মাঝনদী থেকে ছাড়ছে লঞ্চ দুর্ভোগে যাত্রীরা
সদরঘাট নৌ-টার্মিনাল থেকে লঞ্চ না ছেড়ে মাঝ নদী থেকে ছাড়া হচ্ছে। একটি লঞ্চের কর্মকর্তাকে কুপিয়ে জখম ও ইজারাদারের নানা অনিয়মের প্রতিবাদে অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থা (যাত্রী ও পরিবহন) গতকাল রোববার দুপুর দুইটা থেকে এ কর্মসূচি পালন করছে। টার্মিনাল থেকে লঞ্চ না ছাড়ায় যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।নৌ-চলাচল সংস্থা সূত্রে জানা গেছে, ইজারাদারের লোকজন দীর্ঘদিন ধরে যাত্রী হয়রানিসহ নানা অনিয়ম করেছেন। এর প্রতিবাদ করায় গতকাল ভোরে এমভি টিপু লঞ্চের ব্যবস্থাপক মো. ফারুককে (৪৫) কুপিয়ে গুরুতর জখম করেন ইজারাদারের লোকজন। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। বরগুনার আমতলী এলাকার পোশাক ব্যবসায়ী বেলাল হোসেন বলেন, ‘ঢাকা থেকে মালামাল কিনে লঞ্চে করে নিয়ে যাই। কিন্তু পন্টুনে লঞ্চ না থাকায় অতিরিক্ত টাকা খরচ করে নৌকাযোগে মাঝনদীতে নিয়ে মালামাল তুলতে হচ্ছে।’ রোজিনা বেগম নামের এক যাত্রী জানান, মায়ের অসুস্থতার খবর পেয়ে তিনি দেশের বাড়ি ভোলা যাবেন। কিন্তু ঘাটে লঞ্চ না থাকায় খুব কষ্টে ট্রলারে করে মাঝনদীতে গিয়ে তাঁকে লঞ্চে উঠতে হয়েছে। এমভি টিপু লঞ্চের মালিক গোলাম কিবরিয়া প্রথম আলোকে বলেন, প্রায় সময়ই ইজারাদারের লোকজন যাত্রীদের হয়রানি করেন। এর প্রতিবাদ করায় গতকাল ফারুকের ওপর ইজারাদারের লোকজন হামলা চালায়। নৌ-চলাচল সংস্থার জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বলেন, ‘ইজারাদারের নানা অনিয়মের বিষয়গুলো কর্তৃপক্ষকে জানানো সত্ত্বেও কোনো প্রতিকার হচ্ছে না। এ ছাড়া সদরঘাট টার্মিনালে ছিনতাইসহ নানা অপরাধ হচ্ছে। তাই যাত্রীদের জানমাল রক্ষা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং লঞ্চমালিকদের নিরাপত্তার জন্য এই কর্মসূচি পালন করা হচ্ছে। আজ সোমবার নৌমন্ত্রী, ঢাকা পুলিশ কমিশনার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আমাদের আলোচনা হবে। আলোচনার পর আমরা পরবর্তী সিদ্ধান্ত নেব।’ ইজারাদার মো. আলমগীর বলেন, ‘আমাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সঠিক নয়। সরকারি নিয়ম অনুযায়ী আমরা ঘাট পরিচালনা করছি। বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত কিছু মালিক আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক এসব প্রচার চালাচ্ছেন।’ঢাকা নদীবন্দরের ঊর্ধ্বতন উপপরিচালক শরীফ মো. আফজাল বলেন, ‘টার্মিনাল এলাকায় অনিয়মের বিষয়ে লঞ্চমালিক সমিতির পক্ষ থেকে আমাদের কাছে কোনো অভিযোগ জানানো হয়নি। সুনির্দিষ্ট অভিযোগ পেলে অবশ্যই ব্যবস্থা নেব।’