মাঝপথে হ্যারির নৌযান বিকল (ভিডিও)
কমনওয়েলথভুক্ত দেশ বাহামা দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রা করেছিলেন যুক্তরাজ্যের প্রিন্স হ্যারি। তবে মাঝপথে ঘটে বিপত্তি। হারবার আইল্যান্ডের কাছে তাঁকে বহনকারী নৌযান বিকল হয়ে যায়। এতে বাধ্য হয়ে নৌযান বদল করে গন্তব্যে পৌঁছেন ব্রিটিশ রাজসিংহাসনের তৃতীয় উত্তরাধিকারী হ্যারি।রয়টার্সের খবরে বলা হয়, গতকাল রোববার বাহামা দ্বীপপুঞ্জের উদ্দেশে যাত্রা করেন হ্যারি। দেশটিতে এটি তাঁর প্রথম সফর। বাহামার রাষ্ট্রপ্রধান রানি দ্বিতীয় এলিজাবেথ। প্রিন্স হ্যারি সংক্ষিপ্ত এক সফরে বাহামা দ্বীপপুঞ্জে যাওয়ার পথে হারবার আইল্যান্ডের কাছে পৌঁছলে তাঁকে বহনকারী নৌযানটি বিকল হয়ে যায়। এ সময় তাঁর সঙ্গে রয়াল বাহামিয়ান ডিফেন্স ফোর্সের সদস্যরাও ছিলেন। প্রিন্স ও সঙ্গীরা তখন বিপদে পড়েন। কিন্তু বাহামা দ্বীপপুঞ্জের রাষ্ট্রীয় গণমাধ্যমের কর্মীদের বহনকারী নৌযান তাঁদের সাহায্য করতে এগিয়ে আসে। গণমাধ্যমকর্মীদের ওই নৌযানে করেই তাঁরা যাত্রা সম্পন্ন করেন।বিদেশে রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধিত্ব করতেই প্রিন্স হ্যারি বাহামা দ্বীপপুঞ্জ ছাড়াও বেলিজ, জ্যামাইকা ও ব্রাজিল সফর করবেন। তিনি আজ সোমবার জ্যামাইকা সফর করবেন এবং ৮ মার্চ ব্রাজিল সফরের মধ্য দিয়ে তাঁর ওই সফর শেষ করবেন।