মাঠ প্রশাসন আতঙ্কে, নিরাপত্তা চেয়ে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দেশের মাঠ প্রশাসনের কর্মকর্তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। গত কয়েক দিনের সহিংস ঘটনা, সরকারি কার্যালয় ও কর্মকর্তা-কর্মচারীদের ওপর হামলার ঘটনায় স্থানীয় প্রশাসনে প্রচণ্ড আতঙ্ক বিরাজ করছে। এ অবস্থায় কেন্দ্র থেকে মাঠ প্রশাসনের কর্মকর্তাদের আরও সতর্ক হয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।গত চার দিনে প্রায় ৪০টি জেলা থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছেন জেলা প্রশাসকেরা। চিঠিতে তাঁরা জামায়াত-শিবিরের সহিংসতা তুলে ধরে পরিস্থিতি মোকাবিলায় সরকারের সহায়তা কামনা করেন। জেলা প্রশাসকেরা পরিস্থিতি সামাল দিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র‌্যাব, আর্মড পুলিশ ব্যাটালিয়ন ফোর্স (এপিবিএন) ও কিছু জায়গায় সেনাবাহিনী মোতায়েনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন। বিভাগীয় কমিশনাররাও একই ধরনের সহায়তা চেয়ে চিঠি পাঠিয়েছেন।সরকারি কর্মকর্তারা তাঁদের নিজেদের ও পরিবার-পরিজনের নিরাপত্তা, সরকারি সম্পদ ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। বাসাবাড়িতেও হামলার আশঙ্কা করা হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদারকি সেলে এসব চিঠি আসার পর এ বিষয়ে ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঞা প্রথম আলোকে বলেন, মাঠ প্রশাসনের কর্মকর্তাদের করণীয় সম্পর্কে বলাই আছে। তার পরও বর্তমান অবস্থায় ঘটনা ধরে ধরে (যেখানে সমস্যা) প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এ পরিস্থিতিতে সরকার একটি বিশেষায়িত বাহিনী করার উদ্যোগ নিয়েছে বলেও জানা গেছে। এই বাহিনীতে সব বাহিনীর সদস্যসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষকেও অন্তর্ভুক্ত করার চিন্তা রয়েছে সরকারের। গত ২৮ ফেব্রুয়ারি একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর ফাঁসির আদেশের পর থেকেই সারা দেশে জামায়াত-শিবির তাণ্ডব শুরু করে। পুলিশ ও স্থানীয় প্রশাসনসহ সরকারের বিভিন্ন সম্পদ ও স্থাপনা তাদের লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। কয়েক দিনে পুলিশের পাশাপাশি জনপ্রশাসনের কর্মকর্তারাও হামলার শিকার হয়েছেন। জয়পুরহাটের পাঁচবিবি, কক্সবাজার ও কুষ্টিয়ার ভেড়ামারার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ওপর এর মধ্যে হামলা হয়েছে।জানতে চাইলে বগুড়ার জেলা প্রশাসক সারোয়ার মাহমুদ বলেন, ‘এখানে এখনো কিছুটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জামায়াত-শিবিরের লোকজন সাধারণ মানুষকে ভুল বোঝাচ্ছে। প্রত্যেক নাগরিক নিজ নিজ বাড়িতে নিরাপত্তা চান। কিন্তু এত বাহিনী তো মোতায়েন করা সম্ভব নয়। আমরা এলাকাবাসীকে সতর্ক থাকতে বলেছি।’আরও হামলা হতে পারে বলে আশঙ্কা করছেন জেলা প্রশাসকেরা। তাঁরা ইউএনওসহ সব পদস্থ কর্মকর্তাকে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন। যোগাযোগ করা হলে খুলনার জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন বলেন, পরিস্থিতি অনুকূলে রাখতে অতিরিক্ত বাহিনী চাওয়া হয়েছে। একই সঙ্গে ইউএনওসহ অন্য কর্মকর্তাদের সতর্ক থাকতে বলা হয়েছে। রংপুর বিভাগের একজন জেলা প্রশাসক বলেন, বর্তমানে যে পরিস্থিতি, তাতে সতর্ক তো থাকতেই হবে।