মাটিতেই পা স্মিথদের
‘আমরা চোকার না।’ টুর্নামেন্ট শুরুর আগে স্মিথ, ক্যালিস, ডি ভিলিয়ার্স, ইয়োহান বোথা—সবার কণ্ঠেই ছিল এক দাবি। তবে মুখের কথায় নয়, নিজেদের মতো অন্যদের মন থেকেও ‘চোকার’ অপবাদ মুছে ফেলতে হবে মাঠের পারফরম্যান্স দিয়ে। আর এ জন্য তাঁদের যেতে হবে অনেক দূর। দক্ষিণ আফ্রিকানরা প্রতিজ্ঞাবদ্ধই। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭ উইকেটের অনায়াস জয়ের পর পরশু হল্যান্ডের বিপক্ষে জিতেছে ২৩১ রানের বিশাল ব্যবধানে।বিশ্বকাপ ইতিহাসে রানের হিসাবে চতুর্থ বৃহত্তম জয়ের পরও আকাশে উড়ছেন না। অধিনায়ক গ্রায়েম স্মিথের পা বরং মাটিতেই। বলছেন, দীর্ঘ পথের এটা কেবল শুরু। আগামী পথের পরিকল্পনা হলো, এক ম্যাচ ধরে ধরে এগোনো, ‘সত্যি বলতে এই মুহূর্তে আমি নির্ভার। এটা দীর্ঘ টুর্নামেন্ট। আমরা ম্যাচ ধরে ধরে এগোতে চাইছি। একটা ম্যাচ নিয়ে ১০ দিন আগে ভাবার কোনো যুক্তি নেই। আমিও এখনই বড় কিছু নিয়ে ভাবছি না।’দল বড় জয় পেলেও আনন্দে ভেসে বেড়ানোর সময় নেই। এই জয়কে আত্মবিশ্বাসের পারদ বানিয়ে স্মিথ বরং তাকিয়ে আছেন সামনের দুই ম্যাচের দিকে। ইংল্যান্ড ও ভারতের বিপক্ষে। ‘ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে আমাদের বড় দুটি ম্যাচ আসছে। আমরা স্রেফ এই পারফরম্যান্সটা বয়ে আনতে চাই। ভালো খেলতে চাই এবং আত্মবিশ্বাসটা উঁচুতে রাখতে চাই।’ বলেছেন স্মিথ।এই দুই কঠিন ম্যাচের মধ্যে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটি আগামীকাল। স্মিথ আপাতত ভাবছেন শুধু চেন্নাইয়ের ম্যাচ নিয়েই, ‘আমাদের মনোযোগ স্রেফ ইংল্যান্ডের ম্যাচের দিকে। আগামীকাল চেন্নাইয়ে আমাদের লম্বা ভ্রমণ। আমরা আশাবাদী, সেখানেও ভালো করব।’ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন স্পিনার নিয়ে মাঠে নেমে বিস্ময় উপহার দিলেও হল্যান্ডের বিপক্ষে দুই স্পিনার খেলিয়েছে দক্ষিণ আফ্রিকা। স্মিথের ব্যাখ্যা, কন্ডিশনের কারণেই দলের সমপরিবর্তন আনা হয়। দুই ম্যাচ খেলে দক্ষিণ আফ্রিকান অধিনায়কের এই ধারণাও হয়েছে, নতুন বলে ব্যাট করাটাই কিছুটা সহজ। সময় গড়ানোর সঙ্গে উইকেটও চরিত্র বদলাতে থাকে।বড় জয়ে গ্রায়েম স্মিথ যেমন খুশি, তেমনি প্রতিদ্বন্দ্বিতাহীনভাবে হেরে যাওয়ায় হতাশ হল্যান্ড অধিনায়ক পিটার বোরেন। তবে হতাশায় মুষড়ে পড়ছেন না। পরাজয়ের হ্যাটট্রিকের পরও আশায় আছেন সামনের ম্যাচেই ঘুরে দাঁড়াবেন, ‘ আশা করছি, তাদের (ভারত) বোলারদের বিপক্ষে ভালো ব্যাটিং হবে আমাদের। ভারতের মাটিতে তাদের বিপক্ষে খেলতে উন্মুখ আমরা।’ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা দুই দলই প্রথমে ব্যাট করে চাপিয়ে দেয় বড় রানের বোঝা। বোরেন বলেছেন, এই চাপেই ব্যাটিং খারাপ হয়েছে তাঁদের। ওয়েবসাইট।