মাগুরায় বিএনপির দুই গ্রুপের মধ্যে উত্তেজনা, ১৪৪ ধারা জারি
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও সাবেক মন্ত্রী সেলিমা রহমানের মাগুরা সফর কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা দেখা দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় স্থানীয় প্রশাসন সেখানে গতকাল সোমবার রাতে ১৪৪ ধারা জারি করেছে।সেলিমা রহমানের সাংগঠনিক সফর কেন্দ্র করে বিএনপির বিবদমান দুটি গ্রুপ আজ মঙ্গলবার সকাল ১০টায় মাগুরা সদর উপজেলার কুছুন্দি হাইস্কুল মাঠে এবং বিকেলে মহম্মদপুর উপজেলার বাবুখালি হাইস্কুল মাঠে কর্মিসভা আহ্বান করে। এ নিয়ে গ্রুপ দুটির মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছিল। এ অবস্থায় স্থানীয় প্রশাসন আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গতকাল সোমবার রাতে ওই দুই স্থান ও তার আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে। এই নিষেধাজ্ঞা আজ মঙ্গলবার রাত আটটা পর্যন্ত বলবত্ থাকবে।১৪৪ ধারা জারি করার কারণে বিএনপির এক গ্রুপ আজ দুপুরে মাগুরার রামনগর মাধ্যমিক বিদ্যালয় মাঠে সংক্ষিপ্ত পরিসরে কর্মিসভা করে। সেখানে সেলিমা রহমান সংক্ষিপ্ত বক্তব্য দেন। এ সময় সভাস্থল ও এর আশপাশের এলাকায় ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়। তবে অন্য গ্রুপ তাদের কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে।