মাগুরায় ‘বাঙালির সাতকাহন’ মূকাভিনয় মঞ্চস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মূকাভিনয়ের প্রদর্শনী সচরাচর চোখে পড়ে না। মফস্বল শহরে তো বটেই রাজধানী বা বিভাগীয় শহরেও মূকাভিনয় খুব একটা হয় না। যদিও মূকাভিনয়ের দর্শকপ্রিয়তা রয়েছে বেশ। মূকাভিনয় নাট্যাভিনয়ের কঠিনতম অধ্যায়। মুখে কোনো সংলাপ উচ্চারণ ছাড়াই কেবল শরীরের অঙ্গভঙ্গির মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ করে যে মানুষকে মুগ্ধ করা যায়, তার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রইল ২ আগস্ট সন্ধ্যায় মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত মূকাভিনয়। ‘বাঙালির সাতকাহন’ শিরোনামের এই নির্বাক অভিনয় দর্শকদের এতটাই আকৃষ্ট করেছিল যে মিলনায়তনে বসার কোনো আসন ফাঁকা ছিল না। দর্শকসারিতে প্রশাসনিক উচ্চপদস্থ কর্মকর্তা থেকে শুরু করে ছিলেন নিশাচর বেকার যুবকও। মাগুরায় মূকাভিনয় প্রদর্শনী এটাই প্রথম। তা ছাড়া এখনকার দর্শকদের কাছেও মূকাভিনয় অনেকটাই অপরিচিত। খুব অল্পসংখ্যক দর্শকই এর আগে মূকাভিনয় দেখেছেন বা মূকাভিনয় সম্পর্কে শুনেছেন। তাই দর্শকদের মধ্যে মূকাভিনয় নিয়ে ছিল বাড়তি উত্তেজনা। গ্রামবাংলার মানুষের জীবনাচার, সুখ-দুঃখ, হাসি-কান্না, আনন্দ-বেদনা, বেঁচে থাকার সংগ্রাম। সব শেষ মুক্তিযুদ্ধ এবং কাঙ্খিত স্বাধীনতা। বাঙালির সাতকাহনে পর্যায়ক্রমে এসব ফুটিয়ে তোলা হয়েছে চমৎকারভাবে। ভাষাহীন, তার পরও যেন সাতকাহনের প্রতিটি দৃশ্যের সব ভাষা সবার জানা। তাই প্রতিটি দৃশ্য মঞ্চায়নের পর মুহুর্মুহু করতালিতে মুখরিত হয় মিলনায়তন। চমৎকার মঞ্চ ও আলোকসজ্জা, পোশাক-পরিচ্ছদ এবং নেপথ্যের ধারা পাঠ অনবদ্য করে তোলে মূকাভিনয়কে। মাগুরা উদীচীর নাটক বিভাগের প্রযোজনায় ‘বাঙালির সাতকাহনের’ গ্রন্থনা ও নির্দেশনা দেন সরকারি হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী কলেজের তরুণ প্রভাষক দেলোয়ার হোসেন। অভিনয় করেন মাসুদ, খলিল, লিখন, সৌরভ, রিপন, সঞ্জয়, সোনিয়া, নিপা, শারলিনা, নূর, ফিজা ও দীপঙ্কর।