মাছের ফেরিওয়ালা...
‘এ মাছ লাগবে, মা-আ-ছ।’ নগরের পাড়া-মহল্লায় এই হাঁক শোনেননি এমন মানুষ পাওয়া দুষ্কর। আবার এই হাঁকাহাঁকি শুনে অনেকের ঘুম ভাঙে। কারণ, সাতসকালেই গলিতে-গলিতে মাছ নিয়ে ঘুরে বেড়ান মাছের ফেরিওয়ালারা। তাঁদেরই একজন ৩৯ বছর বয়সী আলিম উদ্দিন। মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডে কথা হলো তাঁর সঙ্গে।মাছ বিক্রেতা আলিম সাতক্ষীরার আলীপুর থেকে ঢাকায় এসেছেন ছয় মাস আগে। তিনি জানান, গ্রামের বাড়িতে চিংড়ি ঘেরে কাজ করতেন কিশোর বয়স থেকে। কিছুদিন আগে গলদা চিংড়ির ব্যবসায় আট লাখ টাকা ক্ষতি হয়। ঋণের টাকা পরিশোধ করতে বাড়ি-ভিটা বিক্রি করেছেন। অবশেষে গন্তব্য হিসেবে বেছে নিয়েছেন ঢাকা। এসেই শুরু করেছেন মাছ বিক্রির কাজ। প্রতিদিন ৪০০-৫০০ টাকা লাভ হয় আলিমের। তিনি রুই, কাতলা, কই ও বোয়াল মাছ বিক্রি করেন।আরেক মাছ বিক্রেতা ফয়জুল মিয়া নারায়ণগঞ্জ থেকে ঢাকায় এসেছেন দুই মাস হলো। আগে নারায়ণগঞ্জেই মাছ বিক্রি করতেন তিনি। প্রতিদিন কত লাভ হয়? এমন প্রশ্নে ফয়জুল মিয়া বলেন, ‘শুধু কি লাভই হয়? মাঝে মইধ্যে লসও হয়।’ অনেকে মাছ কাটার জন্য মাছের পাশাপাশি বঁটিও রাখেন। ক্রেতা চাইলে ঝটপট মাছ কেটে দেন তাঁরা। বর্তমানে মাঝারি আকৃতির মাগুর মাছ আড়ত থেকে ৩৬০-৩৮০ টাকা কেজি দরে কেনেন। বিক্রি করেন ৪৫০-৫০০ টাকায়। এসব তথ্য জানালেন ফয়জুল মিয়া।ধানমন্ডি এলাকায় ইলিশ মাছ বিক্রি করছিলেন রেজাউল করিম। তিন তলার বারান্দা থেকে দরদাম ঠিক করছিলেন এক গৃহিণী। দাম ঠিক হলে নিচে নেমে এসে তা মেটালেন তিনি। ‘বাজারের তুলনায় কিছুটা কম মূল্যে পাওয়া যায়। তা ছাড়া বাজারে যাওয়ার ঝামেলাও বাঁচল।’ বলছিলেন লাইজু রহমান নামের এই গৃহিণী। অনেক সময় ক্রেতারা নিচে না নেমে বিক্রেতাকেই ওপরে ডেকে নিয়ে যান। কিন্তু পছন্দ হয় না বলে অনেকেই মাছ কেনেন না। মাথায় মাছের পাত্র নিয়ে সিঁড়ি বেয়ে ওঠার কষ্টটা গায়ে লাগে তখন রেজাউল করিমের মতো মাছের ফেরিওয়ালাদের।পুরান ঢাকার প্রতিটি গলিতেই দেখা মেলে মাছের ফেরিওয়ালাদের। তাঁরা নগদ টাকায় মাছ কিনে নিয়ে আসেন নগরের বিভিন্ন আড়ত থেকে। তবে বেশির ভাগ বিক্রেতাই কারওয়ান বাজারের আড়ত থেকে মাছ সংগ্রহ করেন খুব ভোরে। এসব মাছ তাজা রাখতে বরফও পাওয়া যায় আড়তে। ২০-৩০ টাকার বরফ হলে মাছ তাজা রাখা যায় বলে মাছের ফেরিওয়ালারা জানান।ঢাকার সোয়ারীঘাট, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, গাবতলী, আঁটিবাজারের আড়ত থেকেও মাছ সংগ্রহ করেন বিক্রেতারা। ‘ফেরি করে মাছ বিক্রির জন্য ইলিশ মাছের চাহিদা অন্য মাছের তুলনায় একটু বেশি।’ বললেন গাবতলীর কলিম উদ্দিন নামের এক আড়তদার। কোনো কোনো বিক্রেতার নির্দিষ্ট কিছু ক্রেতা আছে। বড় মাছ কিংবা ভালো মাছ পেলে বিক্রির জন্য সরাসরি হাজির হন তাঁদের বাসায়।এভাবে ফেরি করে মাছ বিক্রি করতে দোকান ভাড়া কিংবা চাঁদা দিতে হয় না তাঁদের। কিন্তু গলির মোড়ে কিংবা কারও বাসার সামনে একটু বসলেই বাড়িওয়ালারা তুলে দেন সেখান থেকে। তাই মাথায় মাছের পাত্র তুলে নিয়ে আবার তাঁরা হাঁক ছাড়েন ‘এ মাছ লাগবে, মা-আ-ছ।’