মাছে-ভাতে প্রণব
প্রথমবারের মতো রাজ্যসভার সদস্য নির্বাচিত হয়েছিলেন ১৯৬৯ সালে। এরপর গত ৪০ বছর ধরে বিভিন্ন সময়ে মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন ভারতের বর্তমান অর্থমন্ত্রী প্রণব মুখার্জি। আজ শুক্রবার দেশটির রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) প্রণব মুখার্জিকে তাদের মনোনীত প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণা করেছে। প্রণবের একনিষ্ঠ রাজনীতির কারণে বেশ অনেক বছর ধরেই কংগ্রেস তাঁর ওপর নির্ভরশীল। অনেক সমস্যার সমাধান এখনো তাঁর কাছে মেলে। পশ্চিমবঙ্গের বীরভূমে ১৯৩৫ সালের ১১ ডিসেম্বর জন্ম হয় প্রণবের। তাঁর রক্তেই মিশে আছে কংগ্রেস ও রাজনীতি। বাবা মৃত কামদাকিঙ্কর মুখার্জিও ছিলেন স্বাধীনতা সংগ্রামী ও কংগ্রেসের একনিষ্ঠ কর্মী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে রাজনীতি, ইতিহাস ও আইন বিষয়ে পড়াশোনা শেষ করে প্রণব পেশা হিসেবে বেছে নেন শিক্ষকতাকে। এরপর কিছুদিন সাংবাদিকতা ও আইন পেশাতেও ছিলেন। শেষমেষ রাজনীতিতে। ১৯৬৯ সালে রাজনীতিতে যোগ দিয়েই রাজ্যসভার সদস্য নির্বাচিত হন প্রণব। চার বছর পরেই ইন্দিরা গান্ধীর মন্ত্রিসভার সদস্য হওয়া। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাঁকে। গত ৪০ বছরে তিনি ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভায় অর্থ, পররাষ্ট্র, প্রতিরক্ষাসহ একাধিক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন।১৯৮৪ সালে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দেহরক্ষীর হাতে গুলিতে নিহত হওয়ার পর দল ও সরকারের হাল ধরেন তাঁর ছেলে রাজীব গান্ধী। সে সময় রাজীবের সঙ্গে ভুল বোঝাবুঝি হয় প্রণবের। ইন্দিরার অর্থমন্ত্রী প্রণবের স্থান হয়নি রাজীবের মন্ত্রিসভা। একপর্যায়ে কংগ্রেস ত্যাগ করে রাষ্ট্রীয় সমাজবাদী কংগ্রেস নামে নতুন একটি দল গঠন করেন প্রণব। ১৯৯১ সালে তামিল জঙ্গিদের হাতে রাজীবের নিহত হওয়ার ঘটনা পাল্টে দেয় পুরো দৃশ্যপট। সরকার গঠনের পরপরই সাবেক প্রধানমন্ত্রী পি ভি নরসিমা রাও পরিকল্পনা (যোজনা) কমিশনের দায়িত্ব দেন প্রণবকে। এরপর কংগ্রেসের ক্ষমতাচ্যুতি। দীর্ঘ আট বছর ক্ষমতার বাইরে থাকার সময় দল তথা সোনিয়া গান্ধীর কাছে কদর বাড়ে প্রণবের। ফলে কোনো কিছুই তাঁর কাছে বাধা ছিল না।দলের বা সরকারের যেকোনো বিপদে সোনিয়া আস্থা রেখেছেন প্রণব মুখার্জির ওপর। এই আস্থা কখনো বিফলে যায়নি। এবার তাঁকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দিয়ে সোনিয়া যেন তারই প্রতিদান দিলেন। তবে বলে রাখা ভালো, ২০১৪ সালে ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। বর্তমান শাসক ও বিরোধী জোটের যে অবস্থা তাতে ওই নির্বাচনে কোনো জোট একক সংখ্যা গরিষ্ঠতা পাবে কি না সন্দেহ আছে। সে ক্ষেত্রে রাষ্ট্রপতি ভবন আবার গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। প্রণব মুখার্জিকে মনোনয়ন দেওয়ার সময় হয়তো সোনিয়ার সে কথা মাথায় ছিল। সরকারে দায়িত্বের পাশাপাশি প্রণব মুখার্জি আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), বিশ্বব্যাংক ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের পরিচালনা পর্ষদে ছিলেন। ১৯৮৪ সালে ইউরোমানি ম্যাগাজিনের বিচারে তিনি বিশ্বের অন্যতম একজন অর্থমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। প্রণব মুখার্জি অবসরে বই পড়েন, বাগান করেন। গান শোনার প্রতি রয়েছে তাঁর ব্যাপক আগ্রহ, বিশেষ করে রবীন্দ্রসংগীতের ওপর। তাঁর প্রিয় খাদ্য মাছের ঝোল আর সাদা ভাত। ১৯৫৭ সালের ১৩ জুলাই শুভ্রা মুখার্জিকে বিয়ে করেন প্রণব। তাঁদের ঘরে দুই ছেলে অভিজিত্ ও ইন্দ্রজিৎ, আর এক মেয়ে শর্মিষ্ঠা। শর্মিষ্ঠা একজন কথক নৃত্যশিল্পী। আর প্রণবের বড় ছেলে অভিজিত্ পশ্চিমবঙ্গ বিধানসভায় কংগ্রেসের একজন বিধায়ক (এমএলএ)।