মাটিরাঙ্গায় আদিবাসী ১৬২ পরিবার নিজ গ্রামে ফিরেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাটিরাঙ্গা উপজেলার তাইন্দং এলাকায় আদিবাসী গ্রামে হামলার ঘটনায় উদ্বাস্তু হয়ে পড়া পরিবারগুলোর মধ্যে ১৬২টি পরিবারের সদস্যরা গতকাল মঙ্গলবার নিজ নিজ গ্রামে ফিরেছে। পানছড়ি উপজেলা প্রশাসন তাদের ফিরে আসার এই ব্যবস্থা করে। আদিবাসী নেতাদের দাবি অনুযায়ী, এ ঘটনায় চারটি আদিবাসী গ্রামের ৩৯৫টি পরিবার বাস্তুচ্যুত হয়ে পড়েছে। তবে সরকারিভাবে এর কোনো হিসাব জানা যায়নি।সরেজমিনে দেখা যায়, আদিবাসীরা জঙ্গল-পাহাড় পেরিয়ে পানছড়ি সদর থেকে দুই কিলোমিটার দূরে সাঁওতালপাড়ার বড় পানছড়ি উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিচ্ছে। পানছড়ি উপজেলার কিছু সমাজকর্মী ও কয়েকটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা লঙ্গরখানা খুলে তাদের খাবারের ব্যবস্থা করেন। পালিয়ে আসা আদিবাসীদের দলে তাইন্দং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিঙ্গ ত্রিপুরা, হেডম্যানপাড়ার কার্বারি (গ্রামপ্রধান) বিমল কান্তি ত্রিপুরা ও তাইন্দং মৌজার হেডম্যানের চাচা সুকুমার রোয়াজা রয়েছেন। তাঁরা জানান, বাঙালিদের হামলার ভয়ে হেডম্যানপাড়ার ১৪৩, বাত্তি টিলার ২৩, পোড়াবাড়িপাড়ার ৫৯ ও লাইপো কার্বারিপাড়ার ১৭০টি পরিবার পানছড়ি উপজেলার নবরত্ন কার্বারিপাড়া, রহিন্দ্রপাড়া, প্রফুল্লপাড়া ও জিরানীহলা মারমাপাড়ায় আশ্রয় নেয়।তাইন্দং উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী অঞ্জলী ত্রিপুরা, হেডম্যানপাড়ার জাবারং স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র অভিনয় ত্রিপুরা জানায়, তারা বাড়িতেই তাদের বইপত্র রেখে এসেছে। ফিরে গিয়ে সেই বইগুলো পাবে কি না, তা তারা জানে না। হেডম্যানপাড়ার কৃষক রাজেশ কান্তি ত্রিপুরা বলেন, ‘খুব অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মধ্যে আছি। ১৯৮১ সালে একবার উদ্বাস্তু হয়েছি, ১৯৮৬ সালে উদ্বাস্তু হয়ে ভারতে শরণার্থী হই। ফিরে আসি ১৯৯৭ সালে। এর পরও বহুবার বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছে।’ পানছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা ফরিদুল আলম বলেন, পানছড়ি সাঁওতালপাড়ায় ১৬২টি পরিবার ফিরে এসেছে। প্রশাসন তাদের চাঁদের গাড়িতে (জিপগাড়ি) করে গ্রামে ফেরার ব্যবস্থা করেছে। পানছড়ি সাঁওতালপাড়ায় লঙ্গরখানার উদ্যোক্তা কালাচাঁদ চাকমা বলেন, ‘আমরা নিজেরাই উদ্যোগী হয়ে একটি ত্রাণ গ্রহণ ও বিতরণ কমিটি গঠন করেছি। এর উদ্যোগে বিভিন্ন গ্রামের প্রতিটি বাড়ি থেকে চাল, ডাল, টাকা-পয়সা সংগ্রহ করে উদ্বাস্তুদের খাবারের ব্যবস্থা করেছি।’