মাঠে নামা নিয়ে পরস্পরের দিকে তাকিয়ে বিএনপি-জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারের বিরুদ্ধে সর্বশক্তি নিয়ে কে আগে মাঠে নামবে—এ বিষয়ে একে অন্যের দিকে তাকিয়ে আছে বিএনপি ও জামায়াতে ইসলামী। মাঠে নামার উপলক্ষ হিসেবে দুই দলই মূলত শীর্ষস্থানীয় নেতাদের বিরুদ্ধে বিচারাধীন মামলার রায়ের প্রতি নজর রাখছে। উভয় দলের দায়িত্বশীল একাধিক সূত্র থেকে এ কথা জানা গেছে। বিএনপির সূত্রগুলো জানায়, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে বিচারাধীন দুর্নীতির মামলার রায় ঘোষণার সময় ঘনিয়ে না এলে বা আকস্মিক বড় কোনো ঘটনা না ঘটলে বিএনপি একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় পর্যন্ত ছোটখাটো কর্মসূচি দিয়ে সময় পার করতে চায়। বিএনপির নেতাদের আশঙ্কা, ডিসেম্বরের মধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের এক-দুজন নেতার সাজা হতে পারে। রায় ঘোষণার আগে-পরে জামায়াত রাজপথে হাঙ্গামা বাধাতে পারে। আর এ হাঙ্গামার দায় যাতে বিএনপির ওপর না পড়ে, সে জন্য দলটি সতর্ক।অন্যদিকে জামায়াত চায়, বিএনপি আগে নামুক। দলটির নেতারা মনে করেন, জামায়াত একা মাঠে নামলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে কুলিয়ে উঠতে পারবে না। তাই বিএনপি মাঠে নামলে জামায়াতও সর্বশক্তি নিয়ে নেমে পড়বে। এ জন্য দলটির সাংগঠনিক প্রস্তুতি আছে বলে দলীয় সূত্রগুলো জানিয়েছে। জামায়াতের একাধিক নেতা মনে করেন, খালেদা জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে চলা মামলাগুলোর শুনানি যেভাবে চলছে, তাতে দ্রুত রায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর মামলায় সাজা দিয়ে বিএনপির এ দুই শীর্ষ নেতাকে আগামী নির্বাচন থেকে সরকার দূরে রাখতে চায় বলে বিএনপির কাছেও খবর আছে। এই অবস্থায় রায় ঘোষণার সময় ঘনিয়ে এলে বিএনপিকে অস্তিত্ব রক্ষার স্বার্থে মাঠে নামতে হবে। রাজনৈতিক সূত্রগুলো মনে করে, বিএনপি ও জামায়াতের পারস্পরিক এ কৌশলী অবস্থানের কারণে আগামী ডিসেম্বর নাগাদ সরকারবিরোধী বড় ধরনের আন্দোলন গড়ে ওঠার সম্ভাবনা কম। ডিসেম্বরের পরেও সংশয় রয়েছে।অবশ্য এ কৌশলগত অবস্থানের কথা স্বীকার করতে রাজি নন দল দুটির নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রথম আলোকে বলেন, ‘আমাদের মধ্যে (বিএনপি-জামায়াত) ভালো সমন্বয় আছে, কোনো কৌশলগত অবস্থান নেই। জোটের কর্মসূচির মাধ্যমে আমরা ধাপে ধাপে এগোচ্ছি।’ দলীয় সূত্রগুলো জানায়, বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের নেতাদের একটি অংশ মনে করে, মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের সাজা হলে জামায়াতের নেতা-কর্মীরা এমনিতেই মাঠে নামবেন। তাতে রাস্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে জামায়াতের হাঙ্গামা বাধবে। আগে মাঠে নামলে এ হাঙ্গামার দায় বিএনপির ওপর বর্তাবে। এ চিন্তা থেকে বিএনপির স্থায়ী কমিটির নেতাদের একাংশ দলের চেয়ারপারসনকে কঠোর কর্মসূচি দেওয়া থেকে নিবৃত্ত করছেন বলে