মাঠ দিবসের নামে বর্গাচাষির টাকায় ভূরিভোজ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপাদেয় সব পদ ছিল খাবারের তালিকায় —বিন্নি ও চিনিগুঁড়া চালের ভাত, মুরগির রোস্ট, কৈ মাছ ভাজা, পুঁটি মাছ ভাজা, গরুর ভুনা মাংস, মুড়িঘণ্ট, সবজির ব্যঞ্জন ও দই। পাকা বাবুর্চি এনে এসব খাবারের আয়োজন করা হয়। অতিথিদের জন্য ডেকোরেটর ভাড়া করে শামিয়ানার ভেতর সাজানো হয় চেয়ার-টেবিল। ভাড়া করা হয় মাইক ও ভিডিও ক্যামেরা। এই আয়োজন বিয়ের অনুষ্ঠান বা কোনো জাঁকালো উত্সবের জন্য নয়, গতকাল বৃহস্পতিবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠ দিবসের কর্মসূচিতে আসা অতিথিদের জন্য। স্থানীয় বেড়া ঘাগটিয়া হাওরের মাঠে এই অনুষ্ঠান ও পরে একটি বাড়িতে ভূরিভোজের আয়োজন করা হয়। উপরোধে এই ঢেঁকি গিলেন সিলেটের বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের নিয়ামতপুরের বর্গাচাষি আফরোজ আলী। ধার-দেনা করে পুরো আয়োজনের খরচ বহন করেন তিনি, যা তাঁর করার কথা নয়। মাঠ দিবসে সাধারণত কৃষকদের সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা এবং নতুন কৃষি প্রযুক্তির সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দেওয়া হয়।সরেজমিনে জানা যায়, কয়েক দিন আগে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কার্যালয় থেকে আফরোজ আলীকে তাঁর এলাকার কৃষকদের নিয়ে গুটি ইউরিয়ার প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করতে বলা হয়, যা হবে মাঠ দিবসের অনুষ্ঠান। অতিথিদের জন্য ভূরিভোজেরও আয়োজন করতে বলা হয় তাঁকে। খাবারে যেসব পদ থাকবে তাও বলে দেওয়া হয়। কৃষি সম্প্রসারণ কার্যালয় থেকে এ ব্যাপারে সহযোগিতা করা হবে বলে আফরোজ আলীকে আশ্বাস দেওয়া হয়। সে অনুযায়ী গতকাল ঘাগটিয়া হাওরের মাঠে এই অনুষ্ঠানের আয়োজন করেন আফরোজ আলী।দুপুর একটার দিকে অতিথিরা সেখানে যান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক জহুরুল ইসলাম, উপপরিচালক আনোয়ার হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল আলম ও আফরোজ আলী। আফরোজ আলীর উদ্যোগে এই অনুষ্ঠান হলেও ব্যানারে আয়োজক হিসেবে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের নাম লেখা হয়। আফরোজ আলীর নাম ছিল সহযোগিতার স্থানে। ক্ষুব্ধ হয়ে আফরোজ আলী এ ব্যাপারে অতিথিদের দৃষ্টি আকর্ষণ করেন। ‘এটি কোনো ব্যাপার না’ বলে তাঁকে সান্ত্বনা দেন অতিথিরা। পরে অতিথিরা চাষ করা জমিতে গিয়ে গুটি ইউরিয়ার প্রযুক্তিগত প্রয়োগ পদ্ধতি দেখেন।