মাঠ থাকলেও খেলার জায়গা নেই ছাত্রদের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েকটি বড় মাঠ থাকলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খেলাধুলার যথেষ্ট সুযোগ পাচ্ছেন না। কেন্দ্রীয় খেলার মাঠসহ বড় মাঠগুলো নিয়মিত ভাড়া দিচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আর সংস্কারের অভাবে অন্যগুলো ব্যবহারের অনুপযোগী হয়ে আছে। এর ওপর রয়েছে বহিরাগত লোকজনের আনাগোনা।শিক্ষার্থীরা বলেছেন, ক্লাবসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ক্রীড়া অনুশীলন, প্রতিযোগিতা এবং নানা অনুষ্ঠানের জন্য নিয়মিত ব্যবহূত হচ্ছে বিশ্ববিদ্যালয়ের মাঠগুলো। শারীরিক শিক্ষা কেন্দ্রের কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন প্রশাসনের কাছে অভিযোগ করেও ফল পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ব্যবহারের অনুপযোগী মাঠগুলো সংস্কারের দিকেও দৃশ্যত খেয়াল নেই কর্তৃপক্ষের।ক্লাবের কাছে ভাড়া: কেন্দ্রীয় মাঠটিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে মোট চারটি বড় খেলার মাঠ রয়েছে। অন্যগুলো হলো: জগন্নাথ হল, জহুরুল হক হল ও হাজী মুহম্মদ মুহসীন হলসংলগ্ন খেলার মাঠ।কেন্দ্রীয় খেলার মাঠটি অনেক আগে থেকেই ক্লাবসহ বাইরের প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়। প্রয়োজনীয়সংখ্যক মাঠের অভাবের কারণে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দ্বারস্থ হয়ে থাকে। বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা কেন্দ্র সূত্রে জানা যায়, সম্প্রতি বাংলাদেশ জুট মিলস করপোরেশনের (বিজেএমসি) কাছে নয় মাসের জন্য ভাড়া দেওয়া হয়েছে এ মাঠটি। বিজেএমসি তাদের ফুটবল ক্লাবের নিয়মিত অনুশীলনের জন্য মাঠটি ব্যবহার করবে। এর আগে সেটি অনেক দিন ভাড়া ছিল মোহামেডান ফুটবল ক্লাবের কাছে। এ মাঠেরই একটি অংশে প্রথম শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা চালায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন মাঠের দক্ষিণ-পূর্ব কোণজুড়ে চলছে একটি নির্মাণপ্রতিষ্ঠানের মসলা তৈরির কাজ।ঢাকা বিশ্ববিদ্যালয়ের হকি দলের খেলোয়াড় সজল দাস প্রথম আলোকে বলেন, ‘বিকেলে মাঠ দখল করে থাকেন ক্লাবের খেলোয়াড়েরা। তাই আমরা খেলার জায়গা পাই না।’ সজল বলেন, এমনও হয়েছে যে আন্তবিশ্ববিদ্যালয় প্রতিযোগিতার জন্য অনুশীলন শুরু করতে না-করতেই কর্তৃপক্ষের নির্দেশে মাঠ ছেড়ে দিতে হয়েছে ক্লাবকে।শিক্ষার্থী শামসুল কবির বলেন, প্রায় সব সময়ই পূর্বঘোষণা ছাড়া ব্যায়ামাগারসংলগ্ন বাস্কেটবল কোর্টটি ভাড়া দেওয়া থাকে। এ কারণে শরীরচর্চা করতে গিয়ে শিক্ষার্থীদের বাইরে দাঁড়িয়ে থাকতে হয়।শরীরচর্চা কেন্দ্রে খোঁজ নিয়ে জানা যায়, বিসিবি প্রতিটি খেলার জন্য বিশ্ববিদ্যালয়কে পাঁচ হাজার টাকা করে দেয়, আর বিজেএমসি প্রতি মাসের জন্য দেয় ৩৫ হাজার টাকা।শারীরিক শিক্ষা কেন্দ্রের সহকারী পরিচালক ও বিজেএমসি ফুটবল দলের কোচ এস এম জাকারিয়া দুই মাসের জন্য ভাড়া দেওয়া হয়েছে দাবি করে প্রথম আলোকে বলেন, খেলার মাঠ ব্যবহারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই অগ্রাধিকার পায়। এরপর ক্লাব। শিক্ষার্থীরা যেকোনো সময় খেলতে চাইতে পারে, তখন কী হবে জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি।