মাছ বাঁচাতে ১৪৪ ধারা জারি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বাইক্কা বিল ও এর চারপাশের দুই কিলোমিটার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। মাছের প্রজনন, বংশবৃদ্ধি এবং পোনা মাছ ধরা বন্ধ করতে এই পদক্ষেপ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।আজ সোমবার হাইল হাওরের জনপদগুলোতে মাইকে প্রচার করে ১৪৪ ধারা জারি করা হয়েছে। ১৮ জুন পর্যন্ত এই ধারা বলবত্ থাকবে। শ্রীমঙ্গল উপজেলা জ্যেষ্ঠ মত্স্য কর্মকর্তা শহীদুল ইসলাম ভূঁইয়া জানান, এ সময় বাইক্কা বিলে মা মাছ ডিম দেয়। এ ডিম বিলের চারপাশে হাইল হাওরের বিভিন্ন বিলে ছড়িয়ে পড়ে। সম্প্রতি এলাকার কিছু লোক বাইক্কা বিলের আশপাশে জাল দিয়ে ডিম ও পোনা মাছ আহরণ করছে। এ তত্পরতা বন্ধ করতে বাইক্কা বিল ও এর চারপাশে দুই কিলোমিটার এলাকায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ১৪৪ ধারা জারি করেছেন।শ্রীমঙ্গলের ইউএনও মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, আজ থেকে জারি হওয়া এ আদেশ ১৮ জুন পর্যন্ত বলবত্ থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।