মাছ যাচ্ছে ঢাকায় হাওরবাসী খাচ্ছে চাষের পাঙাশ
সুনামগঞ্জের তাহিরপুর স্থানীয় সরকার প্রকৌশল অফিসের (এলজিইডি) উপসহকারী কর্মকর্তা এমদাদ হোসেন এসেছিলেন উপজেলা সদরের বাজারে মাছ কিনতে। কিন্তু মাছের বাজারে এসে দেখেন, দেশীয় কোনো মাছই নেই। মাছের বাজার ভরে আছে পুকুরে চাষ করা পাঙাশ মাছে। দুঃখ করে তিনি বলেন, ‘হাওরে প্রচুর মাছ ধরা পড়ে প্রতিদিন, তাই ভেবেছিলাম হাওরাঞ্চলের বাজার ভরে থাকবে হাওরের মাছে। এখন দেখছি উল্টো ব্যাপার।’ মাছ ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে কথা বলে জানা যায়, হাওরের মাছ আড়তদারদের লোকজন কিনে নিয়ে যায় ঢাকার কারওয়ান বাজার, আবদুল্লাপুর, যাত্রাবাড়ীসহ দেশের বিভিন্ন জায়গায়। আর নেত্রকোনা জেলার বিভিন্ন স্থানে পুকুরে চাষ করা পাঙাশ মাছ আসে হাওরের বাজারগুলোয়। তাহিরপুর উপজেলায় অবস্থিত টাঙ্গুয়াসহ ২৩টি হাওর থেকে প্রতিদিন বিপুল পরিমাণ মাছ জেলেরা ধরে থাকেন। আড়তের লোকেরা শতাধিক ইঞ্জিনচালিত নৌকা দিয়ে হাওরে ঘুরে জেলেদের কাছ থেকে সব মাছ সংগ্রহ করেন এবং এই নৌকা করে এসব মাছ নেত্রকোনার মোহনগঞ্জে পাঠান। সেখান থেকে ট্রেন ও ট্রাকে করে ঢাকায় পাঠানো হয়ে থাকে। জামলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজেন্দ্র কুমার দাস (৫৬) বলেন, ‘হাওরের মাছ খেয়েই সারা জীবন কাটিয়েছি। এখন সব মাছ নিয়ে যায় আড়তের লোকজন। তাই ভালো না লাগলেও খেতে হয় পাঙাশ।’ বাজারের পাঙাশ বিক্রেতা ভাটি জামালগড় গ্রামের শমছু মিয়া বলেন, হাওরের মাছ কিনে নিয়ে যায় ঢাকার আড়তদারেরা। তাঁদের সঙ্গে প্রতিযোগিতা দিয়ে মাছ কিনতে গিয়ে দাম পড়ে বেশি। মাছ ব্যবসায়ী ভাটি তাহিরপুর গ্রামের আমিরুল ইসলাম জানান, হাওরের মাছের দাম পড়ে বেশি। হাওরপাড়ের লোকজনের এত দাম দিয়ে মাছ কেনার সামর্থ্য নেই। আরেক ব্যবসায়ী রথীন্দ্র দাস বলেন, লোকজন কিনছে, তাই পাঙাশ বিক্রি হচ্ছে। মধ্য তাহিরপুর রায়পাড়ার বাসিন্দা ব্যবসায়ী লিটন রায় বলেন, অন্য কোনো মাছ না পেয়ে পাঙাশই খেতে হয়। ভাটি তাহিরপুর গ্রামের কৃষক আশরাফুল আলম বলেন, ‘হাওরের মাছের চেয়ে দাম কম, তাই পাঙাশ কিনি।’তাহিরপুর উপজেলার মৎস্য কর্মকর্তা আহসান হাসিব খান বলেন, প্রযুক্তি কাজে লাগিয়ে হাওরের মাছ চলে যায় ঢাকায়। আর বাজার ভরে থাকে নেত্রকোনা জেলার বিভিন্ন পুকুরে চাষ করা পাঙাশ।তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আনিসুল হক বলেন, পাঙাশ মাছই এখন হাওরবাসীর আমিষের চাহিদা পূরণ করছে।