মাঠে এখন মেয়েদের ক্রিকেট-যজ্ঞ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ নভেম্বর মাঠে গড়াল মহিলা বিশ্বকাপ ২০১৩-এর বাছাইপর্বের খেলা। বাংলাদেশের মাটিতে ফের শুরু হলো আরেক ক্রিকেট-যজ্ঞ। এই যুদ্ধের সেনানি সবাই নারী। এতে নাম লিখিয়েছে বিশ্বের ১০টি মহিলা ক্রিকেট দল—জাপান, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, হল্যান্ড, জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র, ওয়েস্ট ইন্ডিজ, আয়ারল্যান্ড ও স্বাগতিক বাংলাদেশ।২০১৩ সালে ভারতে বসবে মহিলা বিশ্বকাপের চূড়ান্ত পর্ব। এরই মধ্যে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত ও নিউজিল্যান্ড। আর এই বাছাইপর্বের সেরা চার দল পাবে চূড়ান্ত পর্বে ওই চারটি দলের সঙ্গে লড়াই করার টিকিট। এ ছাড়া বাছাইপর্বের সেরা চার দলের শীর্ষ দুই দল পাবে আগামী বছর শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ। যদি এই দুই দলের একটি বা দুটিই (শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ) আগে থেকেই টি-টোয়েন্টি নিশ্চিত করে থাকে, তাহলে ক্রমানুসারে পরের একটি বা দুটি দল পাবে সেই টিকিট। আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হলো, বাছাইপর্বের সেরা ছয়টি দল পাবে ওডিআই স্ট্যাটাস। তবে শর্ত হলো, যারা আগেই ওডিআই স্ট্যাটাস পেয়েছে, তাদের কেউ এই ছয় দলে না থাকলে তার স্ট্যাটাস বাতিল হয়ে যাবে এবং ক্রমানুসারে সেখানে অন্তর্ভুক্ত হবে নতুন দল।বাংলাদেশ এখনো নিজেদের ঝুলিতে ভরতে পারেনি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলার যোগ্যতা। তাই এবারের বাছাইপর্ব কেবল বিশ্বকাপে নাম লেখানোতেই সীমাবদ্ধ নেই বাংলাদেশের মেয়েদের কাছে। আছে ওডিআই স্ট্যাটাস লাভের বড় সুযোগ। বাংলাদেশ দলের অধিনায়ক সালমা খাতুনও বললেন তেমনটাই, ‘প্রথমে চাইব সুপার সিক্স নিশ্চিত করতে। সেটা কঠিন কিছু নয়। সবাই মিলে লড়ব আমরা।’মাঠে লড়াই চালাচ্ছেন ১০ দেশের নারীরা, অন্যদিকে মাঠের বাইরে চলছে আরও কজন নারীর লড়াই। সেই নারীদের তালিকায় আছেন বিভিন্ন দলের কোচ, ম্যানেজার ও ফিজিওরা। তাঁদের মধ্যে শ্রীলঙ্কা দলের ম্যানেজার ভানেসা ডি সিলভার নাম না বললেই নয়। মা হতে যাচ্ছেন তিনি। এত কিছুর পরও মুখে হাসি লেগে আছে তাঁর। প্রথম আলোকে তিনি বলেন, ‘মেয়েদের পাশে থাকতে পেরে ভালো লাগে। কাজটা উপভোগ করি আমি। শারীরিক সমস্যা তাই বড় কোনো বাধা নয় আমার কাছে।’ নারীদের এই প্রত্যয় এবং পরিশ্রম নিশ্চয় রঙিন করবে বিশ্বকাপ ক্রিকেটের বাছাইপর্ব। সেই সঙ্গে বর্ণিল হবে মহিলা ক্রিকেটও।