মাটির বাড়ি ধসে নিহত ২
নওগাঁর সাপাহার উপজেলায় নির্মাণাধীন মাটির বাড়ি ধসে দুই শ্রমিক নিহত ও বাড়ির মালিকসহ তিনজন আহত হয়েছেন। উপজেলার পাহাড়িপুকুর গ্রামে গতকাল মঙ্গলবার রাতে এ দুর্ঘটনা ঘটে।নিহত শ্রমিকেরা হলেন—ইলিয়াস আলী (৪০) ও নুরুজ্জামান (৩০)। ইলিয়াস আলী পাহাড়িপুকুর গ্রামের এবং নুরুজ্জামান পাশের জবাই বেলডাঙ্গা গ্রামের বাসিন্দা।পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা জানান, পাহাড়িপুকুর গ্রামের বাসিন্দা এরফান আলী মাটি দিয়ে দোতলা বাড়ি নির্মাণ করছিলেন। নির্মাণকাজের প্রায় শেষ পর্যায়ে গতকাল সন্ধ্যা সাতটার দিকে আকস্মিকভাবে বাড়িটি ধসে পড়ে। এ সময় মাটিচাপায় পাঁচজন গুরুতর আহত হন। আহত লোকজনকে উদ্ধার করে সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ইলিয়াস আলী ও নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন।সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুর রহমান প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, মাটির বাড়ি ধসে দুজন শ্রমিক নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।