প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাছ চাষের জন্য আধুনিক প্রযুক্তি ব্যবহারের আহ্বান জানিয়েছেন। গতকাল বুধবার ওসমানী স্মৃতি মিলনায়তনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ‘জাতীয় মৎস্য সপ্তাহ-২০১১’ উদ্বোধনকালে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, মাছের উৎপাদন বাড়াতে প্রাকৃতিক প্রজননক্ষেত্রগুলো রক্ষা করতে হবে। খবর বাসসের।প্রধানমন্ত্রী বলেন, সমন্বিত উদ্যোগের মাধ্যমে মাছের উৎপাদন বাড়িয়ে মানুষের পুষ্টির চাহিদা পূরণ করতে হবে। এ কাজে সংশ্লিষ্ট ব্যক্তিদের সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে। তিনি ক্রমবর্ধমান জনগোষ্ঠীর কথা বিবেচনা করে অল্প পরিসরে বেশি মাছ উৎপাদনের পদ্ধতি উদ্ভাবনের জন্য মৎস্যবিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা জনগণের পুষ্টির চাহিদা মিটিয়ে একটি সুস্বাস্থ্যকর জাতি প্রতিষ্ঠা করতে চাই।’এবারের মৎস্য সপ্তাহের প্রতিপাদ্য হচ্ছে, ‘নিরাপদ মাছে ভরব দেশ, বদলে দিব বাংলাদেশ’।মৎস্য সপ্তাহ চলবে ২৬ জুলাই পর্যন্ত। অনুষ্ঠানে মাছের উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখার জন্য পাঁচজনকে স্বর্ণ ও ১২ জনকে রৌপ্যপদক দেওয়া হয়। প্রধানমন্ত্রী পুুরস্কারপ্রাপ্ত ব্যক্তিদের হাতে পদক তুলে দেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনসংলগ্ন লেকে পাঁচ হাজার ২০০ পোনা ছেড়ে মৎস্য সপ্তাহের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতিতে মৎস্য খাতের গুরুত্ব অপরিসীম। প্রায় দেড় কোটি মানুষের জীবন-জীবিকা মৎস্য উৎপাদনের ওপর নির্ভরশীল।মৎস্য খাতের উন্নয়নে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মাছে-ভাতে বাঙালি কথাটির প্রতিফলন আমাদের সমাজে নতুন করে দেখতে চাই।’ তিনি বলেন, ‘১৯৯৬-২০০১ মেয়াদে সরকারের দায়িত্ব পালনকালে দেশের মৎস্যসম্পদ রক্ষা ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমরা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছিলাম। সে সময় মাছের উৎপাদন ১৩ লাখ ৬১ হাজার মেট্রিক টন থেকে ১৮ লাখ ৯০ হাজার মেট্রিক টনে উন্নীত হয়েছিল।’শেখ হাসিনা বলেন, ‘আমরা যখন ক্ষমতায় থাকি, তখন দেশের জন্য পুরস্কার আনি, তিরস্কার আনি না। সমাজভিত্তিক মৎস্য চাষব্যবস্থাপনা প্রযুক্তি প্রয়োগে মৎস্য উৎপাদন বৃদ্ধির সাফল্যের জন্য গত বছর আমরা “ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাওয়ার্ড” অর্জন করেছি।’ তিনি বলেন, সরকার চলতি মেয়াদে মৎস্যসম্পদ রক্ষায় বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। দেশের জলমহালগুলোতে পেশাদার মৎস্যজীবীদের নিরঙ্কুশ অধিকার নিশ্চিত করার লক্ষ্যে ‘জাল যার জলা তার’ নীতির আলোকে জাতীয় জলমহাল নীতিমালা-২০০৯ প্রণয়ন করা হয়েছে। জাটকা ধরার সঙ্গে জড়িত মৎস্যজীবীদের টেকসই বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে উপকূলীয় চারটি জেলায় প্রায় চার হাজার ৪০০ পরিবারকে তিন কোটি টাকা ব্যয়ে উপকরণসহায়তা দেওয়া হয়েছে। শেখ হাসিনা বলেন, প্রকৃত মৎস্যজীবীদের সরকারি অনুদানপ্রাপ্তি নিশ্চিত করতে পরিচয়পত্র প্রদানের ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি হ্যাচারিতে পোনা উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে বলেন, সমুদ্র থেকে চিংড়ি রেণুপোনা সংগ্রহ করতে গিয়ে অন্যান্য মাছের রেণুপোনাও নষ্ট হয়ে যায়।বিগত বিএনপি-জামায়াত জোটের আমলে ইউরোপসহ বিভিন্ন দেশে চিংড়ি রপ্তানি বন্ধ হয়ে যাওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ইউরোপীয় ইউনিয়ন জিএসপি-সহায়তাও বন্ধ করে দিয়েছিল। ১৯৯৬ সালে সরকারের দায়িত্ব গ্রহণ করে আমরা রপ্তানিজাত চিংড়ির মান বৃদ্ধি করে পুনরায় জিএসপি-সুবিধা আদায় করতে সক্ষম হয়েছি।’মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আবদুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্য ও দুর্যোগব্যবস্থাপনামন্ত্রী আব্দুর রাজ্জাক, সচিব উজ্জ্বল বিকাশ দত্ত ও মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক মাহবুবুর রহমান খান।