মাটি খুঁড়লেই মাথার খুলি!
যশোর সদর উপজেলার বাবলাতলা সেতুসংলগ্ন এলাকার ভৈরব নদের তীরের মাটি খুঁড়লেই মাথার খুলি ও কঙ্কালের অংশ পাওয়া যাচ্ছে। গত দুই দিনে পাওয়া গেছে এমন অসংখ্য হাড়ের টুকরো। স্থানীয় লোকজনের ধারণা, এগুলো মানুষের মাথার খুলি।স্থানীয় লোকজন তীরের মাটি কেটে বাড়ির নিচু অংশ ভরাটের কাজে লাগায়। গতকাল রোববারও মাটি কাটার শ্রমিকেরা ওই খুলি উদ্ধার করেছে বলে জানা গেছে।এ ব্যাপারে স্থানীয় মোহসেনা আক্তার বলেন, ‘৪৬ বছর ধরে আমরা এখানে বাস করছি। ১৯৭১ সালে এ অঞ্চল পাকিস্তানি সেনাদের অধীনে ছিল। তারা এ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের হত্যা করে এখানে গণকবর দিয়ে থাকতে পারে।’মুক্তিযোদ্ধা রবিউল আলম বলেন, ভাষাসৈনিক বিমল রায় চৌধুরীর বাড়ি বিরামপুর থেকে পুরাতন কসবাসহ এ অঞ্চল ১৯৭১ সালে রাজাকারদের অধীনে ছিল।তবে প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, এর পেছনে অন্য কোনো ঘটনা আছে কি না, সেটিও জানা দরকার।যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাদের বেগ বলেন, ‘মাথার খুলি পাওয়ার কথা শুনেছি। এগুলো মুক্তিযুদ্ধের সময়ের হতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হবে।’এ ব্যাপারে সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম জানান, এ বিষয়ে তিনি কিছু শোনেননি।