মাঘ একবার না, প্রতিবছরই আসে
বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম মিয়ার অভিযোগ, বিরোধী দলকে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছে সরকার। তবে সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, ‘মাঘ কিন্তু একবার আসে না, প্রতিবছরই ঘুরেফিরে আসে।’ আজ শনিবার সকালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮ দলীয় জোটের ৩৩ কারাবন্দী নেতার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল। এতে রফিকুল ইসলাম মিয়া এ কথা বলেন। বিএনপির এই নেতা বলেন, বিএনপি শুধু আইনি লড়াই নয়, সমান্তরালভাবে রাজপথেও লড়াই করে যাবে। ‘যেমন কুকুর তেমন মুগুর না হলে হয় না’ উল্লেখ করে রফিকুল ইসলাম মিয়া বলেন, আওয়ামী লীগ যেভাবে অত্যাচার-নিপীড়ন করে বিএনপিকে সর্বস্বান্ত করতে নেমেছে, নেতা-কর্মীদের আরও অনেক বেশি ত্যাগ-তিতিক্ষা স্বীকার করা ও স্বেচ্ছায় কারাগারে যাওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। দেশ মহা ক্রান্তিলগ্নে পৌঁছেছে উল্লেখ করে রফিকুল ইসলাম মিয়া বলেন, ‘দেশে সাংবিধানিক সরকার থাকবে কি না, সেটা নিয়ে জনগণ শঙ্কিত।’ তিনি বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার দাবি জানান। একই সঙ্গে তিনি ৩৩ নেতার মুক্তির দাবি জানিয়ে বলেন, এই নেতাদের বিরুদ্ধে করা মামলাগুলো কাল্পনিক ও ভিত্তিহীন।হরতাল চলাকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের কাছে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের শীর্ষস্থানীয় ৩৩ নেতা বর্তমানে কারাগারে আছেন।