মাছের আবাসস্থল, জীববৈচিত্র্য সংকটাপন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী ও কুলাউড়া উপজেলার নদী ও পাহাড়ি ছড়ায় অবাধে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। এতে এসব জলাশয়ে মাছের আবাসস্থল ও জীববৈচিত্র্য সংকটাপন্ন হয়ে পড়েছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ১৪ জুলাই জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের সোহাগি ছড়ায়, ১২ জুলাই পাশের জুড়ী নদীতে এবং ১০ ও ১২ জুলাই কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের ফানাই নদীতে ও ১৩ জুলাই রাতে একই এলাকার চম্পানালা ছড়ায় দুর্বৃত্তরা বিষ ঢালে। রাতভর মাছ নিধন করে তারা ভোরে সটকে পড়ে। এ সুযোগে নদী ও ছড়ার তীরবর্তী বিভিন্ন গ্রামের লোকজনও মাছ ধরতে নেমে পড়েন। সূত্র জানায়, বিষের প্রভাবে নদী ও ছড়ায় বোয়ালের পোনা, ঘনিয়া, কালি বাউশ, পাবদা, পুঁটি, চাপিলা, মলাসহ বিভিন্ন ধরনের মাছ আধামরা হয়ে ফুলে ফেঁপে ভেসে ওঠে। এ ছাড়া কিছু সাপ, ব্যাঙ, কাঁকড়া ও হাঁস মারা যায়। স্থানীয় ব্যক্তিদের ভাষ্যমতে, দুর্বৃত্তরা মাছ নিধনে আশপাশের চা-বাগানে আগাছানাশক হিসেবে ব্যবহূত একধরনের তরল পদার্থ ব্যবহার করে। প্রতি বছর শুষ্ক মৌসুমে এ ধরনের তৎপরতা বেশি ঘটে বলে তাঁরা জানান।গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শাহাব উদ্দিন এবং কুলাউড়ার রাউৎগাঁও ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িত ব্যক্তিদের নাম-ঠিকানা তাঁরা সংগ্রহ করছেন। কুলাউড়ার উপজেলা মৎস্য কর্মকর্তা ফনীন্দ্র চন্দ্র সরকার বলেন, উপযুক্ত তথ্য-প্রমাণের অভাবে জড়িত ব্যক্তিদের শনাক্ত করা যায় না। হাতেনাতে ধরা গেলে পুলিশের কাছে সোপর্দ করা যেত। এ ক্ষেত্রে স্থানীয় ব্যক্তিদের সহযোগিতা দরকার। পরিবেশ অধিদপ্তরের সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিদর্শক সরদার শরীফুল ইসলাম বলেন, বিভিন্ন চা-বাগান কর্তৃপক্ষকে দেওয়া ছাড়পত্রের শর্তে নিকটবর্তী কোনো পাহাড়ি ছড়া ও নদীতে কীটনাশক ব্যবহূত বালতি বা টিনের ড্রাম ধোয়া যাবে না বলে উল্লেখ করা আছে। এ ক্ষেত্রে শর্ত ভঙ্গ হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। বিষ দিয়ে মাছ নিধনের বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে।জেলা মৎস্য কর্মকর্তা কফিল উদ্দিন কাইয়া জানান, তিনি বিষয়টি শুনেছেন। এ ব্যাপারে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন এলাকায় গিয়ে সভা করার চিন্তাভাবনা চলছে। জুড়ীর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা বলেন, জড়িত ব্যক্তিদের তালিকা পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। মৌলভীবাজারের সিভিল সার্জন গোলাম রাজ্জাক চৌধুরী বলেন, বিষে আক্রান্ত মাছ খেলে পেটের পীড়া ও যকৃতের ক্ষতি হতে পারে।ময়মনসিংহে অবস্থিত বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক মোস্তফা আলী রেজা হোসেন প্রথম আলোকে বলেন, বিষের প্রভাবে নদী ও পাহাড়ি ছড়ায় মাছসহ অন্যান্য জলজ প্রাণীর প্রজননের ওপর দীর্ঘস্থায়ী প্রভাব পড়বে। এ ছাড়া এদের খাদ্য শৃঙ্খল, আবাসস্থলসহ এসব জলাশয়ের জীববৈচিত্র্য নষ্ট হয়ে পড়বে। সিলেট এলাকায় বেশ কিছু জাতের মাছ ইতিমধ্যেই বিলুপ্ত হয়ে গেছে। মাছ নিধনের এই ক্ষতিকর পদ্ধতি বন্ধে সরকারের কঠোর আইন করা দরকার।