মাঠে ছিল না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীতে গতকাল বুধবার বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। হরতালে বিএনপির নেতা-কর্মীরা মাঠে না থাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে তিনটি জেলা সদরেই অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। রাস্তায় দেখা যায়নি ভারী যানবাহন।পৌর নির্বাচনে কেন্দ্র দখল, বোমাবাজি ও ব্যালট ছিনতাইসহ নানা অনিয়মের প্রতিবাদে প্রধান বিরোধী দল বিএনপি এই হরতাল ডেকেছিল। গত মঙ্গলবার এ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপির নেতা-কর্মীরা অভিযোগ করেছেন, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ-সমর্থিত বিজয়ী মেয়র প্রার্থীদের ক্যাডাররা মঙ্গলবার রাত থেকে বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা ও ভাঙচুর চালানো শুরু করেছে। পুলিশের কাছে প্রতিকার চেয়েও কোনো লাভ হচ্ছে না। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:নোয়াখালী: হরতালে নোয়াখালী শহরের অধিকাংশ দোকানপাট ছিল বন্ধ। রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি ছাড়া অন্য কোনো যানবাহন চলাচল করেনি। রাস্তাঘাটে মানুষের উপস্থিতিও ছিল কম। বিকেল চারটার পর কিছু দোকানপাট খোলে। সকালে শহরে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির সভাপতি মো. শাহজাহানের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপির নেতা মো. শাহজাহান বলেন, মঙ্গলবারের পৌর নির্বাচন ’৮৮-এর ভোট ডাকাতির নির্বাচনকেও হার মানিয়েছে। তিনি পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছেন। হরতালে অনেকটা ব্যতিক্রম চিত্র ছিল সেনবাগ উপজেলা ও প্রধান বাণিজ্যিক শহর চৌমুহনীর। সেখানকার অধিকাংশ দোকানপাট খোলা ছিল। তবে রাস্তায় ভারী কোনো যানবাহন দেখা যায়নি। দুটি স্থানে হরতালের পক্ষে কোনো পিকেটিংও হয়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি ছিল সার্বক্ষণিক। এদিকে দুপুরে গ্রামের বাড়ি থেকে শহরে আসার পথে সেনবাগের কাদরা এলাকায় ছাত্রলীগের কর্মীদের হাতে জাহাঙ্গীর আলম (৩২) নামের এক সাংবাদিক আহত হয়েছেন বলে জানা গেছে।পুলিশ সুপার হারুন-উর-রশীদ হাযারী জানান, হরতালে বিএনপির নেতা-কর্মীরা রাস্তায় নামেননি। তাই কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ফেনী: হরতালে সকাল থেকে শহরের দোকানপাট ছিল বন্ধ। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাস হয়নি। শহরে ভারী কোনো যানবাহন চলাচল করেনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রীবাহী বাস কম চলাচল করলেও মালবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের উপস্থিতি ছিল অনেকটা স্বাভাবিক। স্থানীয় লোকজন জানান, সকালে শহরের ট্রাংক রোডের জিরো পয়েন্টে ও মহাসড়কের মহিপালে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। এতে কেউ হতাহত হয়নি। তবে বেলা দেড়টার দিকে পিকেটাররা মহাসড়কের রামপুরে লাতু মিয়ার ইটভাটার কাছে চট্টগ্রাম থেকে ঢাকার বিশ্ব ইজতেমাগামী একটি বাস ও ফেনী টাউন সার্ভিসের একটি বাসসহ ১০-১২টি গাড়ি ভাঙচুর করে। এ সময় পাঁচ ব্যক্তি আহত হয়। তাদের ফেনী হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন বলেছেন, স্বতঃস্ফূর্ত ও শান্তিপূর্ণভাবে হরতাল পালিত হয়েছে। এ জন্য ফেনীবাসীকে ধন্যবাদ।