সকালের বৃষ্টিতে ভেজা বনানী কবরস্থান, আর অশ্রুতে ভেজা স্বজনদের চোখ। এমন শোকাবহ পরিবেশেই ভালোবাসা ও শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ মুনীর চৌধুরীর ছেলে মিশুক মুনীর।গতকাল মঙ্গলবার দুপুরে বনানী কবরস্থানে নানির কবরে তাঁকে সমাহিত করা হয়। আজ বুধবার ফরিদপুরের গ্রামের বাড়ি নূরপুরে বাবার কবরের পাশে দাফন করা হবে তারেক মাসুদকে।মিশুক মুনীরের দাফন শেষ হওয়ার পর গতকাল দুপুরে বিমানবন্দর সড়কে একটি মানববন্ধন হয়। ওই মানববন্ধনে অংশ নিয়ে দেশের রাজনীতিবিদদের কঠোর সমালোচনা করেন মিশুকের স্ত্রী মঞ্জুলী কাজী। তিনি রাজনীতিবিদদের উদ্দেশে বলেন, ‘আপনারা বলেন যে মানুষের জন্য রাজনীতি করেন। এমন মিথ্যা কথা আর বলবেন না। রাজনীতি আপনাদের ব্যবসা। নিজেদের স্বার্থেই আপনারা রাজনীতি করেন।’খ্যাতিমান চলচ্চিত্রনির্মাতা তারেক মাসুদ এবং এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা, প্রধান সম্পাদক মিশুক মুনীরসহ পাঁচজন গত শনিবার মানিকগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত হন। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হিমঘর থেকে গতকাল বেলা সাড়ে ১১টায় একটি অ্যাম্বুলেন্সে করে মিশুক মুনীরের মরদেহ নিয়ে বনানী কবরস্থানের উদ্দেশে রওনা হন ছোট ভাই আসিফ মুনীর।এর আগে সকালেই বনানী কবরস্থানে আসতে শুরু করেন মিশুক মুনীরের স্বজন, সহকর্মী, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। মিশুক মুনীরের বড় ভাই ভাষণ মুনীর, স্ত্রী মঞ্জুলী কাজী, ফুফুসহ আত্মীয়স্বজন দুপুরের আগেই এসে উপস্থিত হন বনানী কবরস্থানে। বেলা একটার দিকে মিশুক মুনীরকে বহনকারী অ্যাম্বুলেন্সটি এসে পৌঁছায় বনানী কবরস্থানে। তাঁর কফিনটি নামানো হলে আবারও ওঠে স্বজনদের কান্নার রোল।বাদ জোহর মিশুক মুনীরের দাফনের কাজ শুরু হয়। প্রিয়জনেরা মরদেহ শুইয়ে দেন কবরে। এ সময় পরস্পরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ছিলেন স্বজনেরা। কবর দেওয়ার পর প্রিয়জনেরা কবরে ফুল দেন। এ সময় ভাষণ মুনীর তাঁর এক আত্মীয়কে বলছিলেন, ‘ভাইটা আমার কানাডা ছেড়ে দেশে চলে এসেছিল মায়ের কাছে থাকবে বলে। কিন্তু আমরা ওকে ধরে রাখতে পারলাম না।’মিশুক মুনীরের দাফন শেষ করে সবাই যখন বিদায় নিচ্ছিলেন, তখন ধীরপায়ে তাঁর কবরের পাশে চুপ করে দাঁড়ালেন দীর্ঘ জীবনের সঙ্গী স্ত্রী মঞ্জুলী কাজী। কিছুক্ষণ পর ফিরে যাওয়ার সময় কবর থেকে এক টুকরো মাটি হাতে করে নিয়ে আসেন তিনি। এক আত্মীয়কে তিনি বলছিলেন, ‘এই মাটি আমি নিয়ে যাচ্ছি বাবুর (একমাত্র ছেলে সুহূদ) জন্য।’দাফনের কাজ শেষ হওয়ার পর আসিফ মুনীর প্রথম আলোকে বলেন, বুধবার বিকেলে বনানীতে তাঁদের বাসায় মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। এতে অংশ নিতে তিনি সবার প্রতি অনুরোধ জানান।স্বজন ও সহকর্মীদের মানববন্ধন: মিশুক মুনীরের দাফন শেষ হওয়ার পর স্বজন ও সহকর্মীরা বিমানবন্দর সড়কে মানববন্ধন করেন। দীর্ঘ ওই মানববন্ধনে সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ সাধারণ মানুষ অংশ নেন। মানববন্ধনে নিরাপদ সড়কের দাবি জানানো হয়।বেলা দুইটা থেকে আড়াইটা পর্যন্ত এ মানববন্ধন হয়। ‘আর কত মিশুক-তারেকের মৃত্যু হলে বন্ধ হবে সড়ক দুর্ঘটনা’—এমন ব্যানার হাতে মানববন্ধনে দাঁড়িয়ে ছিলেন স্বজন ও সহকর্মীরা।মানববন্ধনে অংশ নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রাশেদা কে চৌধুরী বলেন, তারেক ও মিশুকের মৃত্যু কোনো দুর্ঘটনা নয়। এটি হত্যাকাণ্ড। নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার বলেন, ‘সড়ক দুর্ঘটনা বন্ধে এবার সরকার একটু দায়িত্ব নিক।’মঞ্জুলী কাজী এ সময় বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেতা খালেদা জিয়ার প্রতি আমার প্রশ্ন, এই যে এত দিন ধরে দেশে সড়ক দুর্ঘটনায় মানুষ মারা যাচ্ছে, কী করেছেন আপনারা? আমি ভীষণভাবে ক্ষুব্ধ।’ তিনি আরও বলেন, বাড়ি রক্ষার জন্য দেশে হরতাল হয়, রাজনীতিবিদেরা তাঁদের স্বার্থের জন্য হরতাল করেন, কিন্তু সড়ক দুর্ঘটনা বন্ধের জন্য কোনো রাজনীতিবিদ হরতাল করেননি। কারণ, এ দেশের রাজনীতিবিদেরা মানুষ বেচার জন্য রাজনীতি করেন। তিনি নৌপরিবহনমন্ত্রী ও যোগাযোগমন্ত্রীরও কঠোর সমালোচনা করেন।তারেকের দাফন আজ: খ্যাতিমান চলচ্চিত্রকার তারেক মাসুদের মরদেহ এখনো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের হিমঘরে রাখা আছে। আজ বুধবার তাঁকে ফরিদপুরে দাফন করা হবে।তারেক মাসুদের ছোট ভাই হাবিবুর রহমান মাসুদ রাতে প্রথম আলোকে জানান, ‘আজ বুধবার সকাল সাতটায় তাঁরা লাশ নিয়ে ফরিদপুরের উদ্দেশে রওনা হবেন। দুপুরে ফরিদপুর ভাঙ্গা পাইলট হাইস্কুল মাঠে আরেকবার জানাজা শেষে গ্রামের বাড়ি নূরপুরে বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।ফরিদপুর অফিস জানায়, ৮ আগস্ট বাবাকে শেষবারের মতো মাটির শয্যায় শুইয়ে দিয়ে মা নূরুন্নাহারকে এ ইচ্ছার কথাই বলেছিলেন তারেক মাসুদ, ‘আব্বার কবরের পাশে আমার জন্য জায়গা রেখো।’