মাছ যখন লাফায়!
নয় বিঘা জোড়া গ্রামীণ বন একটা, সেই বনের ভেতরে ডোবা-নালা বেশ কয়েকটা। বড় বড় গাছ তো আছেই—ঝোপঝাড়েরও অভাব নেই কোনো। হেমন্তের শেষ ভাগ। বাগানের ডোবা-নালার জলে টান ধরেছে। জল কমছে—টানছে প্রতিদিনই। বর্ষায় ডোবা-নালাগুলো ছিল টইটম্বুর। সকালবেলা। রাতভর শিশিরস্নানে সিক্ত বাগানের ঝোপঝাড়, গাছপালা, ভেজা ভেজা মাটি। কচুর পাতার ওপর জমে আছে পারদের মতো টলমল শিশির জল। একটি ডোবার বাসিন্দা একটি মাছ চলে এল জলের কিনারে। এই ডোবাটায় রাজ্যের জলকচু আর কাঁটাকচুর ঝাড়। চারপাড়জুড়ে কটি ঝোপের অবাধ বিস্তার। মাছটি আচমকা একলাফে উঠে পড়ল ডাঙায়, পরপর সাত-আটটি লাফ দিয়ে সে খাড়া বা ঢালু পাড়টা পেরিয়ে উঠে পড়ল একটি সুপারিগাছের গোড়ায়। ক্ষণিক বিশ্রাম, আবারও পরপর চার-পাঁচ লাফে এগিয়ে গেল সামনে। চোখে ভয়। দেখছে চারপাশটা। বিশ্রাম নিল ২০-২৫ সেকেন্ড। আবারও লাফিয়ে লাফিয়ে পাড়ি দিল প্রায় ১০ ফুট জায়গা। এবার সে ইচ্ছে করেই দুই-একটা মাটিগাছে ও গুঁড়িকচু গাছে ধাক্কা দিল—কচুপাতার পারদ-শিশির পড়ল তলায় ও মাছটির শরীরে। উল্টে ঘুরে ইচ্ছে করে সে শরীরে মেখে নিল মাটিতে পড়া শিশিরকণা। বিশ্রাম আবারও। আবারও লাফ পাঁচ-ছয়টি। বিশ্রাম যখন নেবে আবার, তখন তার নজরে পড়ল ধাবমান এক দুপেয়ে শত্রু। অতএব, পলাতক ভীত ব্যাঙের মতো লম্বা লম্বা লাফে সে শত্রুর নাগালের বাইরে যাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। ব্যাঙের মতো অত দূর ও উচ্চতা সে অতিক্রম করতে পারে না। একলাফে (স্বাভাবিক অবস্থায় নয়, ভয় পেয়েছে বলে) সে সর্বোচ্চ যাচ্ছিল ৩২ সেমি পর্যন্ত (পরে মেপে দেখা হয়) এবং বিশ্রাম নেওয়ার অবকাশ না থাকায় সে লাফ দিয়েই চলেছিল। ভয়-ক্লান্তি তাকে পেয়ে বসে বলে ক্রমেই তার লাফের দূরত্ব কমে যাচ্ছিল। ঘাসের ওপর দিয়ে, ঝোপঝাড়ের তলা দিয়ে এভাবে সে একনাগাড়ে এগিয়ে পেরোল প্রায় ৩০ ফুট জায়গা। না, আর পারছে না। শত্রু পেছনে, কাছাকাছি, মাঝেমধ্যে ভীতিকর আলোও ঝলকে উঠছে। মনে হলো, শত্রুর কাছে আত্মসমর্পণ করেই মাছটা পড়ে রইল প্রায় পাঁচ মিনিট। তারপর শুরু করল আবারও লাফ। এই বাগানটি পেরিয়ে ওপাশের বাগানে যাওয়ার পথে তাকে পাড়ি দিতে হলো একটি মানুষ-চলাচলের পথ। তখন পেছনে শত্রু জুটে গেছে আরও সাত-আটটা। বাচ্চা নিয়ে চরছিল যে মুরগিমাতা, তেড়ে এল সে, কিন্তু দুপেয়ে শত্রুরাই তাড়িয়ে দিল মুরগিটিকে। ততক্ষণে ভয়-টেনশন ও ক্লান্তিতে মাছটির দম ফেল হওয়ার দশা। তবুও জীবন বলে কথা। জিরিয়ে জিরিয়ে ও লাফিয়ে লাফিয়ে একসময় সে পৌঁছে গেল দীঘিটার পাড়ে। ঢালু বেয়ে লাফাতে লাফাতে নেমে পড়ল জলে। ডোবাটা থেকে দিঘি পর্যন্ত পাড়ি দিতে মাছটার সময় লাগল ১৮ মিনিট। পাড়ি দিল প্রায় ১০০ গজ জায়গা। কেন এই পাড়িস্রেফ বাঁচার জন্য। ডোবা-নালাই এই মাছটির সবচেয়ে প্রিয় চারণক্ষেত্র। ভরাবর্ষায় সে আশ্রয় নিয়েছিল এই ডোবায়, পোনাও ফুটিয়েছিল। সেগুলোর বেঁচে আছে গোটাকয়, লম্বায় হয়েছে মাত্র পাঁচ সেমি। মাসখানেকের ভেতর এই ডোবার জল একেবারেই শুকিয়ে যাবে। অতএব, চলো বেশি জলের সন্ধানে। জলের মাছ ডাঙায় উঠে লাফিয়ে লাফিয়ে মাঠ-বাগান পাড়ি দিয়ে অন্যত্র যাচ্ছে বেঁচে থাকার আশায়—এটা আশ্চর্য ঘটনাই বটে। এখানে মাছটির বুদ্ধিমত্তার পরিচয়ও মেলে। পাড়ি ধরেছে ভোরবেলায়। শিশির মেখেছে শরীরে। ভেজা ভেজা মাটির ওপর দিয়ে এগিয়েছে, যাতে শরীরটা ভেজা থাকে—পিচ্ছিল থাকে। এমনিতেই এই মাছটির শরীর পিচ্ছিল—একেবারে তেলতেলে শরীরেই থাকে বারো মাস। ভোরবেলায় শত্রু কম থাকে। আবার হঠাৎ যদি বৃষ্টি হয় (কার্তিক-অগ্রহায়ণ-পৌষে) তাহলে মাছটি বৃষ্টির সময়ই এ রকম পাড়ি ধরে।