মাঝির জবানবন্দির সঙ্গে প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় মিল পেয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র হত্যার ঘটনায় নৌকার মাঝি গুলজার মিয়ার স্বীকারোক্তিমূলক জবানবন্দির সঙ্গে প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বর্ণনায় মিল পেয়েছে পুলিশ। এতে পুরো ঘটনা উদ্ঘাটিত হয়েছে বলে দাবি করছে পুলিশ।হত্যাকাণ্ডের ঘটনায় নৌকার মাঝিসহ গ্রেপ্তার হওয়া ১০ জনকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের আটজন ছাত্রছাত্রী ১৬ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের পাশের চেঙ্গেরখালে নৌভ্রমণে গিয়ে বখাটে সন্ত্রাসীদের হামলার মুখে পড়েন। সন্ত্রাসীরা নৌকায় থাকা তিন ছাত্রীকে অপহরণের চেষ্টা করলে বাধা দেন ছাত্ররা। এর মধ্যে দীপঙ্কর ঘোষ অনিক ও খায়রুল কবীর নামের দুই ছাত্রকে পিটিয়ে নদীতে ফেলে দেয় সন্ত্রাসীরা। পরদিন নদীতে জাল ফেলে ওই দুই ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। জালালাবাদ থানার পুলিশ সূত্র জানায়, হত্যাকাণ্ডের ঘটনার পরপর গ্রেপ্তার হওয়া মাঝি গুলজারের দেওয়া তথ্যের ভিত্তিতে শনাক্ত করা হয় জড়িত ব্যক্তিদের। গত বৃহস্পতিবার এলাকাবাসী অভিযুক্ত সন্ত্রাসীদের ধরে পুলিশে দেওয়ায় তদন্ত সহজ হয়েছে বলে পুুলিশ জানায়। এরপর গত শুক্রবার সিলেটের একটি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন মাঝি গুলজার। হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ও জালালাবাদ থানার উপরিদর্শক সঞ্জিত দাস প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের দেওয়া বর্ণনার সঙ্গে নৌকার মাঝির জবানবন্দির মিল পাওয়া গেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের তথ্যের ভিত্তিতে এক ছাত্রের মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এখন শিক্ষার্থীদের ব্যবহূত ক্যামেরা ও ব্যাগসহ হত্যাকাণ্ডের আলামত সংগ্রহ করা হচ্ছে।