টাঙ্গাইল জেলার একটি ইউএনওর কার্যালয় সূত্রে জানা গেছে, সেখানে হামলার আশঙ্কায় তাঁদের সতর্ক থাকতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে।গতকাল সচিবালয়ে প্রশাসনের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা হলে তাঁরা বলেন, রাজধানীর পরিস্থিতি কিছুটা ভালো হলেও জেলা পর্যায়ে সন্ধ্যার পর থেকেই ভয় বাড়তে থাকে। দিনের বেলা সরকারি অফিসগুলোতে ভয়ের মধ্যে কাজ করছেন কর্মকর্তা-কর্মচারীরা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, কয়েকজন জেলা প্রশাসক জানিয়েছেন, তাঁরা সারাক্ষণই আতঙ্কের মধ্যে সময় পার করছেন। জানতে চাইলে জনপ্রশাসনসচিব আবদুস সোবহান সিকদার প্রথম আলোকে বলেন, বর্তমান পরিস্থিতিতে সবাইকেই সতর্ক থাকতে হবে। কারণ, এ ধরনের সহিংসতা এক এলাকা থেকে আরেক এলাকায় ছড়িয়ে পড়ছে। তাই ইউএনওদের পুরো উপজেলার খোঁজখবর রাখতে হবে। নিরাপত্তা চেয়ে চিঠি: রাজশাহী থেকে বিভাগীয় কমিশনার আবদুল মান্নান তাঁর অধীন বিভিন্ন জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৪ প্লাটুন এপিবিএন ফোর্স মোতায়েন করার অনুরোধ জানিয়েছেন। চিঠিতে বলা হয়, জামায়াত-শিবির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে (কেপিআই) হামলা করে সরকারি সম্পদ নষ্ট করছে। ইতিমধ্যে জেলার বিভিন্ন উপজেলা সদর আক্রান্ত হয়েছে। এই বিভাগের অতিরিক্ত কমিশনার স্বপন কুমার রায় বিভাগীয় কমিশনারের কার্যালয় ও বাসভবনে নিরাপত্তা দিতে আনসার সদস্য চেয়ে চিঠি পাঠান।নাটোরের জেলা প্রশাসক মো. জাফর উল্লাহ পুলিশ ফোর্সের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি সদস্য চেয়েছেন।লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মিজানুর রহমান জানিয়েছেন, জামায়াতে ইসলামী বিভিন্ন জায়গায় যেভাবে আগুন দিচ্ছে, তাতে র‌্যাব মোতায়েন জরুরি। এ জন্য তিনি র‌্যাব সদস্য চেয়েছেন।জয়পুরহাটের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ ইয়াছিন। তিনি উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রথমে সেনাবাহিনী চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ফ্যাক্স বার্তা পাঠান। পরে আরেকটি চিঠিতে জানান, বর্তমানে তিন প্লাটুন বিজিবি সেখানে মোতায়েন রয়েছে। কিন্তু পরিস্থিতির অবনতি হওয়ায় আরও বিজিবি মোতায়েন করা আবশ্যক। এ ছাড়া দিনাজপুর, সিরাজগঞ্জ, কুড়িগ্রাম, নওগাঁ, নরসিংদী, ফেনী, পটুয়াখালী, কক্সবাজার, গাইবান্ধা, কুমিল্লা, সাতক্ষীরা, চাঁপাইনবাবগঞ্জ, চাঁদপুরের জেলা প্রশাসনও অতিরিক্ত বাহিনী মোতায়েনের অনুরোধ জানিয়েছে।এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, ‘আমরা তাঁদের চিঠি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। জেলাগুলোর পরিস্থিতি পর্যবেক্ষণ ও তাৎক্ষণিক প্রয়োজন মেটাতে তদারকি সেল খোলা হয়েছে।এ ছাড়া পুলিশের মহাপরিদর্শকের কার্যালয় থেকে বিভিন্ন সময়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে ঢাকা মহানগরেও বিজিবি মোতায়েনের অনুরোধ জানানো হয়েছে।