মাঠ ছাড়ব না, লক্ষ জনতাই আমার সেনাবাহিনী: আইভী
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েন না হলে নির্বাচন করবেন কি না, এমন প্রশ্নের উত্তরে মেয়র পদপ্রার্থী সেলিনা হায়াত্ আইভী বলেছেন, ‘আমি নির্বাচন করবই। শামীম ওসমানকে আমি মাঠ ছেড়ে দেব না। লক্ষ জনতাই আমার সেনাবাহিনী।’ আজ শুক্রবার বিকেলে তিনি এ কথা বলেন।এদিকে বিকেল পর্যন্ত সেনা মোতায়েন না হওয়া প্রসঙ্গে আইভী জানান, এখনো তিনি নির্বাচন কমিশনে ওপর আস্থা রাখছেন। আজ শুক্রবার বিকেলে এক জরুরি সংবাদ সম্মেলনে সম্মিলিত নাগরিক পরিষদের নেতারা বলেন, সেনা মোতায়েন না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। পরিষদের সদস্যসচিব রাফিউর রাব্বি বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার বলেছিলেন আজ ভোর ছয়টা থেকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় সেনা মোতায়েন করা হবে। আমরা যত দূর জানি ১৯ নম্বর ব্যাটালিয়ন তৈরি ছিল। কিন্তু কী কারণে, কার নির্দেশে, কেন সেনা মোতায়েন হলো না—সেটা আমাদের প্রশ্ন। নির্বাচনে যদি সেনা মোতায়েন না হয় তাহলে বুঝতে হবে কমিশন স্বাধীন, শক্তিশালী ও নিরপেক্ষ নয়।’শহর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘নারায়ণগঞ্জের মানুষ সন্ত্রাসী-মাস্তানদের খপ্পর থেকে মুক্ত থাকবে বলে সেনা মোতায়েনের দাবি করেছিল। আমরা এখনো আশা রাখি ও বিশ্বাস করি, নির্বাচন কমিশন তার প্রতিশ্রুতি এবং জনগণকে দেওয়া ওয়াদা পূরণ করবে। আর তা নাহলে পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠতে পারে।’