মাটির বাজার
ছুটির দিন বলেই যেন দোয়েল চত্বরের মাটির তৈরি জিনিসপত্রের দোকানগুলোতে ভিড়টা একটু বেশি। মাটির প্রদীপের সলতে থেকে বিচ্ছুরিত আলো শেষ হয়ে আসছে কিন্তু কেনা-বেচা যেন আর শেষ হচ্ছে না। অল্প আলোতেই ক্রেতারা দেখেশুনে পরখ করে কিনছেন নিজেদের চাহিদামতো জিনিসগুলো। ক্রেতাদের একজন মাসুমা আক্তার বনানী থেকে এসেছেন পছন্দমতো মাটির তৈরি পণ্য কিনতে। এতকিছু থাকতে মাটির পণ্য কেন? আসলে মাটির তৈরি জিনিস সহজলভ্য আর দেখতেও নান্দনিক। দামও ধাতব বা সিরামিকের চেয়ে কম। তাই মাটির তৈরি জিনিসই বেশি পছন্দ।অন্যদিকে ধানমন্ডি ৬ নম্বর রোডসংলগ্ন মাটির পণ্যের দোকান থেকে তৈজসপত্র কিনতে আসা রেশমা আক্তার জানান, মাটির জিনিস ব্যবহারের শুরুটা সেই ছোটবেলায়, বাবার মাটির ব্যাংক কিনে দেওয়ার মাধ্যমে। পয়সা জমাতাম মাটির ব্যাংকে, আর এখন প্রয়োজন বৈচিত্র্যের। এই বৈচিত্র্য বা ভিন্নতা পাওয়া যায় মাটির তৈরি তৈজসপত্র, শোপিস আর ফুল রাখার পাত্র বা খেলনার জিনিসপত্র ব্যবহারের মাধ্যমে। দামটা যেহেতু অপেক্ষাকৃত কম, তাই ইচ্ছা হলে কিছুদিন পর পর পরিবর্তনও করা যায়।গ্রাম অঞ্চলের মাটির ঘড়া, কলস, পিঠা বানানোর ছাঁচের সঙ্গে মাটির আরও অনেক কিছুই পাওয়া যায় নগরে। মাটির সানকি, হাঁড়ি, জগ, গ্লাস, প্লেট, বাটি বা ঘর সাজানোর আসবাব, টেরাকোটার জিনিস—কী নেই এখানে। আর সৌখিন নগরবাসী তা কিনছেও বেশ। ইন্টেরিয়র ডিজাইনার রাশিদ খান বলেন, ঘর সাজাতে মাটির তৈরি জিনিস অনেকেই পছন্দ করেন। আবার ঘরের কোণা থেকে শুরু করে দেয়াল সাজাতেও মাটির তৈরি জিনিসপত্র ব্যবহার করেছেন অনেকেই। এমনকি অনেকে দেয়ালে টাইলসের পরিবর্তে ব্যবহার করছে টেরাকোটা। তবে টেরাকোটার ব্যবহার কিছুটা ব্যয়বহুল হলেও তা নিঃসন্দেহে নান্দনিক।ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলসংলগ্ন দোয়েল চত্বর, ঢাকা কলেজের সামনে, ধানমন্ডি ৬ ও ৭ নম্বর রাস্তাসংলগ্ন এলাকা, মিরপুর ১ ও ১০ নম্বর, মোহাম্মদপুর ও গুলশান ২-এ রয়েছে মাটির তৈরি পণ্যের বিশাল সমাহার। মাটির তৈরি এসব পণ্য সাভার, পটুয়াখালী, কুমিল্লা, রাজশাহী ও নগরের রায়েরবাজার পাল পাড়া থেকে সংগ্রহ করা হয় বলে জানান ধানমন্ডি ৬ নম্বর রাস্তাসংলগ্ন মাটির দোকানের বিক্রেতা রুবেল ভূঁইয়া। রায়েরবাজার পালপাড়ায় দীর্ঘ দিন ধরে মাটির তৈরি জিনিস তৈরি করে নিজেই রঙের কাজ করেন দাদা ইমেজের সত্ত্বাধিকারী জামাল উদ্দিন। তিনি জানালেন, শুরুটা ছিল পিঠা বানানোর ছাঁচ বিক্রির মাধ্যমে। এখন খালি মাটির ছাঁচই নয়, হাঁড়ি, থালা-বাসন, ঘর সাজানোর সরঞ্জাম, মাটির তৈরি অলংকার ছাড়াও ক্রেতার ফরমায়েশ অনুযায়ী মাটির মোড়া এবং টি-টেবিল পর্যন্ত বানিয়ে দেওয়া হয়। পালপাড়ায় পাঁচ টাকার প্রদীপ থেকে শুরু করে ২৫ হাজার টাকা দামের টেবিল ও ওয়ালম্যাট মিলবে।পালপাড়ার পরিতোষ পাল ৩০ বছরের বেশির ভাগ সময় ধরে মাটির তৈরি জিনিস বিক্রি করেছেন। তিনি বলেন, ‘মাটির খেলনা, মূর্তি আর টেরাকোটার জিনিসই বেশি বানাই। তবে মাটির দাম বেড়েছে আগের চেয়ে কয়েকগুণ। আর নগরে যে পরিমাণের মাটির পণ্যের চাহিদা, সেই পরিমাণে জোগান নেই। কেননা, একটি মাটির পণ্য বানিয়ে তা ভালো করে পোড়ানোর মতো চুল্লি নেই। বিসিকের গ্যাসের চুলার ওপর নির্ভর করতে হয় সব পাল বা কারিগরদের। তিনি বলেন, পালদের সুযোগ করে দিলে এই শিল্পের অনেক সম্ভাবনা রয়েছে।নগরে মাটির পণ্য বিক্রির শুরুটা ১৯৭৯-৮০ সালের শিশু একাডেমীর বৈশাখী মেলার মাধ্যমে। কিন্তু ঝড়ের কারণে মেলা সাত দিন চলতে পারেনি। তবে পালরা তাদের হাতে তৈরি মাটির পণ্য নিয়ে ফিরে যায়নি গ্রামে। বসে পড়ে শিশু একাডেমীর সামনের রাস্তায়—সেই থেকে শুরু। এর পর থেকে এই মাটির দোকানগুলো যেন দোয়েল চত্বর থেকে আলাদা কিছু নয়। কথাগুলো বলছিলেন বাংলাদেশ মৃৎশিল্প সমবায় সমিতির প্রতিষ্ঠাতা মানিক মিয়া। তিনি আরও বলেন, মানুষের রুচি তো নিত্য পরিবর্তনশীল। আর তাই পরিবর্তনের হাওয়া লাগে নিত্যব্যবহার্য মাটির তৈরি জিনিসেও। এভাবেই মাটির তৈরি পণ্যে লেগেছে আধুকিতার ছোঁয়া। আর মানুষ একে গ্রহণ করেছে সাদরে।