মাটির ঘরে অন্তিম শয়ানে তারেক মাসুদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদের দাফন আজ বুধবার বেলা পৌনে তিনটায় সম্পন্ন হয়েছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নূরপুর গ্রামে তাঁদের বাড়ির উঠানের একপাশে তাঁকে দাফন করা হয়। আজ সকাল সাতটার দিকে তারেক মাসুদের মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হিমঘর থেকে বের করে গাড়িতে তোলা হয়। সকাল আটটার দিকে বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেনের বেইলি রোডের বাসা থেকে তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদকে নিয়ে ফরিদপুরের উদ্দেশে যাত্রা শুরু হয়। দুপুর ১২টার দিকে গাড়ি ফরিদপুরে পৌঁছে। বেলা দুইটার দিকে ফরিদপুরের ভাঙ্গা পাইলট হাইস্কুল মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। চলচ্চিত্র নির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজন গত শনিবার মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হন। গতকাল মঙ্গলবার দুপুরে বনানী কবরস্থানে মিশুক মুনীরকে দাফন করা হয়।