মাঝে মাঝে একা লাগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসার ঘরে দেয়ালে টাঙানো ছবিটার দিকেই চোখ গেল সবার আগে। বাবা-মা আর ছোট ছোট কয়েকটি ছেলে। বোঝা গেল, অনেক আগের তোলা। ছবির একজন মানুষ ছাড়া সবাই বেঁচে আছেন। সেই মানুষটি হলেন শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন। এই মানুষটির স্মৃতি আঁকড়ে আজও বেঁচে আছেন তাঁর স্ত্রী বেগম নূরজাহান সিরাজী। বয়সের ভারে সামান্য ন্যুব্জ তিনি। তবে নিজের কথা বলতে গিয়ে সেই সময়ে যেন ফিরে যান তিনি। বেগম নূরজাহান সিরাজী বলেন, ‘আমার কোনো মেয়ে নেই। আট ছেলে। তাদের নিয়ে সুখী সংসার ছিল। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ধরে নিয়ে যায় ওদের বাবাকে। এরপর কোনো খবর পাইনি। সাংবাদিকদের মধ্যে শুধু সেলিনা পারভীনের মৃতদেহ পাওয়া গিয়েছিল। ওদের বাবারটাও পাইনি। আমার বড় ছেলে তখন সবে এসএসসি পরীক্ষা দিয়েছে। আর সবচেয়ে ছোটটার বয়স তিন বছর। চামেলীবাগের ভাড়া বাড়িতে ছিলাম আমরা। বাড়িওয়ালা সরাসরি বাড়ি ছাড়তে বললেন না। তবে ভাড়া বাড়িয়ে দিলেন। তখন আর সেখানে থাকা সম্ভব ছিল না। বাসাটা ছেড়ে দিতে হলো। বঙ্গবন্ধু সরকার আমাদেরসহ আরও একটি শহীদ পরিবারকে ইস্কাটনে একটি থাকার জায়গা দিল। এর মধ্যে সংসার তো চালাতে হব। উচ্চশিক্ষিত ছিলাম না যে চাকরি করব। ওর বাবার ব্যাংকে সামান্য কিছু টাকা ছিল, তাই দিয়ে প্রথম কিছুদিন সংসার চালিয়েছি। মোহাম্মদপুরে আমাদের একটি বাড়ি ছিল, সেই বাড়ি ভাড়া দিয়ে যৎসামান্য যে টাকা পেতাম, তাও লাগত সংসারের কাজে। বড় ছেলে তখন আরেকজনের সঙ্গে মিলে কাপড়ের দোকান দিল। আর মেজো ছেলেটা বাংলাদেশ বেতারে অনুবাদের কাজ করত। এর মধ্যে ইত্তেফাক থেকে সামান্য কিছু টাকা দিত। তাই দিয়ে কোনোভাবে চালিয়ে নিতাম। আর শুধু তো আমার ছেলেরা না, মেহমান লেগেই থাকত। ভালো কিছু খাওয়াতে পারতাম না। হয়তো আলুভর্তা ভাত দিয়েই খেতে দিয়েছি। সাংসারিক সব কাজ নিজে করতাম। বঙ্গবন্ধুর হত্যার পর আমাদের বাড়ি ছাড়ার নোটিশ দেওয়া হয়। যদিও কোর্ট থেকে আমরা থাকার আদেশ পেয়েছিলাম। তার পরও বাড়ি থেকে উচ্ছেদ করা হয় আমাদের। অতটুকুন বাচ্চাদের নিয়ে হঠাৎ কোথায় যাব। ছেলেরা জিগাতলায় একটা বাসা খুঁজে বের করে। প্রায় সাত বছর ওই বাড়িতে আমরা থেকেছি। ১৯৯০ সালের দিকে আমরা মোহাম্মদপুরের এই বাসায় উঠি। ওর বাবা থাকার সময়ে এই বাড়ির জায়গাটা পেয়েছিলাম। একতলা করে ভাড়া দিয়েছিলাম। পরে এটি লুটপাট হয়ে যায়। কিছুই ছিল না। মোটামুটি ঠিক করে একজন ভাড়া ছিলেন। পরে আমরা এখানে থাকতে শুরু করি। এর মধ্যে বড় ছেলে বিদেশে যায়। মেজো ছেলে ইত্তেফাকে চাকরি পায়। অন্য ছেলেরা লেখাপড়া করতে থাকে। বড়রা ছোটদের পড়াত। ছোট ছেলেদের মানুষ করতে বড় ছেলে আর মেজো ছেলে অনেক কষ্ট করেছে।’ একটু দম নিয়ে আবার বলতে থাকেন নিজের কথা। ‘এখন ভালো আছি। ছেলেরা সবাই প্রতিষ্ঠিত হয়েছে। ওরা ভালো আছে। মা হিসেবে এটাই তো চাওয়া। নাতি-নাতনিরা যখন আসে, তখন খুবই ভালো লাগে। ওদের জন্য রান্না করি। জীবনে অনেক কষ্টের দিন গেছে। আমার বয়সও তখন কম ছিল। বুকের ভেতর কষ্টগুলোকে চাপা দিয়েছি। কাউকে কিছু বলতে পারিনি। হয়তো সেই জায়গা, সুযোগ কোনোটাই ছিল না। নিজের কথা ভাবার তো সময়ই পেতাম না। শুধু সন্তানদের কথা ভেবেছি—পারব তো ওদের মানুষ করতে? সেই মানসিক শক্তিটা ছিল। আমি পেরেছি। বয়স হয়ে গেছে। এখন কোনো কষ্ট নেই। মাঝে-মাঝে নিজেকে একা লাগে।’ তাঁর দীর্ঘশ্বাস সারা ঘরে ভেসে বেড়ায়।