মাটিতে বসেই পাঠ নিচ্ছে শিক্ষার্থীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও সদর উপজেলার পারপূগী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের মাটিতে বসে পাঠ নিতে হচ্ছে। বিদ্যালয়ের বেঞ্চ চুরি হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এ ছাড়া আরও নানা সমস্যার কারণে বিদ্যালয়ের পাঠদান ব্যাহত হচ্ছে।৯ আগস্ট সকালে বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, ২০০৮ সালে ফ্যাসিলিটিজ বিভাগের মাধ্যমে নির্মিত ভবনের একটি কক্ষে চলছে প্রথম শ্রেণীর পাঠদান। ক্লাস রুমে নেই কোনো বেঞ্চ। শ্রেণীকক্ষের মেঝেতে অর্ধবৃত্ত আকৃতিতে বিছানো রয়েছে চট। সেই চটে বসে পাঠ নিচ্ছে ৫৩ জন শিক্ষার্থী। আর দাঁড়িয়ে বাংলা বিষয়ে পাঠদান করছেন সহকারী শিক্ষিকা মোর্শেদা আক্তার। দীর্ঘ সময় ধরে মাটিতে পা গেড়ে বসে থাকায় পা লেগে গেলে এদিক-ওদিক পা ছড়িয়ে দিয়েছে শিক্ষার্থীরা। যার কারণে অধিকাংশ শিক্ষার্থীর পাঠে মনোযোগ নেই।ক্লাস শেষে ছাত্র মো. মানিক ইসলাম বলল, ‘স্কুলে ভর্তির শুরু থেকেই মাটিতে বসে ক্লাস করছি। দীর্ঘক্ষণ মাটিতে বসে লিখতে কষ্ট হয়। পা লেগে যায়, তবুও আপাদের কিছু বলতে পারি না।’মানিক আরও জানায়, পরীক্ষার সময় যখন বেঞ্চের ব্যবস্থা করা হয়, তখন বেশ ভালো লাগে। সারা বছর এভাবে বেঞ্চে বসে ক্লাস করতে পারলে আরও মনোযোগের সঙ্গে লেখাপড়া করা যেত।শ্রেণী শিক্ষিকা মোর্শেদা আক্তার বলেন, ‘বসার বেঞ্চ চুরি হয়ে যাওয়ায় প্রথম ও দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীদের শ্রেণীকক্ষের মাটিতে চট বিছিয়ে পাঠদান করছি। গাদাগাদি করে বসার ফলে শিক্ষার্থীদের পাঠ গ্রহণে আসুবিধা হচ্ছে, এ কথা জেনেও বাধ্য হয়ে প্রথম শ্রেণীর দুই শিফটের শিক্ষার্থীদের প্রায়ই একত্রে বসিয়ে পাঠদান করতে হচ্ছে। গত মাসে আমরা শিক্ষিকারা চাঁদা তুলে বসার জন্য চট কিনে দিয়েছি।’শ্রেণী শিক্ষিকা কবিতা রানী কর্মকার জানান, তিনি সহকারী শিক্ষিকা হিসেবে এ বিদ্যালয়ে নতুন এসেছেন। এসেই মাটিতে পাঠদান করতে হচ্ছে দেখে একটু বিস্মিত হয়েছেন। তিনি শুনেছেন, বিদ্যালয়ে একের পর এক বেঞ্চ চুরি হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে। অনেক যোগাযোগ করেও কোনো সমাধান আসেনি।প্রথম শ্রেণীর ছাত্রী দুলালী আকতারের বাবা হাফিজার রহমান প্রথম আলোকে বলেন, ‘ছাত্রছাত্রীরা স্কুলে গিয়ে মেঝেতে বসে ক্লাস করে, এটা ভাবতেই খারাপ লাগে। আমার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে বার্ষিক পরীক্ষার পর অন্য স্কুলে বদলি করে নিয়ে যাব।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরিনা আকতার বানু জানান, ১৯০১ সালে ঠাকুরগাঁও সদর উপজেলার পারপূগী গ্রামের যুবকেরা একটি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা অনুভব করেন। এরপর সবাই মিলে প্রতিষ্ঠা করেন পারপূগী প্রাথমিক বিদ্যালয়। ১৯৭৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। বর্তমানে পাঁচটি শ্রেণীতে ৩১৬ জন শিক্ষার্থীকে পাঠদান করছেন নয়জন শিক্ষিকা। তাঁদের জন্য রয়েছে তিনটি চেয়ার। এ ছাড়া বেঞ্চ-সংকটের কারণে ছাত্রছাত্রীদের শ্রেণীকক্ষের মেঝেতে বসে ক্লাস করতে হচ্ছে। ফলে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে আসতে আগ্রহ দেখাচ্ছে না।তিনি আরও জানান, সম্প্রতি বিদ্যালয়ের বেঞ্চ, টিউবওয়েল ও জানালার গ্রিল চুরি হয়ে গেছে। এমনকি শিক্ষার উপকরণগুলোও খোয়া গেছে। এ বিষয়ে ২০০৯ সালে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না।বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. বদিউজ্জামান বলেন, বিদ্যালয়ের বেঞ্চ চুরির বিষয়টি নিয়ে বেশ কয়েকবার স্থানীয়ভাবে বসেও কোনো সমাধান করা সম্ভব হয়নি।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল আমীন জানান, শিক্ষার মান বাড়াতে বিদ্যালয়ে শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। বিদ্যালয়ের জন্য বেঞ্চ, আসবাব, অবকাঠামো ও সীমানাপ্রাচীর নির্মাণ করা দরকার।