দুপুর দুইটার দিকে নিয়ামতপুর গ্রামের মুজিবুর রহমানের বাড়িতে ভূরিভোজ চলে। আফরোজ আলীর বসতবাড়ি গ্রামের একটু ভেতরে হওয়ায় সড়কের পাশে মুজিবুরের বাড়িতে ভোজের আয়োজন করা হয়।ভোজে অংশ নেন অতিরিক্ত পরিচালক জহুরুল ইসলাম, উপপরিচালক আনোয়ার হোসেন, ইউএনও রফিকুল আলম, দক্ষিণ সুরমার জালালপুর ইউপি চেয়ারম্যান সুলেমান হোসেন, ইউপি সদস্য আবদুল জলিল, উপজেলা কৃষি কর্মকর্তা কাজী মুজিবুর রহমান, বেসরকারি সংস্থা আইএফডিসির কর্মকর্তা আবদুল মান্নান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মশিউর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুর রহমান, আবদুল মান্নান, কর্মকর্তাদের তিনজন গাড়িচালক, অফিসের পিয়নসহ অর্ধশতাধিক মানুষ। অনুষ্ঠানের দৃশ্য ধারণে আড়াই হাজার টাকা ভাড়ায় ভিডিও ক্যামেরা নিয়ে আসা হয় সিলেট শহর থেকে।উপস্থিত কৃষকদের মধ্যে জিলাপি ও শিঙাড়ার ১৫০ প্যাকেট নাশতা বিতরণ করা হয়। খাওয়া শেষে জহুরুল ইসলাম ও রফিকুল আলম চলে যান। আনোয়ার হোসেন কয়েকটি বোরো খেত ঘুরে দেখেন। বেলা তিনটার দিকে তিনিও চলে যান।আফরোজ আলী জানান, তাঁর নিজের জমি না থাকায় প্রবাসী ভাতিজার আট একর ৫৪ শতক জমি বর্গা নিয়ে ধান চাষ করছেন। এবার চাষাবাদের জন্য তাঁর কাছ থেকে তিনি এক লাখ ৩০ হাজার টাকা ঋণ নিয়েছেন। গতকালের অনুষ্ঠানে তাঁর খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। খরচের পুরো টাকাই তিনি ধার করেন। মাঠ দিবস অনুষ্ঠানে উপস্থিত হায়দরপুর গ্রামের কৃষক আমির আলী বলেন, অনুষ্ঠানের সবকিছু আফরোজ আলীর নিজের টাকায় হয়েছে।আফরোজ আলী বলেন, ‘আমারে একটা অনুষ্ঠানের আয়োজন করার ও মেমান (মেহমান) যারা আইবা (আসবেন) তারার লাগি খানির (খাবারের) ব্যবস্থা করার কথা কইছইন (বলেন) অফিসারে। প্যান্ডেল মাইক চেয়ার ভাড়া করি আনছি। খানির (খাবার) তালিকা তারা বানাইয়া দিছন (বানিয়ে দিয়েছেন)। তারার কথা মত অনেক কষ্ট করি আমি খানির ব্যবস্থা করছি। এই টেকাটাও (টাকা) ভাতিজার কাছ থাকি ঋণ করছি। হকলতা আমি করলাম আর নাম তারার।’ কৃষি কর্মকর্তার কথামতো টিভি চ্যানেলের ক্যামেরাম্যানকে এক হাজার টাকা দেননি বলে জানান আফরোজ।কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক জহুরুল ইসলাম বলেন, ‘এসব অনুষ্ঠানে অনেকে খাসি জবাই করেও খাওয়ায়। এটা তেমন কিছু নয়। কৈ মাছ কেউ ভেজে রাখলে আমি কী করব? তবে আমি বলেছিলাম, খোলা মাঠে বসে আলাপ করব। কিন্তু গিয়ে দেখি, প্যান্ডেল বেঁধে চেয়ার-টেবিল বসিয়ে মাইক লাগিয়েছে। আমি যেতে চাইনি, এলাকাটা আমার পরিচিত হওয়ায় গিয়েছিলাম।’ইউএনও রফিকুল আলম বলেন, ‘অনুষ্ঠানের খরচের টাকা ওই বর্গাচাষি দিয়ে থাকলে তা ঠিক হয়নি। বিষয়টি আমি জানতাম না।’