মাঠগুলোর অবস্থা: হাজী মুহম্মদ মুহসীন হলের খেলার মাঠের একদিকে হলের বর্ধিত ভবন নির্মাণ করায় এটির আয়তন কমে গেছে। তার ওপর একদিকে রেজিস্ট্রার, সিনেট ভবনসহ আশপাশের বিভিন্ন স্থানের আবর্জনা ফেলা হচ্ছে বলে তা আরও সংকুচিত হয়ে গেছে। বছরের পর বছর ধরে মাঠটির কোনো সংস্কার করা হয়নি বলে জানিয়েছেন শিক্ষার্থীরা। মাঠটি ছোট-বড় গর্ত আর ইটের টুকরোয় ভরা। খেলতে গিয়ে প্রায়ই হোঁচট খেতে হয় শিক্ষার্থীদের। ছাত্ররা জানান, মাঠটি উন্মুক্ত থাকায় তা দিনের অধিকাংশ সময় নীলক্ষেত ও পুরান ঢাকা থেকে আসা বহিরাগত লোকজনের দখলে থাকে। এ ছাড়া মাঠের একদিকে পাকা রাস্তা থাকলেও নীলক্ষেত এলাকায় সহজে যাতায়াতের জন্য শিক্ষার্থীরা মাঠটি ব্যবহার করেন ‘বাইপাস’ রাস্তা হিসেবে। এ কারণে মাঠের ক্ষতি হওয়া ছাড়াও খেলাধুলায় বিঘ্ন ঘটে।মুহসীন হলের প্রাধ্যক্ষ আলী আক্কাস বলেন, চারদিকে দেয়াল না থাকায় মাঠটি অরক্ষিত। বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগকে বারবার বিষয়টি জানানো হয়েছে। কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি জানান।জগন্নাথ হল ও জহুরুল হক হলের খেলার মাঠ দুটি হলের ভেতরে দেয়াল দিয়ে ঘেরা। তবু সেখানে সব সময় খেলার সুযোগ হয় না শিক্ষার্থীদের। জগন্নাথ হলের মাঠে আন্তবিভাগীয় ছাড়াও বাইরের বিভিন্ন ক্লাবের খেলা চলে। এ কারণে প্রতিযোগিতায় অংশগ্রহণ ছাড়া সাধারণ শিক্ষার্থীরা মাঠে খেলাধুলার তেমন সুযোগ পান না। হলের ছাত্রদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের কোনো প্রতিযোগিতা না থাকলে বাইরের বিভিন্ন ক্লাবের কাছে মাঠ ভাড়া দিয়ে দেওয়া হয়। তাই ইচ্ছা থাকলেও খেলা যায় না।জহুরুল হক হলের মাঠটিও ক্লাবের কাছে ভাড়া দেওয়া হয়। এ নিয়ে অপ্রীতিকর ঘটনাও ঘটেছে। কিছুদিন আগে হল কর্তৃপক্ষ মাঠটি একটি ফুটবল ক্লাবকে ভাড়া দেয়। শিক্ষার্থীরা খেলতে গিয়ে বাধার সম্মুখীন হন। তখন ক্ষুব্ধ হয়ে তাঁরা ওই ক্লাবের খেলোয়াড়দের মাঠ থেকে বের করে দেন। এই মাঠটির সমস্যাও আছে। নিচু হওয়ায় বৃষ্টি হলেই পানি জমে যায়।জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অজয় কুমার দাস বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ীই খেলার মাঠ ভাড়া দেওয়া হয়। এ থেকে পাওয়া অর্থের ৪০ শতাংশ হলের তহবিল ও ৬০ শতাংশ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় তহবিলে জমা পড়ে বলে জানান তিনি।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল আর জসীমউদ্দীন হলের মধ্যে রয়েছে একটি ছোট মাঠ। এর একদিকে জমে আছে ময়লার স্তূপ। নির্মীয়মাণ নতুন ছাত্র হলের ময়লা আর বঙ্গবন্ধু হলের পাশে খনন করা পুকুরের মাটি জমা করা হয়েছে এখানে। এ কারণে দীর্ঘদিন ধরে মাঠটি ব্যবহার করতে পারছেন না ছাত্ররা। মাঠজুড়ে রয়েছে গর্ত আর ইতস্তত ছড়ানো ইটের টুকরো।কবি জসীমউদ্দীন হলের প্রাধ্যক্ষ আখতারুজ্জামান বলেন, প্রতিবছরই মাটি ফেলে মাঠ ঠিক করা হয়। কিন্তু আশপাশে নির্মাণকাজ চলায় বছর খানেক ধরে তা সংস্কার করা যাচ্ছে না। শিগগিরই মাঠ সংস্কারের বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনিএ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পোর্টস বোর্ডের চেয়ারম্যান ও সহ-উপাচার্য হারুন-অর-রশিদ বলেন, বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠগুলো ছাত্রদের জন্য। তারা খেলাধুলার জায়গা না পেলে বিষয়টি খুবই দুঃখজনক। শিগগিরই এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।