মাগুরায় সিআইডির ভবন নির্মাণের দরপত্র ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাগুরায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কার্যালয় নির্মাণকাজের দরপত্র ছিনতাই করেছেন ছাত্রলীগের সাবেক এক নেতা। গতকাল সোমবার ওই ঘটনার পর দরপত্র-প্রক্রিয়া বাতিল করেছে গণপূর্ত বিভাগ।এর আগে গত রোববার দুপুরে বরগুনার পাথরঘাটা পৌরসভার সাড়ে ৭২ লাখ টাকার কাজের দরপত্রের লটারির বাক্স ছিনতাই করে পুকুরে নিক্ষেপ করেন স্থানীয় আওয়ামী লীগের নেতারা।মাগুরা: জেলা গণপূর্ত কার্যালয় সূত্র জানায়, গত মাসে মাগুরা পুলিশ সুপারের কার্যালয় ভবনের ওপরে প্রায় ৪৯ লাখ টাকা ব্যয়ে সিআইডির কার্যালয় নির্মাণের জন্য দরপত্র আহ্বান করা হয়। গতকাল ছিল দরপত্র জমা দেওয়ার শেষ দিন।মাগুরার শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ও ঠিকাদার মকবুল হোসেন ওরফে মাকুল প্রথম আলোর কাছে অভিযোগ করেন, তাঁর ছোট ভাই রাশেদুল ইসলামের মাধ্যমে সকালে ওই কাজের জন্য একটি দরপত্র জমা দেন। আরেকজন ঠিকাদারও ওই সময় দরপত্র জমা দেন। সকাল ১০টার দিকে জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ঠিকাদার মীর সুমনের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী পুলিশের সামনেই নির্বাহী প্রকৌশলীর কক্ষে ঢুকে তাঁদের দুটি দরপত্র বাক্স থেকে ছিনতাই করে নিয়ে যান।গণপূর্ত ভবনে থাকা কয়েকজন ঠিকাদার ও গণপূর্ত কার্যালয়ের কর্মীদের সঙ্গে কথা বলে মকবুলের বক্তব্যের সত্যতা পাওয়া গেছে।তবে মকবুলের অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগের সাবেক নেতা ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মাগুরা জেলার সাধারণ সম্পাদক মীর সুমন। তিনি পাল্টা অভিযোগ করে প্রথম আলোকে বলেন, ‘মকবুল দীর্ঘদিন ধরে মাগুরা গণপূর্ত বিভাগকে কুক্ষিগত করে রেখেছেন। এর পরও সিআইডির কার্যালয় নির্মাণকাজের দরপত্রে অংশ নিই। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে দরপত্র জমা দিতে গণপূর্ত কার্যালয়ে গিয়ে দেখি, মকবুল ও তাঁর সহযোগী এক ঠিকাদারের দরপত্র জমা পড়েছে। এ জন্য অন্য ঠিকাদারদের সঙ্গে আমিও আপত্তি জানাই। ওই সময় মকবুলের ছোট ভাই রাশেদুল ইসলামসহ বেশ কয়েকজন সশস্ত্র অবস্থায় ছিলেন। খবর পেয়ে মকবুল একটি শটগান, কয়েকটি আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্রসহ লোকজন নিয়ে গণপূর্ত কার্যালয়ে এলে আমি চলে আসি। এরপর দরপত্র ছিনতাই হয়েছে কি না, জানি না।’গণপূর্তের নির্বাহী প্রকৌশলী সারওয়ার আহমদ প্রথম আলোকে বলেন, ‘ঘটনার সময় আমি বাইরে ছিলাম। দরপত্র খোয়া যাওয়ার বিষয়টি জানতে পেরে দরপত্র-প্রক্রিয়া বাতিল করেছি।’