মাঠপর্যায়ের পুলিশ আরও কঠোর হচ্ছে
জামায়াত-শিবিরের হামলার এক দিনেই চার পুলিশ নিহত ও কমপক্ষে ৭০ জন আহত হওয়ার ঘটনা নিয়ে উদ্বিগ্ন পুলিশ প্রশাসনের কর্মকর্তারা। এ ধরনের হামলা এড়াতে মাঠপর্যায়ের পুলিশকে আরও কঠোরভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক প্রথম আলোকে বলেন, পুলিশই এখন জামায়াতের হামলার মূল লক্ষ্য। যেহেতু পুলিশ তাদের নাশকতার পরিকল্পনাগুলো ব্যর্থ করে দিচ্ছে, তাই তারা আতঙ্ক ছড়াতে পুলিশের ওপর হামলা করছে।গত বৃহস্পতিবার মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পরপরই জামায়াত-শিবিরের কর্মীরা সারা দেশে একযোগে পুলিশের ওপর হামলা চালাতে শুরু করেন। এর মধ্যে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার পুলিশ তদন্ত কেন্দ্রে হামলা চালালে তিন পুলিশ সদস্য নিহত হন। চট্টগ্রামের লোহাগাড়ায় পুলিশ সদস্যকে একটি ঘরে আটক করে আগুন ধরিয়ে দেওয়ার চেষ্টা চালানো হয়। পরে একজনকে কুপিয়ে খুন করা হয়। ঝিনাইদহের কোটচাঁদপুরের তিন পুলিশ সদস্যকে খুন করার চেষ্টা করা হয়। এ ঘটনায় আহত ওই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা এখনো সংজ্ঞাহীন। এ ছাড়া গতকাল দেশের বিভিন্ন স্থানে আরও ৭০ জন পুলিশ কমবেশি আহত হন। এঁদের মধ্যে নয়জনের অবস্থা গুরুতর।পুলিশ সূত্র জানায়, নিহত চার পুলিশ সদস্যকে যথাযোগ্য মর্যাদায় দাফন করা হয়েছে। আহতদের মধ্যে শুক্রবার ভোরে ছয়জনকে যশোর থেকে হেলিকপ্টারে করে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে আনা হয়েছে। এ ছাড়া বগুড়ায় আহত আরও একজনকে গতকাল শুক্রবার হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়। তাঁকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব পুলিশ সদস্যকে উন্নত মানের চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।ঢাকা মহানগর পুলিশের এক উপকমিশনার নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, গত বছরের ৪ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে দেশব্যাপী গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছিলেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক জামায়াত নেতাদের মুক্তিসহ কয়েকটি দাবিতে এ কর্মসূচি ঘোষণা করা হয়। মূলত এ কর্মসূচি ঘোষণার পর থেকেই জামায়াত-শিবির মারমুখী হয়ে ওঠে। বিভিন্ন স্থানে পুলিশের ওপর চোরাগোপ্তা হামলা চালাতে শুরু করে তারা। প্রথম দিকে পুলিশ শান্তভাবে এদের মোকাবিলার চেষ্টা করলে খোদ পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ ওঠে। এর পর থেকে গত তিন মাসে দেশের বিভিন্ন স্থানে পুলিশের ওপর হামলার ঘটনায় প্রায় আড়াই শ পুলিশ আহত হয়। এসব নিয়ে পুলিশ সদস্যরা ক্ষুব্ধ ছিলেন। পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা বলেছেন, এর আগেও পুলিশের ওপর হামলা হয়েছে। তবে গতকাল সারা দেশে যেভাবে একযোগে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে, তা ছিল নজিরবিহীন। পুলিশ কর্মকর্তারা এসব ঘটনা বিশ্লেষণ করছেন। এসব এড়ানোর কৌশলও ঠিক করা হচ্ছে। মানুষের যান ও মালের নিরাপত্তা দেওয়ার জন্য গুলি ছোড়াসহ যা যা করণীয়, তা করার নির্দেশ দেওয়া হয়েছে। জানতে চাইলে পুলিশের মহাপরির্দক হাসান মাহমুদ খন্দকার প্রথম আলোকে বলেন, যারা সমাজবিরোধী কাজ করছে, যারা আইন লঙ্ঘন করছে, বা যারা নাশকতা তৈরির চেষ্টা করছে, তাদের কঠোর হাতে দমন করা হচ্ছে। আইন প্রয়োগের ক্ষেত্রে কাউকে ছাড় দেওয়া হবে না।