মাটিরাঙ্গায় শ্রমিক দল ও কাউখালীতে ছাত্রদল নেতা নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলায় অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় গতকাল শনিবার ভোরে মাটিরাঙ্গা উপজেলা শ্রমিক দলের সভাপতি সিরাজুল ইসলাম (৬০) নিহত হয়েছেন। ঘটনার জন্য নিহত সিরাজুলের পরিবার ও বিএনপির পক্ষ থেকে যুবলীগের কর্মীদের দায়ী করা হয়েছে।এদিকে পিরোজপুরের কাউখালী উপজেলা ছাত্রদলের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক তারিফুর রহমান গতকাল অপহূত হওয়ার পর সন্ত্রাসীদের হামলা ও নির্যাতনে মারা গেছেন। পারিবারিক সূত্র জানায়, সিরাজুল ইসলাম গত শুক্রবার সন্ধ্যায় ওষুধ কিনতে মাটিরাঙ্গা বাজারে যান। এ সময় বেলালের নেতৃত্বে ছয়-সাতজনের একটি দল সিরাজের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। তাঁকে প্রথমে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে গভীর রাতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ভোর চারটায় ওই হাসপাতাল গেটে তাঁর মৃত্যু হয়। বেলাল যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্থানীয়ভাবে জানা গেছে। মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মাটিরাঙ্গা থানায় মামলা হয়েছে। এদিকে খাগড়াছড়ি জেলা বিএনপি এক সংবাদ সম্মেলনে এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে। পুলিশ ও সংশ্লিষ্ট একাধিক সূত্রমতে, কাউখালী উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শেখ মিরাজ ও তারিফুর রহমান গতকাল সাড়ে তিনটার দিকে পিরোজপুর থেকে কাউখালী ফেরার পথে পিরোজপুর-বরিশাল সড়কের বেকুটিয়া ফেরিঘাট এলাকা থেকে সন্ত্রাসীরা তারিফুর রহমানকে অপহরণ করে। শেখ মিরাজ জানান, ‘পিরোজপুর থেকে তারিফুর ও আমি কাউখালীতে ফিরছিলাম। একটি ট্রলারে করে নদী পার হয়ে অপর প্রান্তে (কাউখালী প্রান্তে) পৌঁছার সঙ্গে সঙ্গে জনৈক সেলিমসহ আরও কয়েকজন মিলে তারিফুরকে অপহরণ করে আরেকটি ট্রলারে নিয়ে যায়।’ কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান জানান, ‘তারিফুর রহমান অপহূত হয়েছেন—এ খবর পেয়ে আমরা বেকুটিয়া ফেরিঘাট এলাকা থেকে এক কিলোমিটার দূরে একটি ইটভাটার কাছ থেকে তাঁকে উদ্ধার করে প্রথমে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাত সাড়ে আটটার দিকে তারিফুর মারা যান।’ কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক জানান, তারিফুরের বুক ও হাঁটুতে গুরুতর জখম ছিল। তাঁকে অপহরণ করে নির্যাতনের কোনো কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তারিফুর কাউখালী কলেজপাড়া এলাকার মতিউর রহমানের দ্বিতীয় ছেলে। তাঁর মৃত্যুর খবর পিরোজপুরে পৌঁছালে বিএনপি তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করে।