মাঞ্চের চিত্রকর্ম নিলামে সর্বোচ্চ মূল্যে বিক্রি
নরওয়ের খ্যাতিমান চিত্রশিল্পী অ্যাডভার্ট মাঞ্চের বিখ্যাত চিত্রকর্ম ‘দ্য স্ক্রিম’ প্রায় ১২ কোটি ডলারে নিলামে বিক্রি হয়েছে। গতকাল বুধবার নিউইয়র্কে এই নিলাম অনুষ্ঠিত হয়। নিলামে বিক্রি হওয়া চিত্রকর্মের মধ্যে এটিই সর্বোচ্চ মূল্য বলে বিবিসি অনলাইন জানিয়েছে।এর আগে ২০১০ সালে বিখ্যাত শিল্পী পিকাসোর চিত্রকর্ম ‘নুড, গ্রিন লিভস অ্যান্ড বাস্ট’ ১০ কোটি ৬৫ লাখ ডলারে বিক্রি হয়। অভিব্যক্তি নিয়ে কাজ করে সুনাম অর্জন করেন নরওয়ের এই চিত্রশিল্পী। তাঁর একটি ধারাবাহিকের অন্তর্ভুক্ত চারটি চিত্রকর্মের মধ্যে এটি অন্যতম। একমাত্র এটাই ব্যক্তিগতভাবে সংগৃহীত ছিল। ১৮৯৫ সালে প্যাস্টেল (মোম রং) দিয়ে ছবিটি আঁকেন মাঞ্চ। সাগর তীরে হাঁটার সময় একপর্যায়ে খুব উদ্বেগে ভোগেন তিনি। সেই মানসিক পরিস্থিতি থেকে তাঁর এই চিত্রকর্মের সৃষ্টি। বুধবার নিলামকারী প্রতিষ্ঠান সথবাইয়ে পাঁচ কোটি ডলার থেকে নিলাম ডাক শুরু হয়। মাত্র ১২ মিনিটের মধ্যে তা শেষ হয়ে যায়। সাতজন ক্রেতা এতে অংশ নেন। নিলাম থেকে পাওয়া অর্থ নরওয়েতে নতুন একটি জাদুঘর, হোটেল ও শিল্প কেন্দ্র নির্মাণে ব্যয় হবে।