মাছ ধরতে নেতাদের জন্য আরও নয়টি ট্রলার লাইসেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন সাবেক জোট সরকারের আমলে দেওয়া সাগরে মাছ ধরার ৫০টি বাণিজ্যিক ট্রলার পরিচালনার লাইসেন্সের মধ্যে ১৩টির বরাদ্দপত্র শর্ত ভঙ্গের কারণে বাতিল করা হয়েছে। গত তত্ত্বাবধায়ক সরকার এবং বর্তমান সরকারের সময়ে দুই দফায় এসব লাইসেন্স বাতিল করা হয়।মৎস্য অধিদপ্তর সূত্র জানায়, ওই ১৩টি লাইসেন্সের মধ্যে নয়টি নতুন করে বরাদ্দ দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এ জন্য সামুদ্রিক মৎস্য অধিদপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। এই নয়টি লাইসেন্সের বরাদ্দপত্রও রাজনৈতিক বিবেচনায় দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। বাকি চারটি ইতিমধ্যে চারজনের জন্য বরাদ্দ দেওয়া হয়েছে।তবে বিষয়টি নিয়ে এখনো কিছুটা আইনগত জটিলতা রয়ে গেছে। বাতিল করার বিরুদ্ধে লাইসেন্স-গ্রহীতারা আদালতের শরণাপন্ন হয়েছেন। বিষয়টি দ্রুত নিষ্পত্তি করারও উদ্যোগ নেওয়া হয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ আরীফ আজাদ প্রথম আলোকে বলেন, ‘আদালতের মামলাগুলো যাতে দ্রুত নিষ্পত্তি হয়, সে ব্যাপারে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ জন্য অ্যাটর্নি জেনারেলের কার্যালয়েও তৎপরতা চালানো হচ্ছে। মামলা নিষ্পত্তি সাপেক্ষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।অধিদপ্তর সূত্র জানায়, যাঁদের লাইসেন্স বরাদ্দ বাতিল করা হয়েছে তাঁদের মধ্যে রয়েছেন, বিএনপির প্রয়াত নেতা ও সাবেক মন্ত্রী আকবর হোসেনের ছেলে ইসমাইল হোসেন ও ইসলামী ঐক্যজোটের একাংশের নেতা মুফতি ইজাহারুল হক। মির্জা আব্বাসের আত্মীয় মির্জা হাফিজুর রহমানের নামে রয়েছে দুটি লাইসেন্স। এ ছাড়া ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার সাবেক একান্ত ব্যক্তিগত সহকারী (এপিএস) শফিকুর রহমান, বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল্লাহ আল নোমানের আত্মীয় মোহাম্মদ মাহফুজ সামদানি এবং হাওয়া ভবনের মালিক আলী আসগার লবীর আত্মীয় খুলনার সৈয়দ আবু আকসারের নামে বরাদ্দ করা লাইসেন্সও বাতিলের তালিকায় রয়েছে। সূত্রমতে, এর আগে চট্টগ্রামে বিএনপির সাবেক সাংসদ সরোয়ার জামাল নিজামের নামে বরাদ্দের দুটি লাইসেন্সের মেয়াদ বাড়াতে আবেদন করা হয়েছিল। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সেই আবেদন গ্রহণ করে সম্মতি দিয়েছে। এই দুটি লাইসেন্স ইতিমধ্যে ওশেন টাইগার লিমিটেড চট্টগ্রাম নামের অন্য একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দেওয়া হয় বলে জানা গেছে।