দিনাজপুরের বিরামপুরে আবিষ্কৃত হয়েছে অষ্টম শতকের পাল রাজাদের আমলে নির্মিত বিষ্ণুমন্দির। এটিই উভয় বাংলায় পাল যুগে নির্মিত প্রথম হিন্দুমন্দির বলে জানিয়েছেন সেখানে প্রত্নতাত্ত্বিক খননকাজের পরিচালক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক স্বাধীন সেন।বিরামপুর শহর থেকে মহাসড়ক ধরে ফুলবাড়ী যেতে আড়াই কিলোমিটার উত্তরে চণ্ডীপুর মোড়। সেখান থেকে পশ্চিমে নেমে যাওয়া মাটির রাস্তা ধরে সামান্য এগোলেই চোখে পড়বে একটি ছোট ঢিবি। এখানেই খনন করে মাটির নিচে পাওয়া গেছে এই বিষ্ণুমন্দিরের নিদর্শন।খননকাজের প্রধান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের অধ্যাপক সৈয়দ কামরুল আহছান জানান, ১৯৬৮-৬৯ সালে দিনাজপুরের জেলা প্রশাসক এবং ইতিহাস ও প্রত্ননিদর্শন অনুরাগী এ কে এম যাকারিয়া জেলার প্রয়াত ঐতিহাসিক মেহেরাব আলীকে নিয়ে সমগ্র রাজশাহী বিভাগে ব্যাপক প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান করেন। এ সময় তাঁরা প্রত্নতাত্ত্বিক দিক থেকে গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থান চিহ্নিত করেন। মূলত সেই সূত্র ধরেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা ২০০০ ও ২০০১ সালে দুই দফা জরিপ করে কেবল বিরামপুর উপজেলাতেই ৪৪টি প্রত্নতাত্ত্বিক স্থান চিহ্নিত করেন। পরে বিশ্ববিদ্যালয়ের ‘প্রতিবেশ প্রত্নতত্ত্ব দল’ ২০০৪ সালে দ্বিতীয় পর্যায়ে বিশদ জরিপ চালায়। জরিপে তারা বিরামপুরে আরও ২৮টিসহ মোট ৭২টি প্রত্নতাত্ত্বিক স্থান চিহ্নিত করেন।বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের ‘প্রতিবেশ প্রত্নতত্ত্ব দল’-এর শিক্ষক-শিক্ষার্থীদের একটি অংশ ২০০৭ সালে বিরামপুরের ৭ নম্বর পলিপ্রয়াগপুর ইউনিয়নের চণ্ডীপুর গ্রামে তিলেশ্বরী আড়ায় প্রথম দফা খননকাজ শুরু করে।প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক স্বাধীন সেন প্রথম আলোকে বলেন, চিহ্নিত স্থানগুলোর মধ্য থেকে ত্রয়োদশ শতাব্দীর আগের প্রত্নতাত্ত্বিক স্থানগুলোকে প্রাধান্য দিয়ে তাঁরা খনন শুরু করেন এবং এ মন্দিরের ‘গর্ভগৃহের’ সন্ধান পান।স্বাধীন সেন জানান, চলতি বছরের ৩ মার্চ দ্বিতীয় ও শেষ পর্যায়ের খননকালে মন্দিরে পূজামণ্ডপ ও মণ্ডপের মধ্যে বর্গাকৃতি বেদি পাওয়া গেছে। এ সময় মৃৎপাত্রের টুকরা, তিনটি পোড়ামাটির চিত্রফলক, পেরেক, ছিদ্রযুক্ত চাকতি, পোড়ামাটি, পাথর ও কাচের পুঁতি ছাড়াও বিভিন্ন ধরনের নকশা আঁকা ইট পাওয়া গেছে।মন্দিরটি উত্তর-দক্ষিণে ২৬ মিটার এবং পূর্ব-পশ্চিমে ৩৫ মিটার। আয়তাকার বিষ্ণুমন্দিরটির কাদামাটির গাঁথুনিযুক্ত দেয়াল উপরের দিকে ১ দশমিক ৪০ মিটার এবং নিচের দিকে ১ দশমিক ৫০ মিটার প্রশস্ত। চারদিকে প্রাচীরঘেরা মন্দিরটির পূর্ব দিকে চারটি থামবিশিষ্ট গর্ভগৃহ এবং পশ্চিম দিকে মণ্ডপ রয়েছে। গর্ভগৃহের থামগুলো ১ দশমিক ২০ মিটার বর্গাকার এবং উচ্চতা স্থানভেদে ২ দশমিক ৫ থেকে ২ দশমিক ৭ মিটার। মন্দিরটির দক্ষিণ দিকে দুটি প্রবেশদ্বার। খনন করে পাওয়া নিদর্শনের ভিত্তিতে অনুমান করা হচ্ছে, প্রায় ৬০০ বছর ধরে ব্যবহূত মন্দিরটি বিভিন্ন সময়ে সংস্কার করা হয়। সংস্কারকালে এর মূল প্রবেশদ্বার ছাড়াও আরও একটি প্রবেশদ্বার তৈরি করা হয়েছে।মন্দিরের ভূমি নকশা ও শৈলীর ভিত্তিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাচীন ইতিহাস, সংস্কৃতি ও প্রত্নতত্ত্ব বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক এবং পূর্ব ভারতীয় স্থাপত্যবিদ্যা বিষয়ে অন্যতম বিশেষজ্ঞ দীপকরঞ্জন দাশ এই স্থাপনাটিকে পাল যুগের হিন্দুমন্দির হিসেবে শনাক্ত করেন। এ বছরের খননে আবিষ্কৃত পোড়ামাটির চিত্রফলকগুলোর একটিতে বিষ্ণুর বামন অবতারের ত্রিবিক্রম মূর্তি খোদিত রয়েছে।বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের পূর্ব ভারতীয় স্থাপত্য ও মৃৎপাত্র বিশেষজ্ঞ অরুণ নাগ পোড়ামাটির চিত্রফলক ও মৃৎপাত্রের টুকরোর ওপরে ভিত্তি করে মন্দিরটিকে পাল যুগের প্রথম দিকের (আনুমানিক অষ্টম শতক) একটি বিষ্ণুমন্দির হিসেবে চিহ্নিত করেন।এরই মধ্যে মন্দিরের মেঝে থেকে সংগৃহীত পাঁচটি চারকোল নমুনা ফ্রান্সের ইউনিভার্সিটি অব লিঁয়র গবেষণাগারে পাঠানো হয়েছে রেডিও কার্বন সময়কাল নির্ণয়ের জন্য। এ বছর সেপ্টেম্বরে পরীক্ষার ফল পাওয়ার কথা। স্বাধীন সেন জানান, গবেষণাগারের ফল পেলে নিশ্চিত হওয়া যাবে, মন্দিরটি প্রকৃতপক্ষে কোন সময়ে নির্মিত।