জামায়াতের কাছে খবর আছে। জামায়াতের নেতাদের মানবতাবিরোধী অপরাধের মামলার বিষয়ে কিছুদিন থেকে কথা বলা কমিয়ে দিয়েছেন বিএনপির নেতারা। এ ব্যাপারে ভেতরে অসন্তুষ্টি থাকলেও জামায়াতের নেতারা তা প্রকাশ করেন না। জামায়াত সূত্র জানায়, নেতাদের মামলার বিষয়ে সরকারের কঠোর অবস্থান এবং প্রধান রাজনৈতিক মিত্র বিএনপির কৌশলগত অবস্থান চিন্তায় ফেলেছে জামায়াতকে। এ সংকট কাটিয়ে উঠতে বিএনপির সঙ্গে তাল মিলিয়ে আরও কিছুদিন চুপচাপ থাকার চিন্তাভাবনা করছেন দলটির নীতিনির্ধারকেরা। তাঁরা আগামী ডিসেম্বর পর্যন্ত বিএনপিকে দেখবেন। এ সময়ের মধ্যে জোটের কর্মসূচিতে বিএনপিকে নমনীয় মনে হলে নিজস্ব কর্মসূচি নিয়ে মাঠে নামার চেষ্টা করবে জামায়াত। দলটির আশঙ্কা, এ বছরের ডিসেম্বরের মধ্যে দেলাওয়ার হোসাইন সাঈদীসহ কয়েকজন নেতার বিচারের রায় ঘোষণা হতে পারে।অবশ্য জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার প্রথম আলোর কাছে দাবি করেন, এ ধরনের কোনো কৌশলগত অবস্থানের ব্যাপারে তাঁর জানা নেই। তিনি বলেন, ‘আমাদের নেতাদের বিরুদ্ধে মামলার রায় হলে জামায়াত তখন কী করবে, সে ব্যাপারে আমরা দলীয়ভাবে সিদ্ধান্ত নেব।’জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের একটি অংশ মনে করছে, ২০০৭ সালের রাজনৈতিক পটপরিবর্তন হয়েছিল জামায়াতের নেতা-কর্মীদের ওপর লগি-বৈঠা ব্যবহার করে। এবারও জামায়াতের নেতাদের মানবতাবিরোধী মামলার রায় সামনে রেখে নতুন রাজনৈতিক পটভূমির আশঙ্কা করছেন তাঁরা। এই অবস্থায় ডিসেম্বরের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আটক নেতাদের বড় ধরনের সাজার রায় দিলে কী ধরনের প্রতিক্রিয়া দেখানো হবে, তা নিয়ে জামায়াতের নীতিনির্ধারণী পর্যায়ে বিচার-বিশ্লেষণ করা হচ্ছে। বিএনপির একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে কথা বলে জানা যায়, এ মুহূর্তে বিএনপির একমাত্র লক্ষ্য নির্দলীয় সরকারের অধীনে সংসদ নির্বাচন অনুষ্ঠান। এ দাবি শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে আগামী কয়েক মাস জনসংযোগমূলক কর্মসূচি পালন করবে বিএনপি। সে লক্ষ্যে ইতিমধ্যে ১৮ দলীয় জোটের মাসব্যাপী কর্মসূচি দেওয়া হয়েছে। এরপর আবার যৌথ কর্মসূচি দেওয়া হবে। এভাবে নির্বাচনের দোরগোড়া পর্যন্ত পৌঁছানোই বিএনপির লক্ষ্য। দলটির নীতিনির্ধারকেরা মনে করছেন, নির্দলীয় সরকারের অধীন ভোট হলে বিএনপি ক্ষমতায় যাবে। তাই নির্দলীয় সরকারের দাবি মানতে সরকারের ওপর চাপ সৃষ্টি করতে বিএনপি পশ্চিমা কূটনীতিকদের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। জানতে চাইলে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমাদের লক্ষ্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করা, এর বাইরে আমরা অন্য কিছুর সঙ্গে জড়াব না।’ মামলায় খালেদা জিয়া ও তারেক রহমানের সাজা হলে বিএনপি কী করবে—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঘটনা ঘটার পর অনেক কিছু হতে পারে। তখন তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।’