মাঠে নামছেন আ.লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা-৩ (লালমোহন-তজুমদ্দিন) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির কেন্দ্রীয় নেতারা নিজ নিজ দলের পক্ষে প্রচার-গণসংযোগে নামছেন। উভয় দলই এ উপনির্বাচনকে মর্যাদার লড়াই মনে করছে।এরই মধ্যে মাঠপর্যায়ে নির্বাচনী প্রচারকালে বিক্ষিপ্ত সহিংসতার খবর পাওয়া গেছে।আওয়ামী লীগ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে বলে দাবি করেছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, ‘জনগণের মন জয় করেই আওয়ামী লীগ এ নির্বাচনে জয়ী হতে সর্বাত্মক প্রচেষ্টা নেবে।’বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সরকার বলছে, তারা সুষ্ঠু নির্বাচন চায়। আমরাও তা-ই চাই। এ জন্য সেনা মোতায়েন দরকার।’নির্বাচনী প্রচারের জন্য আওয়ামী লীগের পক্ষ থেকে একটি দল গঠন করা হয়েছে। দলীয় সভাপতিমণ্ডলীর সদস্য ইউসুফ হোসেন হুমায়ুনের নেতৃত্বে এ দলে রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, কেন্দ্রীয় সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ প্রমুখ। দলটি বরগুনা ও পটুয়াখালীতে সাংগঠনিক সফর শেষ করে ১১ এপ্রিল ভোলা যাবে।দলটির পক্ষে এ উপনির্বাচনে সার্বিক তদারকির জন্য অনানুষ্ঠানিকভাবে দায়িত্ব দেওয়া হয়েছে দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদকে। তিনি প্রথম আলোকে জানান, আজ বৃহস্পতিবার তিনি ভোলা যাবেন, চার-পাঁচ দিন প্রচারণা চালিয়ে ১৪ তারিখ ঢাকায় ফিরবেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিশেষ দায়িত্ব নিয়ে গতকাল বুধবার ভোলা গেছে সাবেক আমলা মুক্তাদির চৌধুরীর নেতৃত্বে একটি দল। বিএনপি সূত্রে জানা গেছে, দলীয় প্রার্থী হাফিজউদ্দীন আহম্মেদকে বিজয়ী করতে বিএনপির কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে ব্যাপক প্রচার-প্রচারণার উদ্যোগ নেওয়া হয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে একটি দল আগামীকাল শুক্রবার নির্বাচনী এলাকায় যাবে। দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও এই দলে থাকছেন। আমাদের ভোলা প্রতিনিধি জানান, স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপির নেতারা গতকালও একে অপরের বিরুদ্ধে প্রচারে বাধা দেওয়া ও সহিংসতার অভিযোগ করেছেন।লালমোহন উপজেলা বিএনপির আহ্বায়ক এনায়েত কবীর পাটোয়ারী প্রথম আলোকে জানান, বিভিন্ন স্থানে তাঁদের নেতা-কর্মীরা ধানের শীষ মার্কায় ভোট চাইতে গেলে আওয়ামী লীগের কর্মীরা বাধা দেন। তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফাও তাঁদের ওপর হামলার অভিযোগ করেন। এদিকে তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অহিদুল্যাহ জসিম জানান, গতকাল বিএনপির সমর্থকেরা চাঁচড়া-কাটাখালী এলাকায় নৌকা মার্কার সমর্থক মো. হেজুকে (৩০) মারধর করেছেন। তিনি এখন তজুমদ্দিন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিত্সাধীন আছেন। লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম নজরুল ইসলাম অভিযোগ করেন, বিএনপির সমর্থক আবুল কাশেমের নেতৃত্বে একদল সন্ত্রাসী যুবলীগের নেতা সেলিমকে মারধর করেছে। এ ছাড়া তাঁকেও মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।