মাছ মেলায় মানুষের ঢল
ব্যাগের ভেতর থেকে লেজ নাড়ছে তাজা মাছ। বিলকুমারী বিলের মাছ। তানোরের ডাকবাংলা ফুটবল মাঠ থেকে যাঁরা বের হয়ে যাচ্ছেন, তাঁদের সবার হাতেই একটি করে মাছের ব্যাগ। যাঁদের হাতে ব্যাগ নেই, তাঁদের হাতে ঝুলছে দেখার মতো বড়সড় মাছ।আজ শুক্রবার সকালে রাজশাহীর তানোর উপজেলার গোল্লাপাড়া ডাকবাংলা ফুটবল মাঠে বসা মাছ মেলা থেকে এভাবে খুশিমনে বেরিয়ে গেছেন মত্স্যপ্রিয় মানুষেরা। মেলার দোকানি মাসুদ রানা তাঁর ছয় কেজি ওজনের একটি বোয়াল মাছের দাম হাঁকছেন ছয় হাজার ৬০০ টাকা। ছোট বোয়াল মাছের কেজি ৭০০ টাকা। ছোট চিতল ৩৫০ টাকা। অনেক দোকানেই রয়েছে পাবদা মাছ। এক কেজি পাবদা মাছের দাম এক হাজার টাকা। এই দামেই মাছ বিক্রি হয়ে যাচ্ছে। ভোরে উপজেলার বিলকুমারীর বিলকে মাছ ধরার জন্য উন্মুক্ত ঘোষণা করেছেন স্থানীয় সাংসদ ও শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী। তখন থেকে জেলেরা ছোট ছোট নৌকা আর জাল নিয়ে বিলে মাছ ধরতে নেমে পড়েছেন। এক বছর ধরে তাঁদের এ দিনটির জন্য অপেক্ষা করতে হয়েছে। এই বিলের মাছ ধরার উপযুক্ত না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসন কাউকে বিলে নামতে দেয় না। একটা নির্দিষ্ট দিনে মত্স্যজীবীদের জন্য বিল উন্মুক্ত ঘোষণা করা হয়। সেদিন বিলের ধারে গোল্লাপাড়া মাঠে মাছ মেলার আয়োজন করা হয়। সকালে মেলায় গিয়ে দেখা যায়, সেখানে প্রায় ২০টি আড়ত বসানো হয়েছে। জেলেরা মাছ ধরে নিয়ে গিয়ে আড়তে ফেলছেন। সেখানে নিলামে খুচরা বিক্রেতারা মাছ কিনে নিয়ে মেলায় বিক্রি করছেন। এ জন্য মাঠে ঢুকতেই একটি ফটক তৈরি করা হয়েছে। মাঠ ঘিরে সুন্দর একটা শামিয়ানা টাঙানো হয়েছে। এক প্রান্তে করা হয়েছে মঞ্চ।বেলা পৌনে ১১টার দিকে মন্ত্রী ওমর ফারুক চৌধুরী আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী জিয়াউল বাসেত। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী মত্স্য অধিদপ্তরের উপপরিচালক এম আই গোলদার, উপজেলা চেয়ারম্যান এমরান আলী মোল্লা প্রমুখ। রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে মত্স্যপ্রেমীরা মাইক্রোবাস-মোটরসাইকেল নিয়ে মাছ কিনতে মেলায় ভিড় করছেন।মাঠের একাংশজুড়ে রয়েছে তাঁদের যানবাহন। রাজশাহী শহর থেকে মাইক্রোবাস নিয়ে মাছ কিনতে গেছেন ব্যবসায়ী চৌধুরী সাইদুর রহমান, মাজদার রহমান, ব্যাংক কর্মকর্তা ও কবি মোস্তাক রহমান। তাঁরা চিতল, আইড়, কালবাউশ ও ট্যাংরা মাছ কিনেছেন। রাজশাহী শহরেও এ মাছ পাওয়া যায়। মেলায় কিনতে যাওয়ার কারণ সম্পর্কে মোস্তাক রহমান বলেন, পুকুরের মাছের চেয়ে বিলের মাছের স্বাদ আলাদা। তা ছাড়া মেলায় একসঙ্গে অনেক রকমের মাছ পাওয়া যায়। মাছ কিনেও আনন্দ পাওয়া যায়।শামিয়ানার বাইরে গিয়ে দেখা যায়, শত শত মানুষ বিলের ধারে দাঁড়িয়ে দেখছেন জেলেদের মাছ ধরা। উপজেলার কুঠিপাড়া গ্রামের জেলে আশরাফুল ইসলাম ভাঁড়ে করে মাছ নিয়ে যাচ্ছেন। তাঁর হাতে একটি হারিকেনও রয়েছে। জানতে চাইলে তিনি বলেন, ভোররাতে মাছ ধরতে গিয়েছেন। এ জন্য হারিকেনের দরকার পড়েছিল। তিনি চারটি চিতল, একটি কাতল ও চারটি কালবাউশ মাছ পেয়েছেন। মত্স্যজীবী সমবায় সমিতির সভাপতি ইব্রাহিম হোসেন বলেন, ছয় বছর ধরে বিলকুমারীর বিলকে মাছের অভয়ারণ্য ঘোষণা করা হয়েছে। তারপর থেকে প্রতিবছর মাছ মেলার আয়োজন করা হচ্ছে।