মাগুরায় বিভাগীয় গণসংগীত প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘গাও জীবনের গান, মাঠে মাঠে ঘরে ঘরে তারই আহ্বান’ এই স্লোগানকে প্রতিপাদ্য করে মাগুরা শিল্পকলা একাডেমী মিলনায়তনে ২৪ মার্চ অনুষ্ঠিত হলো খুলনা বিভাগীয় গণসংগীত প্রতিযোগিতা। মাগুরা উদীচীর সহযোগিতায় বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী খুলনা বিভাগীয় কমিটি ওই প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার উদ্বোধন করেন গণসংগীতশিল্পী শরীফ শাহ দেওয়ান আল মেহেদী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সভাপতি স্থানীয় সাংসদ মোহাম্মদ সিরাজুল আকবর। বিশেষ অতিথি ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ দিলোয়ার বখ্ত। মাগুরা উদীচীর সভাপতি কাজী তারিফুজ্জামানের সভাপতিত্ব অনুষ্ঠিত অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. তরিকুল আলম, উদীচী খুলনা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক ডি এম শহিদুজ্জামান, যশোর উদীচীর সভাপতি সুকুমার দাস, মেহেরপুর উদীচীর সাধারণ সম্পাদক ইব্রাহিম শাহীন, কুষ্টিয়া উদীচীর সাধারণ সম্পাদক সমর রায় প্রমুখ বক্তব্য রাখেন। খুলনা বিভাগের ১০টি জেলার ৪৮ জন গণসংগীত শিল্পী এ প্রতিযোগিতায় অংশ নেন। ক ও খ গ্রুপে মোট ছয়জন প্রতিযোগীকে বাছাই করা হয়। এরা হলেন ক গ্রুপে (অনূর্ধ্ব ১৫ বছর) প্রথম মাইমুনা নাসরিন (যশোর), দ্বিতীয় সুপর্ণা রায় (মাগুরা) ও তৃতীয় পার্থ তরফদার (খুলনা)। খ গ্রুপে (১৫ বছরের ঊর্ধ্বে) প্রথম সত্যজিত্ কুমার মণ্ডল (ঝিনাইদহ), দ্বিতীয় প্রতীতি হালদার (যশোর) ও তৃতীয় রূপক আইচ (মাগুরা)। প্রতিযোগিরা ২৭ মার্চ ঢাকায় অনুষ্ঠিত সত্যেন সেন জাতীয় গণসংগীত প্রতিযোগিতা ও উৎসবে অংশ নেয়। বিভাগীয় পর্যায়ের গণসংগীত প্রতিযোগিতার আয়োজন এবারই প্রথম মাগুরায় অনুষ্ঠিত হলো।