মাছ-মাংসের বাজার গরম, বেড়েছে আলুর দাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সোমবার থেকে বৃহস্পতিবার—চার দিনের টানা হরতালের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। ফলে সরবরাহ-সংকটে সবজির দাম কিছুটা বেড়েছে। ব্যবসায়ীরা এমনটাই দাবি করছেন। সরেজমিন ঘুরে দেখা যায়, গতকাল শুক্রবার সবচেয়ে বেশি বেড়েছে আলুর দাম। এক লাফে এক দিনে আলুর দাম কেজিতে এক টাকা বেড়ে গেছে। বৃহস্পতিবার যে আলুর দাম ছিল ১৬ থেকে ১৭ টাকা কেজি, গতকাল তা বেড়েছে হয়েছে ১৬ থেকে ১৮ টাকা। কারওয়ান বাজারের পাইকার সেলিম মিয়া বলেন, ‘মুন্সিগঞ্জ থেকে হরতালের কারণে আলু আসতে পারেনি। তাই দাম কিছুটা বেড়েছে। তবে দু-এক দিনের মধ্যেই কমে যাবে আলুর দাম।’ এ ছাড়া বরবটি, চিচিঙ্গা, মুলা, পটোল, ধুন্দুল, কচুরলতি, পেঁপে ও গাজরের দাম কিছুটা বেড়েছে। তবে রমজান মাস হলেও রসুন, ছোলা, ডাল, চিনি ও সয়াবিন তেলের দাম কিছুটা কমেছে। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন ব্যবসায়ীরা।অন্যদিকে মাছ-মাংসের বাজার ছিল বরাবরের মতো গতকালও গরম। বড় ইলিশ বিক্রি হয়েছে এক হাজার ২০০ টাকা ও ছোট ইলিশ ৮০০ টাকায়। বোয়াল ৪৫০ থেকে ৫০০ টাকা, ছোট রুই ১৫০, বড় রুই ২৫০, পুঁটি দেশি ৫০০, বড় পুঁটি ৩৫০, শিং ৬০০, মাগুর এক হাজার, ছোট কই প্রতিটি পাঁচ টাকা, বড় কই প্রতিটি ১৫ টাকা, বেলে ৬০০, বাইন ৮০০, বড় টেংরা ৭০০, আইড় ৮০০, পাবদা এক হাজার, ছোট চিংড়ি ২০০, বড় চিংড়ি ৮০০ এবং তেলাপিয়া মাছ ১২০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য অনুযায়ী, বাজারে সব ধরনের চাল, আটা, ময়দার দাম স্থিতিশীল রয়েছে। বাজার ঘুরেও এর সত্যতা দেখা যায়। এর মধ্যে গতকাল চিনির দাম ছিল ৪৫ থেকে ৪৭ টাকা কেজি। আগের সপ্তাহে ছিল ৪৬ থেকে ৪৮ টাকা কেজি। সয়াবিন তেল আগের সপ্তাহে ছিল ১৩০ থেকে ১৩১ টাকা লিটার। গতকাল বিক্রি হয়েছে ১২৮ থেকে ১৩১ টাকা লিটার। হাতিরপুল বাজারে বাজার করতে আসা বেসরকারি ব্যাংকের কর্মকর্তা হ্যাপী হাসিনা বলেন, ‘অন্যবারের মতো এবার রমজান মাসে তেল, চিনিসহ নিত্যপণ্যের দাম বাড়েনি। তবে কিছু পণ্যের দাম বেড়ে রয়েছে আগে থেকেই।’ বিক্রেতারা বলছেন, হরতালের কারণে আলুসহ কিছু পণ্যের জোগান কম থাকায় দাম বেড়েছে। হাতিরপুল ও কারওয়ান বাজার ঘুরে আরও দেখা যায়, কাঁচা মরিচ ১৪০ থেকে ১৬০ টাকা, দেশি পেঁয়াজ ৪৮, ভারতীয় পেঁয়াজ ৪৫, ভারতীয় আদা ৯০, দেশি আদা ১০০ এবং রসুন ৯০ টাকা দরে বিক্রি হয়েছে। এ ছাড়া খাসির মাংস বিক্রি হয়েছে ৪৫০ টাকা কেজি, ব্রয়লার মুরগি ১৫০ থেকে ১৬০ টাকা কেজি এবং গরুর মাংস ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে।