মাঝিদের পেটাল নৌযান শ্রমিক লীগের কর্মীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো সদরঘাট টার্মিনালে ভিড়তে দেয়নি নৌযান শ্রমিক লীগের লাল পোশাকধারী শ্রমিকেরা। আজ সোমবার ভোর ছয়টা থেকে সকাল আটটার মধ্যে অল্প কিছু যাত্রী নিয়ে দুটি লঞ্চ ঘাটে ভিড়তে গেলে ওই শ্রমিকেরা লাঠি হাতে বাধা দেন। তাঁরা খেয়া নৌকার মাঝিদেরও মারধর করেন। অন্য দিনের মতো আজও দেশের দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো সদরঘাট টার্মিনালে ভেড়াতে গেলে নৌযান শ্রমিক লীগের লাল পোশাকধারী শ্রমিকেরা পুলিশের উপস্থিতিতেই লাঠিসোঁটা নিয়ে বাধা দেন। লঞ্চ কর্তৃপক্ষ বাধ্য হয়ে অন্য জায়গায় নিয়ে যাত্রীদের নামিয়ে দেয়। এতে চরম দুর্ভোগে পড়েন যাত্রীরা। এ ছাড়া সকাল সাড়ে আটটার দিকে কেরানীগঞ্জ ইস্পাহানি ঘাট এলাকায় খেয়া নৌকার মাঝিদের মারধর করে ওই শ্রমিক লীগের কর্মীরা নৌ চলাচল বন্ধ করে দেন। এদিকে বুড়িগঙ্গা নদীর পোস্তগোলা ঘাট থেকে কেরানীগঞ্জের খোলা মড়ার ১৫ থেকে ২০টি ঘাটে খেয়াসহ নৌযান চলাচল বন্ধ রয়েছে। ঢাকার প্রবেশমুখে দক্ষিণ কেরানীগঞ্জের ইকুরিয়া, কদমতলী, ঘাটারচর এলাকায় বুড়িগঙ্গার তিনটি সেতুর কাছে পুলিশ ও আওয়ামী লীগের নেতা-কর্মীরা যানবাহন ও লোক চলাচলে বাধা দিচ্ছে।