এই পাড়ি দেওয়ার সময় তার বড় শত্রু হচ্ছে বেজি, গুইসাপ, চিলু সাপ, ঢোঁড়াসাপ, বনবিড়াল, খাটাশ, পোষা বিড়াল ও পোষা মুরগি। বাজ-চিলও চোঁ মারে। মানুষ তো আছেই। সুযোগ পেলে সোনাব্যাঙও গিলে ফেলে। কী এই মাছ? এটি বাংলাদেশের মানুষের কাছে এক অতিপরিচিত মাছ। তবে স্থানীয় নাম রয়েছে অনেকগুলো। আমি তার কয়েকটি উল্লেখ করছি। ১. খাইলো টাকি (ফকিরহাট-বাগেরহাট), ২. উটকাল (বরিশাল), ৩. হোগল টাকি (দাউদকান্দি), ৪. চ্যাং টাকি (মানিকগঞ্জ), ৫. গাইছা/গাবা (লক্ষ্মীপুর), ৬. ওকুল লাঠি (হবিগঞ্জ), ৭. লাওয়া (শরীয়তপুর)। কেতাবি নাম তেলোটাকি (তেলতেলে শরীর তো!)। ইংরেজি নাম Asiatic Snakehead। অর্থাৎ সর্পমাথা। হ্যাঁ, এদের মাথা-মুখ-চোখ ঠিক বিষধর কেউটে বা গোখরার মাথা-মুখ-চোখের মতোই। বৈজ্ঞানিক নাম Channa orientals। তাদের এই লাফ দেওয়াটা ছোটবেলা থেকে আজতক কমপক্ষে ২৯ বার আমি দেখেছি। লেখার শুরুর ঘটনাটি ঘটেছে গেল ৬ নভেম্বরে, বাংলা ২২ কার্তিকে। অন্য কিছু চারিত্রিক বৈশিষ্ট্য রাক্ষুসে স্বভাবের। খাই খাই স্বভাবের। বেহায়াও বটে। পরীক্ষা করে দেখা গেছে, ১১ সেমি লম্বা একটি মাছ ১০ বার টোপ গিলেছে! এই খাই খাই স্বভাবের জন্য ফকিরহাট-বাগেরহাটে এরা খাইলো টাকি নামে পরিচিত। বেশি জলে থাকবে না। তাতে শোল-গজার-বোয়ালের পেটে চালান হওয়ার ভয় থাকে। ২. বালতির জলে জিইয়ে রেখে দেখেছি আমি, ৩৭ দিন পর্যন্ত অনাহারে বেঁচে থাকতে পারে। শরীর শুকিয়ে যায় বটে, মরে না। রোদ না থাকলে আর শরীরের পিচ্ছিল পদার্থ না শুকালে ডাঙায় এরা বেঁচে থাকতে পার চার থেকে আট ঘণ্টা। ৩. এদের পোনারা হয় কালচে রঙের। একেবারে ছোট অবস্থায় পোনা এরা গালের ভেতরে রাখে (তেলাপিয়া মছের মতো)। পোনারা মুক্তভাবে জড়াজড়ি করে চরে। এক ঝাঁকে ২০ থেকে ১৩০টি পর্যন্ত পোনা থাকতে পারে। তুখোড় শিকারি এরা, অসম্ভব পেটুক। ৪. এদের ঘাড়, মাথা, চোখ, মুখ দেখলে কেউটে বা গোখরা সাপ মনে হয়। গালে আছে সূক্ষ্ম সূক্ষ্ম তীক্ষ ধারাল দাঁত। কামড়াতে ভালোই পারে। ৫. ডালপালা, ঘাসের ডগা বা ধানের ডগা অথবা কলমির ডগায় গঙ্গাফড়িং বসলে এরা লাফ দিয়ে উঠে শিকার পাকড়াও করে আবার জলে পড়ে। ৬. কার্তিকের বৃষ্টির অপেক্ষায় (কাইতেন) থাকে এরা। বৃষ্টি হলেই আজব পাড়ি ধরে। চাঁদনী রাতেও পাড়ি দেয়। কই মাছেরাও এই কাজটি করে (এ জন্য হয়তো কই মাছকে ইংরেজরা ওয়াকিং ফিশ বলে)। আমার ধারণা, বাংলাদেশের বহু মানুষ এই আজব পাড়ির দৃশ্য দেখেছে। পাড়ি দেওয়ার পথে নজরে পড়লে কই মাছ ধরে ফেলে আমার গ্রামের মানুষ। খাইলো টাকি সাধারণত ধরে না। সারা বাংলাদেশ। তবে, অনিবার্য কারণে সংখ্যা কমছে জ্যামিতিক হারে। প্রবল জীবনীশক্তি এদের। কাঁকড়ার গর্তে, কচুরিপানার ভেতরে (জলে নয়, আর্দ্র জায়গায়) বা অন্য কোনো গর্তে ১০-১৫টি গাদাগাদি করে থাকতে পারে যে মাছেরা, তাদের টিকিয়ে রাখা দরকার আমাদের সবার, পরিবেশের স্বার্থে।