মাটি খুঁড়ে আরও সাত ভরি সোনা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বনানীর জুয়েলার্সে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার সিএনজিচালিত অটোরিকশাচালক মিলন মুসল্লির গ্রামের বাড়ি থেকে আরও সাত ভরি স্বর্ণ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার বিকেলে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার রামপুর এলাকায় তাঁর বাড়ি থেকে মাটি খুঁড়ে পলিথিনে মোড়ানো প্রায় সাত ভরি ওজনের পাঁচটি রুলি উদ্ধার করা হয়। মির্জাগঞ্জ থানা পুলিশ জানায়, ওই ডাকাতির সঙ্গে জড়িত মিলনকে গত ৩০ জুন ঢাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। জিজ্ঞাসাবাদে তাঁর স্বীকারোক্তি অনুযায়ী ডিবি পুলিশের নির্দেশে মির্জাগঞ্জ থানা পুলিশ গতকাল বিকেলে মিলনের বাড়িতে অভিযান চালায়। এ সময় মিলনের অসুস্থ মা রাজিয়া বেগম ছাড়া আর কেউ বাড়িতে ছিলেন না। পুলিশ রিজিয়া বেগমের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ির পাশেই মাটি খুঁড়ে এই স্বর্ণালংকার উদ্ধার করে। মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার মোর্শেদ জানান, এ ব্যাপারে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে এবং ঢাকায় এ ডাকাতি মামলার তদন্তকারী কর্মকর্তাকে বিষয়টি অবহিত করা হয়েছে। এ পর্যন্ত বনানীর ডাকাতির ঘটনায় র্যাব ও ডিবির হাতে ১৩ জন গ্রেপ্তার হয়েছেন। উদ্ধার হয়েছে ৩৪৮ ভরি সোনা। এর মধ্যে র্যাব ২৯১ ভরি ও ডিবি ৫৭ ভরি সোনা উদ্ধার করেছে।গত শুক্রবার দুপুরে রাজধানীর বনানীর ইকবাল সেন্টারের নিচতলায় হীরা জুয়েলার্সে ডাকাতি হয়। ডাকাতেরা প্রায় পাঁচ কোটি টাকা মূল্যের স্বর্ণালংকার লুটে নিয়ে গেছে বলে এ সংক্রান্ত মামলায় উল্লেখ করেন দোকান মালিক।