পুলিশের উপস্থিতিতে দরপত্র ছিনতাইয়ের বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম পাটোয়ারী বলেন, ‘পুলিশ গণপূর্ত কার্যালয়ের নিচতলায় পাহারায় ছিল। দরপত্রের বাক্স ছিল নির্বাহী প্রকৌশলীর অফিস কক্ষে, দ্বিতীয় তলায়। গন্ডগোলের খবর পেয়ে পুলিশ ওপরে যায়।’ওসি বলেন, ‘মূলত ছিনতাই নয়, দরপত্র জমা দিতে গিয়ে কৌশলে একজন ঠিকাদার দুটি দরপত্র নিয়ে যান। এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।’তবে কোন ঠিকাদার দুটি দরপত্র নিয়ে যান, তা জিডিতে উল্লেখ করা হয়নি।পাথরঘাটা: বরগুনার পাথরঘাটা পৌর ভবন সূত্রে জানা গেছে, পৌরসভার মাটি কাটা, রাস্তা ও বাজারঘর পুনর্নির্মাণ, নর্দমা নির্মাণসহ ১৬টি ৭২ লাখ ৫৬ হাজার ৩৯১ টাকার কাজের জন্য দরপত্র আহ্বান করা হয়। গত ২০ ডিসেম্বর পর্যন্ত ৫৭৭টি দরপত্র জমা পড়ে। এতে অংশ নেন প্রায় অর্ধশত ঠিকাদার। প্রায় সব ঠিকাদার প্রাক্কলিত ব্যয়ের চেয়ে ৫ শতাংশের নিচে ব্যয় দেখিয়ে দরপত্র জমা দেন। এ কারণে কাজগুলো লটারির মাধ্যমে বণ্টনের সিদ্ধান্ত নেয় পৌরসভা কর্তৃপক্ষ। সাধারণ ঠিকাদার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দরপত্রে অংশ নেওয়া ঠিকাদার ও তাঁদের প্রতিনিধিদের উপস্থিতিতে রোববার সকাল ১০টার পর থেকে লটারি শুরু হয়। পৌর ভবনের সামনে শামিয়ানা টানিয়ে একটি টেবিলের ওপর লটারির বক্স রাখা হয়। দুপুর সাড়ে ১২টার মধ্যে সাতটি কাজের লটারি সম্পন্ন হয়। ওই সময় সবার সামনে লটারি ছাড়াই তিনটি কাজ আওয়ামী লীগের নেতাদের দিতে বলেন পাথরঘাটা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারেফ হোসেন। এ নিয়ে মেয়র মল্লিক মোহাম্মদ আইউবের সঙ্গে তাঁর বাগিবতণ্ডা হয়। খবর পেয়ে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ১০-১২ জন নেতা-কর্মী লটারিস্থলে এসে টেবিলে থাকা কাগজপত্র তছনছ করেন। ভাঙচুর করেন বেশ কয়েকটি চেয়ার। তাঁরা লটারির বাক্স ছিনিয়ে নিয়ে পৌর ভবনের পাশের পুকুরে নিক্ষেপ করে চলে যান। পরে পৌর ভবনের লোকজন পুকুরে নেমে দুপুর আড়াইটার দিকে বাক্সটি উদ্ধার করেন।বিষয়টি নিশ্চিত করেছেন পৌরসভার মেয়র মল্লিক মোহাম্মদ আইউব। তিনি প্রথম আলোকে বলেন, ‘আওয়ামী লীগের নেতা মোশারেফ হোসেন ১০-১২ দিন আগে থেকে লটারি ছাড়াই তিনটি কাজ দিতে বলেন। আমি তা প্রত্যাখ্যান করে বলেছিলাম, দরপত্রে অংশ নেওয়া ৫০ জন ঠিকাদার তাঁর প্রস্তাবে লিখিত সম্মতি দিলে বিবেচনা করা হতে পারে। কিন্তু মোশারেফ সেই সম্মতি আদায় করতে পারেননি। এ কারণে সবার সামনে লটারি করা হচ্ছিল। কিন্তু মোশারেফ ও তাঁর লোকজন তা পণ্ড করে দিয়েছেন।’আওয়ামী লীগের নেতা ও সাবেক পৌর কাউন্সিলর মোশারেফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘মেয়রের কথামতো ঠিকাদারদের সম্মতি জোগাড় করছিলাম। কিন্তু তার আগেই তিনি লটারির ব্যবস্থা করেন। আমাদের কাজ না দেওয়ায় লটারি লন্ডভন্ড হয়েছে।’