লক্ষ্মীপুর: হরতালের শুরুতে লক্ষ্মীপুর শহরের ঝুমুর হল ও বিসিক এলাকায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন বিএনপির নেতা-কর্মীরা। তাঁরা সদর উপজেলার বটতলী, যাদৈইয়া, মান্দারী ও চরচামিতা এলাকায় গাছ কেটে রাস্তায় ব্যারিকেড সৃষ্টি করেন। এ সময় লক্ষ্মীপুরের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামসহ সব জেলার বাস চলাচল বন্ধ হয়ে যায়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। হরতালের সমর্থনে বেলা তিনটায় শহরের পৌর সুপার মার্কেটে বিএনপির জেলা কার্যালয়ে প্রতিবাদ সভার আয়োজন করা হয়। বিএনপির নেতা-কর্মীরা অভিযোগ করেন, পুলিশ সভায় যোগ দিতে বাধা দিয়েছে। একপর্যায়ে আবু তাহেরের ছোট ছেলে শিপলু সেখানে গিয়ে বিএনপি নেতা-কর্মীদের হুমকিও দিয়ে যান। জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশীদ বলেন, ‘শিপলু আমাকে হুমকি দিয়ে বলে, শহর ছেড়ে চলে যা। তোকে মারলে কেউ বাঁচাতে পারবে না।’ তিনি বলেন, ঘটনাস্থলে পুলিশ থাকলেও তারা শিপলুকে বাধা না দিয়ে উল্টো বিএনপির নেতা-কর্মীদের সরিয়ে দেয়। জেলা বিএনপির সহসভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সাংসদ শহীদউদ্দিন চৌধুরী ও সাংসদ আবুল খায়ের ভূঞা লক্ষীপুরবাসীকে আবু তাহেরের সন্ত্রাস প্রতিরোধে সজাগ থাকার আহ্বান জানান। তাঁরা বলেন, বিএনপির কোনো নেতা-কর্মীর ওপর হামলা হলে এখন থেকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিবাদ সভা শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের চকবাজার ও গরুহাটার প্রধান সড়ক প্রদক্ষিণ করে লামছড়িতে গিয়ে শেষ হয়।বিএনপির নেতা শহীদউদ্দিন চৌধুরী অভিযোগ করেন, জোর করে মেয়র হয়ে লক্ষ্মীপুরে নতুন করে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে চান আবু তাহের ও তাঁর ছেলেরা। তাঁরা বিএনপির নেতা-কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালাচ্ছেন। মঙ্গলবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত চালানো এসব হামলায় ৩ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী আনোয়ার, ওয়ার্ড ছাত্রদলের নেতা রকি, ২ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাধারণ সম্পাদক বাবু, পৌর ছাত্রদলের সদস্য কামাল ও ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সৈয়দসহ অন্তত ৩৫ জন আহত হয়েছেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, হরতালে শহরের কোথাও অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি। বিএনপির কার্যালয়ের সামনে আবু তাহেরের ছেলের ছাত্রদলের নেতা-কর্মীদের হুমকি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ‘সেখানে পুলিশ ছিল, আমার কাছে এমন কোনো অভিযোগ আসেনি।’ নির্বাচন-পরবর্তী সহিংসতার অভিযোগ সম্পর্কে জানতে চাইলে আবু তাহের প্রথম আলোকে বলেন, ‘প্রথম আলো তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’ রায়পুর (লক্ষ্মীপুর): রায়পুর ও রামগঞ্জ উপজেলায় হরতালের পক্ষে কোনো মিছিল হয়নি। তবে রায়পুর পৌর শহরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা হরতালবিরোধী মিছিল করেছেন। রায়পুর উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার বলেছেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছেন। তিনি বলেন, দলীয় নেতা-কর্মীরা শান্তিপূর্ণ মিছিল করার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু পুলিশি ভয়ে তা সম্ভব হয়নি। লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপিদলীয় সাংসদ নাজিম উদ্দিন আহমেদ বলেন, সর্বত্র হরতাল পালিত হয়েছে। দোকানপাট খোলা থাকলেও যানবাহন চলেনি। আওয়ামী লীগের ক্যাডারদের মহড়ায় বিএনপির কর্মীরা মিছিল করতে পারেনি। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ভূঁইয়া জানান, হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।