তুলে গুলি করে হত্যা করেছে। এদিকে, পুলিশ দাবি করেছে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় পুলিশ বাসারকে ধাওয়া করে। এ সময় তিনি পুলিশকে লক্ষ্য করে গুলি চালালে পুলিশের পাল্টা গুলিতে তিনি নিহত হন। তাঁর বিরুদ্ধে ছিনতাই, ডাকাতিসহ একাধিক মামলা আছে। ঘটনা সম্পর্কে মাগুরা সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. আসাদুজ্জামান প্রথম আলো অনলাইনকে বলেন, আজ ভোররাত সাড়ে তিনটার দিকে তিনি শহরের ঢাকা রোড এলাকায় টহল দেওয়ার সময় ছিনতাই হতে দেখেন। তিনি ধাওয়া করলে ছিনতাইকারী পাশের সাতদোহা সড়কে ঢুকে পড়েন। একপর্যায়ে ওই ছিনতাইকারী তাঁকে (এসআই) পিস্তল বের করে গুলি করতে উদ্যত হন। তখন তিনি জীবন বাঁচাতে ছিনতাইকারীর ওপর পরপর তিনটি গুলি চালান। গুলিতে আহত ছিনতাইকারী আবুল বাসারকে ভোর পৌনে চারটার দিকে সদর হাসপাতালে চিকিত্সা দেওয়ার সময় তিনি মারা যান। মাগুরা সদর হাসপাতালের চিকিত্সক মো. সাইফুর রহমান প্রথম আলো অনলাইনকে বলেন, ‘ভর্তি প্রক্রিয়া চলার সময় ওই ব্যক্তি মারা যান। দুটি গুলি তাঁর দুই উরুতে লেগেছিল। অন্য গুলিটি আমি দেখিনি।’ তবে নিহতের চাচাতো ভাই শাহিনুর রহমান দাবি করেন, ছিনতাই করার সময় নয়, পুলিশ আবুল বাসারকে ধরতে ওই দিন রাতে তাঁর বাড়িতে যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি পালানোর চেষ্টা করলে পুলিশ তাঁকে গুলি করে হত্যা করে। মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সী আসাদুজ্জামান বলেন, নিহত আবুল বাসার পারলা গ্রামের আবুল কালাম বিশ্বাসের ছেলে। তাঁর বিরুদ্ধে ছিনতাই-ডাকাতি, পুলিশের ওপর হামলাসহ একাধিক মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশে তৈরি পিস্তল ও চাপাতি উদ্ধার করেছে।